নিতান্তই দায়ে না পড়লে ঝুঁকিপূর্ণ শ্রমদানে কেউ আসে না। তাহলেও জীবিকার দায় মেটাতে গিয়ে জীবন হারাতে কেন হবে শ্রমিককে? রাজধানীর নিউ ইস্কাটনে নির্মাণাধীন উড়ালসড়কের ওপর থেকে মাথায় রড পড়ে রাব্বি আহমেদ ওরফে ইমন (২৬) নামের এক শ্রমিক মারা গেছেন। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের শ্রমিকদের কর্মরত অবস্থায় নিরাপত্তা জ্যাকেট ও হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু রাব্বির সেসব ছিল না। এতে করে নির্মাতা ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপের নিরাপত্তাব্যবস্থা প্রশ্নের মুখে।
ইস্কাটনে উড়ালসড়ক থেকে রড পড়ে শ্রমিকের মৃত্যুশ্রমিকের অধিকার তো দূরের কথা, জীবনের মূল্যও উপলব্ধি করে না অনেক নিয়োগদাতা। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শ্রমিকের জন্য কী সুরক্ষা, কী বিমা, কী ক্ষতিপূরণের বিধান রয়েছে, সেটাই প্রশ্ন। বৃহস্পতিবারের প্রথম আলোয় রাব্বির মৃত্যু–বিষয়ক সংবাদে শ্রমিকেরা জানিয়েছেন, ‘কাজ করার সময় আমাদের যে ধরনের সেফটি (নিরাপত্তাব্যবস্থা) নেওয়া দরকার, কোম্পানি থেকে তা সরবরাহ করা হয় না। তাই আমাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।’ অথচ মালিকপক্ষ দুর্ঘটনার শিকার শ্রমিকের অবহেলাকেই মৃত্যুর জন্য দায়ী করেছে।
প্রতিটি মানুষেরই রয়েছে নাগরিক হিসেবে অধিকার। রয়েছে তার স্বজন, পরিবার ও তাঁকে নিয়ে তাঁদের আশা। তাই এই যুবক শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু কী করুণ বাস্তবতা রাব্বির বাবার! তিনিও তমা গ্রুপের শ্রমিক, তাই কাজ হারানোর ভয়ে রাব্বির মৃত্যুর জন্য তমা গ্রুপের বিরুদ্ধে মামলা করতে ভয় পাচ্ছেন। এ ক্ষেত্রে পুলিশকেই মামলার দায়িত্ব নিতে হবে।
উন্নত দেশে ঝুঁকিপূর্ণ কাজে পেশাগত সুরক্ষার ব্যবস্থা থাকে। অথচ এখানে প্রতিনিয়ত শ্রমিকের অপমৃত্যু বলে দেয় শ্রমিকের প্রতি অবহেলা কতটা চরম। শুধু শ্রমিকই নয়, অনিরাপদ নির্মাণ প্রকল্পে সাধারণ মানুষেরও মৃত্যু ঘটে থাকে। নির্মাণাধীন উড়ালসড়কের তলা কিংবা বহুতল ভবনগুলোর পাশ দিয়ে অজস্র মানুষকে যখন চলাচল করতে হয়, তখন পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না রাখা গণনিরাপত্তার জন্য সরাসরি হুমকি।