অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার ওপর ইউনেসকো প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য বেরিয়ে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিশ্বে প্রতি পাঁচ দিনে একজন সাংবাদিক খুন হওয়ার ঘটনা বিশ্বব্যাপী এই পেশার প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করি।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নিহত হওয়ার তালিকায় শীর্ষে থাকা ২০টি দেশের মধ্যে বাংলাদেশের ১২তম স্থানে থাকা মোটেই স্বস্তিদায়ক নয়। কিন্তু তার চেয়েও যে তথ্যটি আমাদের বেশি শঙ্কিত করে তা হলো, সাংবাদিক হত্যার বিচার না হওয়া। উল্লিখিত সময়ে বাংলাদেশে ১৭ জন সাংবাদিক খুন হলেও ফরিদপুরের গৌতম দাস হত্যা ছাড়া কোনোটির বিচার হয়নি।
শীর্ষ ২০ দেশের মধ্যে ১২তম বাংলাদেশআমাদের মনে রাখা প্রয়োজন যে তাঁরা কেউ ব্যক্তিগত কারণে খুন হননি, হয়েছেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে। তাই সাংবাদিক হত্যার বিচার না হলে গোটা সমাজের কাছেই ভুল বার্তা চলে যায়। ইউনেসকোর প্রতিবেদনে সাংবাদিক খুনের বিচার না হওয়ার কারণে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও অপরাধের ঘটনা বাড়ছে বলে যে অভিমত দিয়েছে, তা অকাট্য। বিচারহীনতার সংস্কৃতি সমাজের শুভবোধ ও চেতনাকেই নস্যাৎ করে না, এতে অপরাধীরাও আশকারা পেয়ে যায়। ইউনেসকোর প্রতিবেদনে পেশাগত দায়িত্ব পালনকালে যাঁরা মারা গেছেন, কেবল তাঁদের তথ্যই তুলে ধরা হয়েছে। কিন্তু আহত কিংবা ভয়ভীতির শিকার হওয়া সাংবাদিকের সংখ্যা আরও অনেক গুণ বেশি। এ ছাড়া আছে অসত্য মামলা দিয়ে নাজেহাল করার অপপ্রয়াস। এখানে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে বর্তমানে প্রথম আলোর সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে অনেকগুলো হয়রানিমূলক মামলা চলছে। এ রকম মামলা অন্যান্য পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধেও আছে, যার পরিসংখ্যান আমাদের হাতে নেই।
তাই, ইউনেসকোর সঙ্গে কণ্ঠ মিলিয়ে সরকার, নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সবার প্রতি স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ তৈরি এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানাই।
অন্ধ হলেই যে প্রলয় বন্ধ থাকে না, দেশের সাম্প্রতিক ঘটনাবলিই তার প্রমাণ।