বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার সন্দেহজনক ভূমিকার প্রশ্নটি অনিষ্পন্ন রেখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধান বিরোধী দল বিএনপিকে তাঁর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব বিস্ময়কর নয়। তবে ১৯৭৫-পরবর্তী ৩৭ বছরের সংঘাত ও বিরোধাত্মক রাজনীতিকে বিবেচনায় নিয়ে আমরা বলতে চাই, এই উচ্চারণ খুবই সহজ ছিল না। এর কৃত্রিমতা ও রাজনৈতিক সুবিধাবাদ ইত্যাদি ধরনের সন্দেহ নিয়েও বলব, জাতীয় ঐক্যের জন্য এটি যেন আলোর ইশারা।দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির প্রস্তাবকে রাষ্ট্রনায়কোচিত এবং এর মাধ্যমে সব সংকটের অবসান ঘটেছে বলে দাবি করেছেন। তাঁর এই মন্তব্য মূল্যায়নযোগ্য, কিন্তু সেটা তাঁর বর্ণিত কারণে মোটেই নয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার রাজনৈতিক পরিবেশ নেই। তাই আমরা নতুন প্রস্তাবকে রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করি। যদি ধর্মনিরপেক্ষ ও অধিকতর সুশাসনমুখী তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান অনিশ্চিত থাকে; যদি নির্বাচিত সরকারের চলতি কাঠামো ধরে রাখার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের অনুশীলন বজায় রাখি, তাহলে আওয়ামী লীগ ও বিএনপিনামীয় রাজনৈতিক দলকে জোড়াতালি দিয়ে হলেও কাছাকাছি রাখতে হবে। আমাদের অনেকেরই ভাবখানা যেন কোনোমতে আওয়ামী লীগের বাকি সময়টা পার করে দিতে পারলেই বাঁচি। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, আর অমনি আলাদীনের দৈত্য হাজির হবে। আমাদের সব মুশকিল কর্পূরের মতো উড়ে যাবে। ছাত্রলীগের ক্যাডাররা গর্তে লুকাবে। ছাত্রদল তাদের অস্ত্রশস্ত্র গর্ত থেকে বের করবে না। তাদের হাতে শুধু বই-খাতা শোভা পাবে। বিএনপিদলীয় ‘সৈয়দ আবুল হোসেনরা’ দুর্নীতিতে জড়াবেন না। শুধু শান্তি আর শান্তি। আশা করি, অধিকাংশ সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ দ্রুত একমত হবেন যে পরিস্থিতি মোটেই এভাবে পাল্টে যাবে না। কিন্তু তাই বলে শুধু ধর্মনিরপেক্ষ এবং জঙ্গিবাদ উৎপাটনে এবং ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানি মানসিকতা ভেঙে বেরিয়ে আসতে অব্যাহতভাবে সচেষ্ট থাকার কারণে তাদের শর্তাধীন দলীয় সরকারের অধীনে নির্বাচন করার অধিকার আওয়ামী লীগ দাবি করতে পারে না।গত প্রায় চার দশকে আমরা দেখি, পঁচাত্তরে মুজিব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে প্রতিক্রিয়াশীল রাজনীতির সূচনা করা হয়েছিল, তা ধারাবাহিকভাবে বিএনপি ও তার মিত্ররা আওয়ামী লীগের বিরুদ্ধে পরিচালিত করেছে। আর সে কারণেই রাজনৈতিক উত্তাপ ও বিতর্কটা বেশির ভাগ সময় স্বাধীনতার পক্ষ-বিপক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। বিবিসির হার্ডটকে স্টিফেন সাকুর বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধ ব্যক্তিগত কি না, জানতে চেয়েছিলেন। শেখ হাসিনা বলেছেন ব্যক্তিগত নয়, মতাদর্শগত। আর মতাদর্শের কথা বলতে গিয়ে ধর্মনিরপেক্ষতা শব্দটি উচ্চারণ করা ছাড়া তিনি আর কিছুই নির্দিষ্ট করতে পারেননি। প্রধানমন্ত্রী হয়তো লক্ষ করেননি, মতাদর্শগত ফারাকের বিবরণ দিতে গিয়ে তিনি বিরোধী দলের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থ ছিলেন। তিনি হয়তো বিস্মৃত ছিলেন, যে দেশের রাজধানীতে বসে তিনি সংলাপে অংশ নিয়েছিলেন, সেই দেশটি গণতন্ত্রের সূতিকাগারের খ্যাতি পেয়েছে শুধু কোনো একটি দলের ধর্মনিরপেক্ষ নীতির জন্য নয়। তিনি স্পষ্ট করেন যে বাংলাদেশ নামের রাষ্ট্র তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল পরিচালনা করার যোগ্যতা রাখে না। তাঁকে যখন প্রশ্ন করা হয় আপনি ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছেন, অর্থনীতির অনেক শ্রীবৃদ্ধি ঘটছে; কিন্তু সেটা ভোগ করছে কারা। আপনার সরকারের অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারীর মৌলিক সততা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এর উত্তরে শেখ হাসিনা যে উক্তি করেছেন, সেটি আমরা অসংখ্যবার শুনেছি। সামরিক শাসকেরা সব শেষ করে দিয়ে গেছে। জঞ্জাল শেষ করতে সময় লাগবে। এবার বিবিসিতে তিনি বিএনপিকে এমনভাবে চিত্রিত করেছেন, যাতে মনে হয়, ক্যান্টনমেন্টে বিএনপির অবৈধ জন্মলাভের শাপমোচন ঘটেনি। তার যেন পুনর্জন্ম হয়নি। বেগম খালেদা জিয়া গত দুই দশকে সংসদের কোনো নির্বাচনে দাঁড়িয়ে হেরে যাননি। শেখ হাসিনা পরাজিত হয়েছেন।বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথম প্রধানমন্ত্রিত্ব লাভের পর টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন। কিন্তু তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার বাধাগ্রস্ত করেছিলেন। অভিযুক্ত ব্যক্তিদের কূটনৈতিক চাকরি-বাকরিতে বহাল তবিয়তে রেখেছিলেন। অবশ্য বঙ্গবন্ধুর খুনিদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার মধ্যে খালেদা জিয়া ও জেনারেল এরশাদের মধ্যে প্রতিযোগিতা হলে জেনারেল এরশাদ এগিয়ে থাকতে পারেন। সুতরাং, এরশাদ যদি শেখ হাসিনার আস্থাভাজন মিত্র হতে পারেন, তাহলে শুধু এই কারণে বেগম খালেদা জিয়ার প্রতি তাঁর মুখ ঘুরিয়ে থাকার কথা নয়। জাতীয় রাজনীতি ‘ব্যক্তিগত’ কারণে বাধাগ্রস্ত হওয়ার নজির বিচারপতি কে এম হাসান। তিনি কেবল সৈয়দ ফারুক রহমানের ভায়রা হওয়ার কারণে প্রধান উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগ তাঁকে মেনে নেয়নি। বিচারপতি এম এ মতিন বঙ্গবন্ধু হত্যা মামলায় বিব্রত হয়েছিলেন বলে তাঁকে প্রধান বিচারপতি করা থেকে বঞ্চিত করা হয়। এ রকমের আরও দৃষ্টান্ত রয়েছে। যেখানে এই ব্যক্তিগত কারণ বৈধ ও বৃহত্তর জনগোষ্ঠীর ন্যায্য ও স্বার্থসংশ্লিষ্ট জাতীয় কার্যকারণকে বিঘ্নিত করেছে। আবার আমরা এটাও দেখেছি, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ড. হেনরি কিসিঞ্জার, যিনি তাঁর স্বীকৃত মতেই বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, দুর্ভিক্ষে যখন হাজার হাজার মানুষ মরেছে, তখন তিনি খাদ্য সাহায্য বন্ধ করে দিয়েছেন। তাঁর অন্যতম ঘৃণিত শত্রু ছিলেন মুজিব। অথচ শেখ হাসিনা ইউনেসকোর শান্তি পুরস্কারটি তাঁর হাত থেকেই গ্রহণ করেছিলেন। এ কারণেই আমাদের মনে প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি আওয়ামী লীগ ওয়ার্কিং রিলেশন রক্ষা করে চলতে পারে, তাহলে তার চেয়েও বড় এবং অনস্বীকার্য জাতীয় স্বার্থে খালেদা জিয়ার সঙ্গে তিনি চলতে পারবেন না কেন।দুটি সাম্প্রতিক বাধা। পঁচাত্তরের ক্ষত না শুকাতেই গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা এবং বেগম খালেদা জিয়া হঠাৎ করেই আগের জন্মদিনের তারিখ বদলে ১৫ আগস্টে জন্মদিন পালন করা শুরু করেন। আমাদের জাতীয় বিভক্তির আরেকটি কালো তারিখ ২১ আগস্ট। আমাদের একজন প্রিয় সহকর্মী বলেছিলেন, ১৫ আগস্টের পর আবার ২১ আগস্ট ঘটানো হয়েছে। ১৫ আগস্টে জন্মদিন পালন করা হচ্ছে। এর পরও আমরা কীভাবে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার মধ্যে মেলবন্ধন আশা করতে পারি?সেই প্রশ্নটির আমি উত্তর খুঁজছিলাম। ১৫ আগস্ট না হয় ঘাতকদের বিচারের মধ্য দিয়ে আমরা অনেকটাই পেছনে ফেলতে পেরেছি। কিন্তু ২১ আগস্ট? এর তদন্ত নিয়ে এ পর্যন্ত যা ঘটে গেছে, তাতে শেখ হাসিনা ও খালেদা জিয়া পাশাপাশি বসতে পারেন সেটাই ভাবা কষ্টকর হচ্ছিল। সেনাকুঞ্জে দুই নেত্রীর দেখা-সাক্ষাৎও আর নিয়মিত হয় না।আমরা এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সর্বদলীয় মন্ত্রিসভার প্রস্তাবকে একটি মাইলফলক সাংস্কৃতিক অগ্রগতি হিসেবে গণ্য করি। স্যার স্টিফেন নিনিয়ান ৫+৫+১ এর খসড়া সূত্র চূড়ান্ত করলেও আওয়ামী লীগকে বিএনপি কোন পাঁচটি মন্ত্রিত্বের পদ দিতে প্রস্তুত ছিল, সেটা সেদিন স্পষ্ট হয়নি। এবারের প্রস্তাবিত ছোট মন্ত্রিসভায় শেখ হাসিনা বিএনপিকে কোন কোন মন্ত্রণালয় দিতে চান, নীতিগতভাবে হলেও প্রধানমন্ত্রীর পদটি তিনি তাঁর দলের কারো কাছে কিংবা বিরোধী দলকে ছাড়তে রাজি কিনা, সেটা শুনতে আমরা উদ্গ্রীব। সর্বদলীয় মন্ত্রিসভায় নির্দলীয় প্রধানমন্ত্রী থাকতে পারেন। সংবিধান বাধা হবে না। ১৯৪৫ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ১৬ সদস্যের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা করে নির্দলীয় সদস্যদেরও ঠাঁই দিয়েছিলেন। ৬৬ বছর আগে রাজনৈতিকভাবে নেহরু ও জিন্নাহ যে অবস্থানে ছিলেন, তার সঙ্গে আজকের শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার তুলনা করা অত্যুক্তি হবে না। ১৯৪৬ সালের ২৬ অক্টোবর তাঁদের উভয়ের সম্মতিতে ১৪ সদস্যের জাতীয় সরকার গঠিত হয়েছিল। এ সরকার গঠনে কংগ্রেসের তিন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। মুসলিম লিগের পাঁচজন সদস্যকে দেওয়া হয়েছিল অর্থ, বাণিজ্য, যোগাযোগ, স্বাস্থ্য এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্ব। নেহরু এই মন্ত্রিসভার নেতৃত্বে ছিলেন। জিন্নাহ সম্ভবত নেহরুর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দিতে স্বস্তি পাননি। বেগম খালেদা জিয়াও হয়তো পাবেন না। জিন্নাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে মুসলিম লিগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মুসলিম লিগকে শুধু একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় (অর্থ) দিয়েও কংগ্রেস আশ্বস্ত থাকতে পারেনি। এর আগে অবশ্য ১৯৪২ সালের গোড়ায় শেরেবাংলা এ কে ফজলুল হক এক বিশেষ পরিস্থিতির মুখে প্রগ্রেসিভ কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করেছিলেন। নয় সদস্যের এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর পদটিসহ পাঁচজন মুসলমান ও হিন্দুদের জন্য চারটি পদ বণ্টন করা হয়। হিন্দু মহাসভার সদস্য ড. শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেওয়া হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। হিন্দু মহাসভার সঙ্গে আপস করে মন্ত্রিসভা গঠন করায় মুসলিম লিগ ফজলুল হকের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু তা সত্ত্বেও এই মন্ত্রিসভা যথেষ্ট কার্যকর ভূমিকা পালনে সচেষ্ট হয়। সুতরাং, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনা হলেন আওয়ামী লীগের দ্বিতীয় নেতা, যিনি একটি প্রগ্রেসিভ কোয়ালিশন মন্ত্রিসভা গঠনের স্বপ্ন দেখালেন।বিএনপির স্থায়ী কমিটি বোধগম্য কারণেই প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ করেছে। তবে মির্জা ফখরুল ইসলামের একটি মন্তব্যের রেশ কানে লেগে আছে। তিনি যথার্থই যুক্তি দিয়েছেন, বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার কোনো দেশের জাতীয় সংকট নিরসনের ভিত্তি হতে পারে না। আওয়ামী লীগের উচিত হবে আনুষ্ঠানিকভাবে একটি পূর্ণাঙ্গ অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সংসদে কিংবা দেশের গণমাধ্যমে প্রকাশ করা। রাজনীতির সব আলোচনাই অর্জন কিংবা বিসর্জন নয়। শেখ হাসিনার প্রস্তাবটি নাকচ হলেও তাদের তরফে একটি গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ প্রস্তাব প্রত্যাশিত। বিএনপিও বিকল্প লিখিত প্রস্তাব দিতে পারে। জাতীয় রাজনীতিতে এ নিয়ে আলাপ-আলোচনা হতে পারাটাও এ ক্ষেত্রে একটি অসামান্য অর্জন হতে পারে। মিজানুর রহমান খান: সাংবাদিক। [email protected]