অনুসন্ধান কমিটির স্বাধীনতাই সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অন্যতম আবশ্যিক শর্ত হচ্ছে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সময় রাষ্ট্রপতি সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর নিজেদের মধ্যে আলাপ-আলোচনার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন দল একে প্রয়োজনীয় মনে করেনি।

এই পটভূমিতে রাষ্ট্রপতি কমিশন গঠনের জন্য যোগ্য প্রার্থীদের নাম বাছাই ও সুপারিশের জন্য ছয় সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছেন। কমিশনের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি। বাকি চারজনের দুজন সাংবিধানিক পদ—মহাহিসাব নিরীক্ষক ও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এবং দুজন বিশিষ্ট শিক্ষাবিদ। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই কমিটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি মনে করে যে প্রজাতন্ত্রের লাভজনক পদে নিয়োজিত ব্যক্তি সরকারের প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারবেন না। আবার বিশিষ্ট নাগরিক হিসেবে কমিটিতে স্থান পাওয়া একজনের বিরুদ্ধে পারিবারিকভাবে আওয়ামী লীগের প্রতি আনুগত্যের অভিযোগও তোলা হয়েছে।

আশার কথা হচ্ছে, রাষ্ট্রপতি যে অনুসন্ধান কমিটি গঠন করেছেন, সেই কমিটিকে তার কার্যপদ্ধতি ঠিক করে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতা কাজে লাগিয়ে কমিটি এখন চাইলেই স্বচ্ছ ও নাগরিক সমাজের অংশগ্রহণমূলক পন্থা অনুসরণের জন্য সৃজনশীল হতে পারে। সম্ভাব্য ব্যক্তিবর্গের যোগ্যতা যাচাইয়ে জনগণের মতামত ও অবস্থান জানার কৌশল কাজে লাগানো যেতে পারে। কমিশনার পদের জন্য যেসব নাম আলোচনায় আসবে, সেগুলো গণমাধ্যমে প্রচারের মাধ্যমে তাঁদের রাজনৈতিক অতীত ও অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও তা যাচাই করা যেতে পারে।

সন্দেহ দূর করার সেরা উপায় হচ্ছে স্বচ্ছতা। আমরা আশা করি, অনুসন্ধান কমিটি স্বচ্ছতা অনুসরণের মাধ্যমে সব বিতর্কের অবসান ঘটিয়ে একটি গ্রহণযোগ্য কমিশন গঠনে তার ঐতিহাসিক দায়িত্ব পালনে সক্ষম হবে।