অনেক সত্যই আড়াল করেছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন, তা চলমান রাজনৈতিক সংকটের ইঙ্গিত বহন করে। তাঁদের ভাষণের ওপর এখানে দুজন বিশ্লেষকের মন্তব্য প্রকাশ করা হলো:নবম জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশনটি একটি কারণে বেশ তাৎপর্যপূর্ণ আর সেটি হচ্ছে, এই প্রথমবারের মতো বিরোধী দল প্রায় পুরো সময়টা সংসদে উপস্থিত ছিল। শনিবার প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর বক্তৃতায় সরকারের নানা কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন এবং তা-ও যে সব সময় বস্তুনিষ্ঠ ছিল, তা-ও নয়। যেমন তিনি কয়েক দিন আগে দেশের চারটি সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গে বলছেন, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, হলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতো। এই প্রথম এমন একটি কথা বিরোধীদলীয় নেতার কাছ থেকে শোনা গেল। যে নির্বাচন নিয়ে কোনো পক্ষের তেমন অভিযোগ ছিল না, হঠাৎ বিরোধীদলীয় নেতার মুখ থেকে এ ধরনের কথা অপ্রত্যাশিত।খালেদা জিয়ার বক্তৃতায় যথারীতি স্থান পেয়েছে আগামী নির্বাচনের বিষয়টি। উচ্চ আদালতের নির্দেশে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে নির্বাচনের ধারাটি বাতিল করা হয়েছে। সেই বিচারের রায়ে অবশ্য বলা হয়েছিল, এই ব্যবস্থা আরও দুই মেয়াদের জন্য রাখার চিন্তা করা যেতে পারে। তবে তা হতে হবে সংসদে একটি ঐকমত্যের ভিত্তিতে এবং সেই ব্যবস্থা থেকে উচ্চ আদালতের বিচারকদের দূরে রাখতে হবে। বিরোধী দল বলছে, তত্ত্বাবধায়কব্যবস্থা ছাড়া তারা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, যদিও ইতিমধ্যে তারা একাধিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে বিজয়ী হয়েছে। সরকারি দল বলছে, পুরোনো ব্যবস্থায় আর নয়। নির্বাচিত সংসদ সদস্যদের অধীনেই নির্বাচন হবে এবং তার গঠন কী হতে পারে, তা নিয়ে সংসদে অথবা সংসদের বাইরে আলোচনা হতে পারে। এত দিন বিরোধী দল শর্ত দিয়েছিল, আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে হবে, তারপর আলোচনার কথা। এরই মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে বিরোধী দল আন্দোলনের নামে অনেক জানমালের ক্ষতি করেছে, দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা ঘটিয়েছে এবং জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে। তার পরও সরকারি দল তার অবস্থানে অনড় থেকেছে। মাঝেমধ্যে বিরোধী দল তাদের দাবি আদায়ের জন্য আলোচনার কথা বললেও তা থেকে তারা আবার দ্রুত সরে এসেছে। খালেদা জিয়া তাঁর বক্তৃতায় সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির কথা বলেছেন। এটি নিঃসন্দেহে একটি ভালো লক্ষণ। দেশের মানুষ আশা করে, আলাপ-আলোচনার মাধ্যমেই বিষয়টির একটি গ্রহণযোগ্য সুরাহা হবে। খালেদা জিয়াও বুঝেছেন, এই বিষয়টির নিষ্পত্তি করতে হলে আলোচনার মাধ্যম ছাড়া অন্য পথ খোলা নেই। তারা আসলে এত দিন তাদের শরিক দল জামায়াত দ্বারা ভুল পথে পরিচালিত হয়েছিল বলে মনে হয়। জামায়াতের এজেন্ডা যত না নির্বাচন, তার চেয়েও বেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের যে শীর্ষনেতাদের বিচার হচ্ছে, সহিংসতার মাধ্যমে তা বানচাল করা। দেশের মানুষ আশা করে, বিএনপি সত্যিই সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান খুঁজে বের করতে সরকারকে সহায়তা করবে।খালেদা জিয়ার বক্তৃতার একটি উল্লেখযোগ্য অংশ ছিল গত ৫ ও ৬ মে তারিখের মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের বিষয়টি। হেফাজত ওই দিন বাংলাদেশের রাজধানী ঢাকাকে জিম্মি করে ফেলেছিল। সরকার শেষ রাতের অপারেশনে তাদের শাপলা চত্বর থেকে হটিয়ে দিয়েছে, যা ঘটেছে তা সব টিভিতে সরাসরি দেশের মানুষ দেখেছে। বিষয়টিকে বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অপচেষ্টা করেছে। এত দিন তারা বলেছে, এই অপারেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আড়াই হাজার আলেম-ওলামাকে হত্যা করেছে। খালেদা জিয়া তাঁর বক্তৃতায় একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে ৬১ জনের মৃত্যুর কথা বলেছেন। যদিও তিনি বলেননি, এই ৬১ জন দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। তিনি বলেননি, এই দুর্বৃত্তদের হামলায় এই পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কমপক্ষে ১২ জন সদস্য প্রাণ হারিয়েছেন। তিনি বলেননি, জোটের সন্ত্রাসীরা কীভাবে রেলস্টেশনে ও বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করে তার প্রভূত ক্ষতি সাধন করেছেন এবং বলেননি কীভাবে রেললাইন উৎপাটন করে সাধারণ যাত্রীদের মারাত্মক বিপদের মুখে ঠেলে দিয়েছে। খালেদা জিয়া সরকারি দলের কিছু অঙ্গসংগঠনের ক্যাডারদের দুর্বৃত্তপনা, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা বলতে ভোলেননি। তিনি তা উল্লেখ করে তাঁর দায়িত্ব পালন করেছেন। তবে এই দুর্বৃত্তদের যে বর্তমান সরকার গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করেছে, তিনি তা উল্লেখ করলে ভালো করতেন। খালেদা জিয়া সবচেয়ে বেশি হতাশ করেছেন গত ৩০ জানুয়ারি ওয়াশিংটন টাইমস-এ তাঁর নামে প্রকাশিত প্রবন্ধটি বেমালুম অস্বীকার করে। এত দিন পর তিনি বলেছেন, ওটি তাঁর লেখা নয়, যদিও ওই প্রবন্ধ নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ থেকে শুরু করে দলের অনেক নেতা-কর্মীই অসংখ্য বক্তৃতা-বিবৃতি দিয়েছেন। খালেদা জিয়া শুরুতে সংসদে কিছুদিন ধরে কিছু সাংসদ কর্তৃক যে ধরনের অশালীন বক্তব্য দিয়ে সংসদের পরিবেশ দূষিত করেছেন, তার নিন্দা করেছেন। তার জন্য তাঁকে ধন্যবাদ। তিনি যদি উল্লেখ করতেন, এই অপকর্মটির সূত্রপাত করেছেন তাঁরই দলের কতিপয় নারী সাংসদ, তাহলে দেশের মানুষ তাঁর দায়িত্বশীলতা সম্পর্কে আরও আশান্বিত হতেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সুষ্ঠুভাবে দেশ পরিচালনা বিরোধী দলের ভূমিকা সরকারি দলের চেয়ে কোনো অংশে কম নয়। এটা যদি আমাদের দেশের রাজনীতিবিদেরা মনে রাখেন, তাহলে দেশের অনেক সমস্যারই জন্ম হয় না এবং অনেক কঠিন সমস্যার সহজ সমাধান সম্ভব। আশা করি, সরকারি ও বিরোধী দল উভয়ই ভবিষ্যতে এই সত্যটুকু মনে রাখবে। তাতে দেশের মঙ্গল।আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।