যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও বাংলাদেশের একদল বিজ্ঞানী গবেষণা করে জানতে পেরেছেন, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের কিছু অংশজুড়ে ভূগর্ভে বিরাট এক ফাটলরেখা বা ‘ফল্ট’ আছে। এর কারণে এই এলাকায় বেশ বড় আকারের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের আনুমানিক হিসাবে রিখটার স্কেলে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে, যার ফলে ফাটলরেখা এলাকার আশপাশে ১০০ কিলোমিটার পর্যন্ত বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
অতিমাত্রায় জনঘন দেশ হিসেবে বাংলাদেশের জন্য এ খবরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ভূমিকম্প এমন এক প্রাকৃতিক বিপর্যয়, যার মানবিক ক্ষয়ক্ষতির তারতম্য নির্ভর করে মূলত সংশ্লিষ্ট এলাকার জনঘনত্বের ওপর। অতি ঘনবদ্ধ জনবসতির ক্ষতির মাত্রা হয়ে থাকে সর্বাধিক।
ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যায় না; এ বিপর্যয় আসে বিনা মেঘে বজ্রপাতের মতো। আমাদের জন্য দুশ্চিন্তার বিষয় হলো, ভূমিকম্প মোকাবিলার অভিজ্ঞতা আমাদের কম। কারণ, এ দেশে ঘন ঘন ভূমিকম্প হয় না। ৮-৯ মাত্রা দূরে থাক, ৭ মাত্রার ভূমিকম্পের অভিজ্ঞতাও আমাদের অত্যন্ত বিরল। বিপদ লুকিয়ে আছে এখানেই।
কারণ, বড় ভূমিকম্প হঠাৎ আঘাত হানলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা যথাসম্ভব কম রাখা যাবে কী উপায়ে—এসব নিয়ে আমরা ভাবিত নই। কিন্তু ব্যাপারটি ভুলে থাকার সুযোগ নেই। অবশ্যই প্রস্তুতি নিতে হবে: কিছু দীর্ঘমেয়াদি প্রস্তুতি, কিছু তাৎক্ষণিক দুর্যোগ মোকাবিলা-বিষয়ক। প্রথমত, ঘরবাড়িসহ সব ধরনের ইমারত ও ভৌত অবকাঠামো নির্মাণে ভূমিকম্প-সহনক্ষম প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে, নগরায়ণের বিশৃঙ্খলা দূর করতে হবে। দ্বিতীয়ত, বিপদকালীন উদ্ধার-তৎপরতা, ভূমিকম্পজনিত গ্যাস-বিস্ফোরণ, অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনা মোকাবিলার সামর্থ্য-দক্ষতা বাড়াতে হবে। ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে কনটিনজেন্সি পরিকল্পনা তৈরি করে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।