অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান রাজনৈতিক সংকট ও এর উত্তরণ সম্পর্কে বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান এবং সাবেক মন্ত্রী, সাংসদ ও আইনজীবী আবদুল মতিন খসরু। সাক্ষাৎকার নিয়েছেনসোহরাব হাসান ও মিজানুর রহমান খানপ্রথম আলো  দেশের বর্তমান পরিস্থিতিকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন?আবদুল মতিন খসরু  স্বাধীনতাবিরোধী শক্তি পরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রের ওপর আঘাত হানছে। জনজীবনে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। সমাজের বিবেকবান ও দেশপ্রেমিক মহলকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবিলা করতে হবে। এটা একটা সাময়িক সংকট। আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর ওপর আঘাত হানছে। গত ৪২ বছরে কিংবা ১০০ বছরে কেউ তা দেখেনি। প্রথম আলো  আমাদের রাজনীতিতে সহিংসতা রয়েছে। কিন্তু এবার দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ অসহায়। তারা পরিস্থিতি মোকাবিলা করতে পারছে না। এর পরিণতিটা কী হতে পারে?আবদুল মতিন খসরু  এর বিরুদ্ধে ব্যাপক জনমত সৃষ্টি করতে হবে। দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশ প্রশাসনের সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী, যেসব রাজনৈতিক দলকে এখনো নিষিদ্ধ করা হয়নি, তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে। যারা আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্বে, তাদেরই যদি জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে আমাদের নিরাপত্তা কে দেবে? পুলিশ জাতীয় নিরাপত্তার প্রতীক। তাদের ওপর হামলা চালানো হচ্ছে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েই। চিরিরবন্দরে, বাঘায়, লালমনিরহাটে যেসব ঘটনা ঘটেছে, তার সবটাই একই সূত্রে গাঁথা। রাজশাহীর পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরকে রাজপথে পৈশাচিক নির্যাতনও বিচ্ছিন্ন নয়। তারা মনে করছে যুদ্ধাপরাধীদের বিচারের কারণে তাদের মূল নেতৃত্ব ও দলের ওপর আঘাত এসেছে। তাই এটা ঠেকাতে তারা মরিয়া। প্রথম আলো  কিন্তু শাহবাগের আন্দোলন সম্পর্কে কী বলবেন? প্রথমে তরুণ প্রজন্মও আদালতের রায়ে সন্তুষ্ট থাকতে পারেনি। তাদের মধ্যে আস্থাহীনতাও কাজ করেছে যে কারাদণ্ডপ্রাপ্তরা পরবর্তীকালে রাষ্ট্রপতির মার্জনায় বেরিয়ে যেতে পারেন। এটা কি রাষ্ট্রযন্ত্রের ওপর নাগরিকদের আস্থাহীনতা নয়? আবদুল মতিন খসরু  না, সে রকমের নয়। একটি গোষ্ঠী যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তার বিচার হচ্ছে। এই বিচার যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ হয় সে বিষয়ে আমরা একমত। কিন্তু তাদের বিচার করা জনগণের দাবি। আরও দূরদর্শিতা ও বিচক্ষণতার সঙ্গে বিচার-প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে। ইট দিয়ে জাহাঙ্গীরের মাথা যখন থেঁতলানো হলো, অন্যান্য পুলিশ সদস্য তা চেয়ে চেয়ে দেখলেন বা পালিয়ে গেলেন, দুর্বৃত্তদের কেউ গ্রেপ্তার হলো না, এটা হতে পারে না। ব্রিটিশ আমলে লাল পাগড়িধারী পুলিশের গায়ে আঁচড়টি পড়লে পুরো গ্রাম ছয় মাস ঘেরাও হয়ে থাকত। জাহাঙ্গীরের ওপর হামলাকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ আছে। এলাকার লোক তাদের চেনে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের আইনের হাতে সোপর্দ করা সম্ভব ছিল। মানুষের সব অধিকারই আছে কিন্তু খুন করার অধিকার নেই। একাত্তর সালেও তারা কতটা নৃশংস ছিল, এসব ঘটনায় তারা নতুন করে প্রমাণ রাখছে। তারা আমাদের রাষ্ট্রযন্ত্রের ওপর, সার্বভৌমত্বের ওপর এবং জাতিসত্তার ওপর আঘাত হেনেছে। কোনো অবস্থাতেই তাদের ক্ষমার অযোগ্য এসব অপরাধকে বরদাশত করা যায় না। প্রথম আলো  আপনার কি মনে হয় পুলিশ বাহিনী সম্পূর্ণরূপে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে? তাদের মধ্যে দোদুল্যমানতা, পেশাগত অদক্ষতা বা রাজনৈতিক মতাদর্শগত কোনো বিভাজনের কোনো ইঙ্গিত মিলছে কি? আবদুল মতিন খসরু  আমি এ রকম আশঙ্কা করি না। পুলিশ বাহিনী সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে আছে। পুলিশ বাহিনীতে অনেক ভালো ভালো কর্মকর্তা ও কনস্টেবল রয়েছেন, তাঁদের নিয়ন্ত্রণ করার নির্দেশ প্রদান করা যোগ্যতা ও দক্ষতার ওপর অনেকটাই নির্ভর করে। বর্তমান পরিস্থিতি সামাজিক, রাজনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করতে হবে। কঠিন হাতে সন্ত্রাসীদের দমন করতে হবে। দ্রুততার সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এর পুনরাবৃত্তি করতে ভবিষ্যতে কেউ সাহস না পায়। প্রথম আলো  জামায়াত পুলিশকে পেটাতে শুরু করে আরও তিন মাস আগে। কিন্তু আজ পর্যন্ত সন্ত্রাসের দায়ে কোনো ট্রাইব্যুনালে তাদের একজন সদস্যেরও বিচার শুরু করা সম্ভব হয়নি। এটা কেন ঘটছে? আবদুল মতিন খসরু  কেন ঘটছে তা ভেবে আমিও চিন্তিত। অপরাধীদের গ্রেপ্তার করতে না পারার কোনো কারণ নেই। জাহাঙ্গীরকে চার-পাঁচ কেজি ওজনের ইট, হেলমেট দিয়ে নির্যাতন করা হয়েছে, পিস্তল ছিনিয়ে নেওয়া হয়েছে, কারা করেছে তা দৃশ্যমান সবাই দেখেছে। কোনো অবস্থাতেই তাদের পালিয়ে যাওয়ার সুযোগ ছিল না। তারা যে গ্রেপ্তার হলো না, সেটা পুলিশের অযোগ্যতা নিশ্চয়ই। প্রথম আলো  যুদ্ধাপরাধীদের বিচার আর তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের মধ্যে সরকার পার্থক্য সৃষ্টি করতে পারেনি। এটা কি ক্ষমতাসীন দলের ব্যর্থতা নয়? আবদুল মতিন খসরু  না, ব্যর্থতা নয়। সরকারকে আরও কৌশলী, সচেতন ও দক্ষভাবে এগোতে হবে। সরকার তার মতো করে এগোচ্ছে। আমরা সাধারণ মানুষ মনে করছি আরও যোগ্যতা, দক্ষতা ও ক্ষিপ্রতার সঙ্গে এবং বহুমাত্রিকভাবে জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পদক্ষেপ নিতে হবে। একাত্তর সালে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। আবার জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।প্রথম আলো  সরকার তো তারই ঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রকাশ করছে না। এটা না দিয়ে কি জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব?আবদুল মতিন খসরু  হ্যাঁ, এটা দিতে হবে। জনগণের দাবি হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এটা সরকারও চায়। এ পর্যন্ত পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে। সংসদের অনেক উপনির্বাচন হয়েছে। সরকার প্রমাণ করতে পেরেছে তারা নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। তাই প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের যে ইঙ্গিত দিয়েছিলেন, তার একটা পরিষ্কার রূপরেখা অবিলম্বে প্রকাশ করা উচিত। প্রথম আলো  আপনার কি মনে হয় আমাদের সংবিধান ও দলব্যবস্থায় যে ব্যক্তিকেন্দ্রিকতা অর্থাৎ নির্বাহী ক্ষমতা ব্যক্তির কাছে এবং সবাই সব সিদ্ধান্তের জন্য একজনের দিকেই তাকিয়ে থাকে—এই অবস্থা আমাদের রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে? আবদুল মতিন খসরু  এর সরাসরি উত্তর আমার কাছে নেই। রাষ্ট্রযন্ত্র তার আপন গতিতে চলে। আমার মনে হয় না একজনের ওপর নির্ভরশীল। আমি বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে মন্ত্রী ছিলাম। তখন স্বাধীনভাবে কাজ করেছি। সিদ্ধান্ত নিতে আমাকে তাকিয়ে থাকতে হয়নি। তিনি কখনো হস্তক্ষেপ করেননি, বাধা দেননি। সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যক্তিত্বহীনতা বা সিদ্ধান্তহীনতার বিষয় থাকতে পারে। সেটা জনগণ বিচার করবে।প্রথম আলো  ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার আবদুল হামিদ আপিল বিভাগে একজন বিতর্কিত বিচারককে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অসদাচরণের জন্য তিনি স্পিকার হিসেবে যাঁর বিরুদ্ধে রুলিং দিলেন, এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তাঁকেই পদোন্নতি দিলেন, এর মধ্যে আপনি কোনো উভয়সংকট অবস্থা দেখেন কি না? এটা কোনো ক্ষমতাবান ব্যক্তির ইচ্ছার কাছে রাষ্ট্রপতির একটি আত্মসমর্পণ বলে প্রতীয়মান হয় কি না?আবদুল মতিন খসরু  আবদুল হামিদ আপিল বিভাগে বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি হিসেবে, দেশের স্পিকার হিসেবে নন। সুতরাং দুই অবস্থাকে এভাবে মেলানো যাবে না। বাংলাদেশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী এখানে রাষ্ট্রপতির কিছুই করার নেই।প্রথম আলো  এই যে আপনি দাবি করলেন যে কিছুই করার নেই, এটা কি ঠিক হলো? আপনার এই মন্তব্যের সঙ্গে আমরা ভিন্নমত পোষণ করি। কারণ, রাষ্ট্রপতি হিসেবে তিনি এ-সংক্রান্ত নথি পুনর্বিবেচনার জন্য অন্তত একবারের জন্য হলেও প্রধানমন্ত্রীর কাছে ফেরত পাঠাতে পারতেন। সংবিধান বলে দেয়নি যে তাঁর সামনে যা-ই আসবে তাতে তিনি চোখ বুজে সই করে দেবেন। আবদুল মতিন খসরু  সংবিধান অনুযায়ী পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানোর বিধান কিন্তু রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক কিছু নয়। রাষ্ট্রপতি ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করতে বাধ্য। প্রথম আলো  কিন্তু আইনি তর্কের বাইরেও এখানে একটা প্রহসনমূলক ঘটনা ঘটে গেল কি না?আবদুল মতিন খসরু  না, এখানে কোনো প্রহসন নেই। আমি কোনো প্রহসন দেখি না। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী একজন যোগ্য ও দক্ষ বিচারক। সেই হিসেবেই আপিল বিভাগে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একজন জ্যেষ্ঠ বিচারক। তাঁর ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু তারপরও তিনি একজন যোগ্য, দক্ষ ও জ্যেষ্ঠ বিচারক। প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।আবদুল মতিন খসরু  ধন্যবাদ।