ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার করার অনুমোদন নিয়ে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), কিডনি ডায়ালাইসিস ইউনিট চালাচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অধিকাংশেরই নেই প্রয়োজনীয় জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স-টেকনিশিয়ান, অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অবকাঠামো।
এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য নির্দিষ্ট কিছু শর্ত থাকলেও বেশির ভাগ প্রতিষ্ঠান তা মানে না। প্রথম আলোর এক খবরে জানা যাচ্ছে যে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব প্রতিষ্ঠানের কাছে পূর্ণাঙ্গ তথ্য চাইলেও সাড়া দিয়ে মাত্র ৪৪টি প্রতিষ্ঠান তথ্য দিয়েছে। অথচ এমন প্রতিষ্ঠানের সংখ্যা কয়েক হাজার। নিয়ন্ত্রণহীন ও নিয়মনীতি না মানা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায়ই অতিরিক্ত টাকা আদায়ের জন্য রোগীদের আইসিইউতে, সিসিইউতে রেখে দেওয়ার অভিযোগ উঠছে। মাঝেমধ্যে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো বা জরিমানা আদায় করা হলেও এর দৌরাত্ম্য কমছে না।
সমস্যাটি হচ্ছে এখনো দেশের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলো চলছে ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অধ্যাদেশ অনুযায়ী। অধ্যাদেশ অনুযায়ী, বেসরকারি ব্যবস্থাপনায় মেডিসিন, সার্জারি ও গাইনি অ্যান্ড অবসের চিকিৎসা দেওয়ার অনুমতি দেওয়া হয়। অধ্যাদেশটিতে বিশেষায়িত সেবা দেওয়ার কথা আলাদাভাবে কিছু বলা নেই। কিন্তু এই অধ্যাদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিশেষায়িত সেবা ইউনিট চালু করেছে। সেবা দেওয়ার নামে সাধারণ মানুষের পকেট কাটছে।
এটা ঠিক যে আমাদের দেশে জনসংখ্যার তুলনায় হাসপাতাল ও স্বাস্থ্যসেবাকেন্দ্র অনেক কম রয়েছে। কিন্তু এই সুযোগে স্বাস্থ্যসেবা দেওয়ার নামে অবৈধ বাণিজ্য চালানোর সুযোগ নেই। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরকে আরও সচেতন হতে হবে। পুরোনো অধ্যাদেশকে পরিমার্জন করে যুগোপযোগী করতে হবে। বেশি মুনাফা লোটার জন্য যারা এমন অবৈধভাবে বিশেষায়িত সেবা দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর হতে হবে।