মানবসমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জবরদখল, খুনখারাবি, ঘুষ, দুর্নীতি, নারী নির্যাতন, ধর্ষণসহ নানা ধরনের অন্যায় ও অপরাধপ্রবণতা দিন দিন বাড়ছে। কোনো অন্যায়কারীই সমাজে অপরাধী রূপে জন্মগ্রহণ করে না। কোনো মানুষই এক দিনে বড় অপরাধী হয়ে ওঠে না। ছোটখাটো অপরাধ করেই বড় ধরনের অপরাধে পা বাড়ায়। কেউ কোনো অন্যায় কাজ করে ফেললে সবাই মিলে যার যার সামর্থ্য অনুযায়ী কৌশলে তা প্রতিহত করার চেষ্টা করে অপরাধীকে বোঝানো হলে বা অন্যায় বলে তিরস্কার করা হলে হয়তো সে কোনো এক সময় তার ভুল বুঝতে পারবে। অন্যায়ের প্রতিকারের লক্ষ্যে মহানবী (সা.) নির্যাতিত-নিপীড়িত মজলুম জনগণকে জালিমদের হাত থেকে রক্ষা ও আরবে শান্তি স্থাপনের জন্য কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে ৫৯৫ খ্রিষ্টাব্দে একটি ‘শান্তি সংঘ’ গঠন করেছিলেন, যা ‘হিলফুল ফুজুল’ বা ‘শান্তি সংঘ’ নামে ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ। আরবের জাতি-ধর্ম-বর্ণ-দল-মত-গোত্রনির্বিশেষে সব নেতা একবাক্যে শপথ গ্রহণ করে সিদ্ধান্ত নেন যে ‘নগর সীমার অভ্যন্তরে কারও ওপর অন্যায়-অত্যাচার করতে দেওয়া হবে না এবং সবার সম্মিলিত সাহায্যের মাধ্যমে অত্যাচারীর কাছ থেকে অত্যাচারিতের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।’ এমনিভাবে রাসুলুল্লাহ (সা.) সব সময় চিন্তা করতেন, কীভাবে সমাজ থেকে অন্যায় ও অপরাধ দমন করা যায়। তাই অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য নবী করিম (সা.) আপামর জনসাধারণকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, ‘তোমাদের মধ্যে যেকোনো অন্যায়কারীকে দমনে সে যেন হাত দিয়ে প্রতিরোধ করে, যদি তা করতে না পারে, তবে সে যেন মুখ দিয়ে প্রতিহত করে। যদি সে মুখ দিয়েও না পারে, তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণা পোষণ করে; আর এটাই দুর্বল ঈমানের পরিচয়।’ (বুখারি)সমাজে অপরাধের নিত্যনতুন কৌশল আবিষ্কৃত হচ্ছে এবং প্রভাবশালীদের মধ্যে কেউ কেউ অপরাধীকে ছায়া দিতে ব্যস্ত। তা ছাড়া অপরাধী সেও সমাজের একজন। সে কারও আত্মীয়, নয়তো প্রতিবেশী বা সহকর্মী ইত্যাদি। আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহকর্মীকে ঘিরে অধিকাংশ অপরাধ সংঘটিত হয়। মানুষ যদি আত্মীয়, প্রতিবেশী বা সহকর্মী হিসেবে তার প্রতি যে দায়িত্ব ছিল তা পালন করত, তাহলে কোনো ব্যক্তিই অপরাধী রূপে চিহ্নিত হতো না এবং কোনো মানুষই সমাজে অপরাধ করতে পারত না। পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে অন্যায়-অপরাধের বিচারের ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, ‘হে ঈমানদারগণ! ন্যায়বিচারে তোমরা অটল থেকো, আল্লাহর পক্ষে সাক্ষ্য প্রদানকারী রূপে যদিও নিজেদের প্রতিকূলে যায় অথবা পিতামাতা এবং নিকটাত্মীয়দের, সে ধনী বা গরিব হোক, আল্লাহই উভয়ের জন্য উত্তম অভিভাবক। সুতরাং তোমরা ন্যায়বিচার করতে নিজ নিজ খেয়ালখুশির (পক্ষপাতিত্বের) বশীভূত হয়ো না।’ (সূরা আন-নিসা, আয়াত: ১৩৫) বাস্তবে অপরাধীর অমুক আত্মীয়, বন্ধু, সহকর্মী বা দলীয় লোকেরা তাকে কী করে বাঁচানো যায়, সে উপায় বা পথ খুঁজতে থাকে। ফলে অপরাধী আরও সাহস পেয়ে বেপরোয়া হয়ে যায়। তাই অপরাধী কেন অন্যায় করল, অপরাধের কারণ বা তার বক্তব্য শোনা যায় এবং যাচাই করে শাস্তির মাত্রা নির্ধারণ করা উচিত। এমন হতে পারে, কারও অবহেলা, নির্যাতন বা জুলুমের প্রতিশোধ নিতে গিয়ে সে অপরাধে লিপ্ত হয়ে পড়েছে। সে যখন বঞ্চিত বা নির্যাতিত হয়, তখন সে আত্মরক্ষার চেষ্টায় প্রতিবাদ করে, প্রতিরোধ তৈরি করে—এভাবে সন্ত্রাসী হয়ে ওঠে। সমাজে অন্যায় প্রতিরোধে অনেক কিছু করণীয় আছে। নবী করিম (সা.) বলেছেন, ‘মানুষ যখন কোনো অত্যাচারীকে দেখেও অন্যায় থেকে তার হাতকে প্রতিরোধ করবে না, শিগগিরই আল্লাহ তাদের সবার ওপর ব্যাপক আজাব নাজিল করবেন।’ (তিরমিজি ও আবু দাউদ)দুনিয়ায় বড় বড় বিপদ মানুষের অন্যায় ও অপরাধের কারণে আসে। যখনই নিয়মবহির্ভূত কোনো অন্যায় কাজ পৃথিবীতে প্রচলিত হতে থাকে, তখনই এর বিপরীতে নানা সময়ে ব্যাপক দুর্যোগ-দুর্ঘটনা, বিপর্যয় ও মহাঅঘটন ঘটতে থাকে, যা সময়ের ব্যবধানে বিশ্বের সব প্রান্তেই দেখা যাচ্ছে। তাই যে ব্যক্তি কোনো অন্যায় করে, সে সারা বিশ্বের মানুষ, চতুষ্পদ জন্তু ও পশুপাখিদের প্রতি অবিচার করে। কারণ, তার পাপের কারণে অনাবৃষ্টি ও অন্য যেসব বিপদাপদ দুনিয়ায় আসে, এতে সব প্রাণীই ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য কিয়ামতের দিন এরা সবাই পাপিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ করবে। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘জলে-স্থলে মানুষের অন্যায় কৃতকর্মের দরুন বিশৃঙ্খলা ও অশান্তি ছড়িয়ে পড়ছে, যার ফলে আল্লাহ তাদেরকে তাদের কিছু কিছু কাজের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।’ (সূরা আর-রূম, আয়াত: ৪১) মানুষ যখন কোনো অন্যায় বা অপরাধ করে তখন সে কাম, ক্রোধ, লোভ প্রভৃতি কু-প্রবৃত্তির বশবর্তী হয়ে পড়ে অথবা ন্যায়-অন্যায় বুঝতে পারে না। যেসব কারণে অপরাধপ্রবণতা জন্মে, তন্মধ্যে মানুষের অন্তরে তাকওয়া বা খোদাভীতির অভাব, পরস্পরের প্রতি যে দায়িত্ব-কর্তব্য রয়েছে তা পালন না করা; সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা যা অপরাধ তৈরিতে সহায়ক পরিবেশ তৈরি করে এবং প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ না থাকা অন্যতম। প্রকৃতপক্ষে মানুষের অনৈতিক কর্মকাণ্ডের ফলে ভূপৃষ্ঠে যাবতীয় অন্যায়, দুষ্কর্ম ও দুর্নীতির আবির্ভাব ঘটেছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ মানুষের প্রতি কোনো অন্যায় করেন না, বরং মানুষই নিজের ওপর অন্যায় করে ও নিজের ক্ষতি সাধন করে।’ (সূরা ইউনুস, আয়াত: ৪৪)মানুষ যদি ইসলামের বিধিবিধান ও প্রচলিত আইনকানুন মেনে চলতে সচেষ্ট হতো, তাহলেই সমাজের মঙ্গল সাধন হতো এবং অপরাধপ্রবণতা কমে যেত। তাই তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা, মসজিদের ইমাম-খতিব, আলেম সমাজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও অপরাধ দমনে ধর্মীয় নৈতিক শিক্ষা ও আদর্শ সামাজিকভাবে বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।