অনুমোদনহীন হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামে অনুমোদনহীন হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র জনস্বাস্থ্যের জন্য এক গুরুতর হুমকি। অথচ এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের কোনো শিরঃপীড়া আছে বলে মনে হয় না। এসব বেসরকারি প্রতিষ্ঠান সেবার মনোভাব থেকে নয়, কেবল মুনাফা করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বললে অত্যুক্তি হবে না।এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে সাধারণত কম বিত্তশালী লোকেরাই যান। চিকিৎসাসেবা কিংবা রোগনির্ণয়-সংক্রান্ত কোনো অনিয়ম বা বিচ্যুতি তাঁদের পক্ষে চিহ্নিত করা সম্ভব হয় না। ফলে তাঁরা সহজেই প্রতারিত হন। গত বছর এমবিবিএস চিকিৎসক সেজে রোগী দেখার অপরাধে দণ্ডিত একজন নারী আগের মতোই তথাকথিত চিকিৎসা দিয়ে চলেছেন। এসব দেখার দায়িত্ব যাঁদের, তাঁদের লোকবল এবং অন্য আনুষঙ্গিক বিষয়ের ঘাটতি প্রকট।ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য এ ধরনের অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা। কিন্তু জেলা সার্জনের দপ্তর তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে কার্যত অক্ষম। ভ্রাম্যমাণ আদালতের জন্য তাদের দ্বারস্থ হতে হয় জেলা প্রশাসনের। জেলা প্রশাসনের নির্বাহী হাকিমরা চাহিদা অনুযায়ী সহজলভ্য হন না। তাঁদের যুক্তি, হাজারো দাপ্তরিক কাজের ঝক্কি সামলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হয়। তাই তাঁদের পক্ষে স্বাস্থ্য খাতের মতো নির্দিষ্ট ক্ষেত্রে মনোযোগ দেওয়া সম্ভব হয় না।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশেও সবার সামনে বেআইনি হাসপাতাল চলছে। এটা উদ্বেগজনক যে অনুমোদনের আবেদনপত্র জমা দিয়ে কিছু লোক বেআইনিভাবে স্বাস্থ্যসেবা-বাণিজ্য করে চলেছেন। সিভিল সার্জনের কার্যালয়কে ঠুঁটো জগন্নাথ বলেই মনে হয়। কারণ, তারা সিদ্ধান্তের জন্য ঢাকার দিকে তাকিয়ে থাকে। ঢাকা যেন পারতপক্ষে, বিশেষ করে দুর্নীতি রোধে, পদক্ষেপ নিতে উদাসীন থাকে। সিভিল সার্জনের দপ্তর গত বছর চারটি প্রতিষ্ঠানকে অনুমোদন পাওয়ার অনুপযোগী বলে সুপারিশ করেছিল। কিন্তু ঢাকার স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে অসাধু তৎপরতাকেই উৎসাহিত করছে।চট্টগ্রামের বেআইনি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্র চিহ্নিতকরণে অবিলম্বে একটি উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে আমরা মেয়রের দৃষ্টি আকর্ষণ করছি। বিদ্যমান আইনে নিয়মিত তদারকির যে ব্যবস্থা থাকার কথা, সেখানে বিরাট খরা চলছে বলেই প্রতীয়মান হয়।