উন্নয়ন প্রকল্পের কয়েকটি স্তর আছে যথাক্রমে সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা গ্রহণ, ব্যয় প্রাক্কলন, কাজের মান ও সময়। যেকোনো উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে শেষ করার জন্য প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা দরকার।
কিন্তু উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নিয়েই যখন প্রশ্ন ওঠে, তখন এর উদ্দেশ্য ব্যাহত হতে বাধ্য। প্রথম আলোর খবর থেকে জানা যায়, এলজিইডি প্রকল্পের আওতায় দেশের ৩টি পৌরসভায় মাত্র ৯টি গভীর নলকূপ বসানো ও সেগুলো থেকে পানি সরবরাহে ১২০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রতিটি গভীর নলকূপের পেছনে ব্যয় পড়ছে ১৩ কোটি ১৩ লাখ টাকা। দুটি বাস টার্মিনালের পরিসর বাড়ানো ও আরেকটি নতুন করে নির্মাণে খরচ ধরা হয়েছে ১৫২ কোটি টাকা। অন্যদিকে ৬ কিলোমিটার সড়ক নির্মাণে প্রস্তাব করা হয় ১৯৫ কোটি টাকার তুঘলকি ব্যয়। এসব প্রাক্কলিত ব্যয় কেবল অস্বাভাবিক নয়, অবিশ্বাস্যও।
‘এলজিইডির কর্মকর্তারাই স্বীকার করেছেন, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স’ নামের একটি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিপরীতে ‘অনুমাননির্ভর’ খরচ দেখানো হয়েছে। সংস্থাটি একই প্রকল্পে সেতু, ওভারপাস ও উড়ালসড়ক নির্মাণ, সফটওয়্যার তৈরি এবং পরামর্শক ব্যয়ও বেশি ধরেছে। অতিরিক্ত ব্যয় দেখানোর কারণে পরিকল্পনা কমিশন এলজিইডির সব কটি প্রকল্প প্রস্তাব ফেরত পাঠিয়েছে।
এলজিইডি নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভায় অবকাঠামো উন্নয়নের প্রকল্প হাতে নেয়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৪৭ কোটি টাকা। এর মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ঋণ দেবে ২ হাজার ২১৫ কোটি টাকা। বাকি ১ হাজার ২৩২ কোটি টাকা সরকার বহন করবে। যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, অপচয় ও দুর্নীতির কথা সর্বজনবিদিত। আর বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পের ক্ষেত্রে তো কথাই নেই। ‘সরকারি কা মাল দরিয়া মে ঢাল।’
খোদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গত জানুয়ারি মাসে অর্থনৈতিক পরিকল্পনা পরিষদের বৈঠকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন, ‘আমি যেখানে যাই, সেখানেই আমাকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয়। এতে খুবই বিব্রত হই। বিরক্ত হই। দুর্নীতি তো কোনো প্রশ্নের বিষয় নয়। এটা একটা ক্রিমিনাল ম্যাটার। পকেটমার একটা ক্রিমিনাল বিষয়।’ তাঁর এসব সাবধানবাণী যে সংশ্লিষ্টদের কর্ণকুহরে প্রবেশ করেছে, তা হলফ করে বলা যাবে না।
কেবল প্রকল্প প্রস্তাবে বাড়তি ব্যয় প্রাক্কলন নয়, বাস্তবায়ন প্রক্রিয়ায়ও ব্যাপক দুর্নীতি হয়। এ বিষয়ে প্রকল্প পরিচালক ও ঠিকাদারদের মধ্যে অলিখিত আঁতাত থাকে। ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী দিলে প্রকল্প পরিচালক আমলে নেন না। অনেক সময় তাঁরা কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে বিল পরিশোধ করে থাকেন। বেশির ভাগ প্রকল্পই সময়মতো শেষ করা হয় না। কাজের মেয়াদ যত প্রলম্বিত হয়, ব্যয়ও তত বাড়ে।
আমরা মনে করি, এলজিইডির প্রকল্প প্রস্তাব ফেরত দেওয়াই যথেষ্ট নয়। যাঁরা অনুমানের ওপর ভিত্তি করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অবিশ্বাস্য ব্যয় প্রস্তাব করেছেন, তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে। কেবল এলজিইডি নয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উন্নয়নের নামে সরকারি তথা জনগণের অর্থের অপচয় করা হচ্ছে। উন্নয়নের নামে অনাচার চলতে দেওয়া যায় না।