ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শহর পরিষ্কার রাখার জন্য দুটি ট্রাক কিনতে চান, ভালো কথা। কিন্তু তাদের তহবিল নেই। তাই তিনি এলাকার ২৭টি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ডেকে বৈঠক করে তাঁদের প্রতিষ্ঠানের কাছে দুই থেকে তিন লাখ টাকা করে অনুদান চেয়েছেন। চিঠিও দিয়েছেন। সাড়া না পেয়ে চার মাস পর আবার তাঁদের ডেকেছেন। উপজেলা চেয়ারম্যান এলাকার প্রভাবশালী ব্যক্তি। তিনি যদি বারবার বৈঠক করে অনুদানের কথা বলতে থাকেন, তাহলে ব্যাংক ব্যবস্থাপকেরা চাপে পড়েন। এটা একধরনের চাঁদাবাজির পর্যায়ে পড়ে।
উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ৩৫(ঙ) অনুচ্ছেদে বলা হয়েছে, উপজেলা পরিষদের তহবিলে ‘কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান’ জমা হবে। এখানে চাপাচাপির কোনো সুযোগ নেই। কেউ অনুদান ‘দিতে’ পারে, কিন্তু উপজেলা চেয়ারম্যান তা ‘আদায়’ করতে পারেন না।
টাকা চেয়ে ২৭টি ব্যাংককে চাপ দিচ্ছেন উপজেলা চেয়ারম্যানতা ছাড়া, কোনো ব্যাংকের শাখা ব্যবস্থাপক তো প্রতিষ্ঠানের সামাজিক কাজের জন্য (সিএসআর) টাকা দিতে পারেন না। বলতে হবে তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ে। উপরন্তু ঢালাওভাবে সব ব্যাংকের কাছে অনুদান চাওয়ার এই উদ্যোগের ফল মারাত্মক হতে পারে। এ ধরনের চেষ্টা যদি সব উপজেলায় শুরু হয়ে যায়, তাহলে তো দেশের ব্যাংকগুলো সব লাটে উঠবে।
উপজেলা চেয়ারম্যানের উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু পদক্ষেপটি ভুল ও প্রশ্নবিদ্ধ। ক্ষমতার অপব্যবহার, অর্থের অপচয় ও দুর্নীতির অভিযোগ ওঠার সুযোগ তিনি নিজেই সৃষ্টি করছেন।
প্রকৃতপক্ষে উপজেলা পরিষদের তহবিল সংগ্রহের বিদ্যমান নিয়মটি সংশোধন করা দরকার। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কর আরোপ করে কিছু তহবিল গঠন করতে পারে। উপজেলা পরিষদ ভূমি হস্তান্তর ফির ১ শতাংশ পায়। তাদের কর আরোপের বিধান থাকলেও এটা কার্যত স্থগিত। তাহলে কেরানীগঞ্জ উপজেলা, যেখানে পৌরসভা নেই, সেখানে আবর্জনা পরিষ্কার ও অন্যান্য কাজের তহবিল কোথা থেকে আসবে? এ বিষয়ে মন্ত্রণালয় উদ্যোগ না নিলে দুর্নীতি ও অব্যবস্থাপনাকেই উৎসাহিত করা হবে।