পৃথিবীর এক-সহস্রাংশ ভূখণ্ডের যে দেশটিকে ২৪ সহস্রাংশ মানুষের অন্ন, বাসস্থান, চিকিৎসা নিশ্চিত করতে হচ্ছে, সে দেশকে একবিংশ শতাব্দীর প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে যে প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত উৎপাদনশীল ও কার্যকর হতে হবে, তা বলাই বাহুল্য। তাই বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ তৈরির স্বপ্নটি সময়োপযোগী। সম্ভবত গোটা দেশকে এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নে উজ্জীবিত করতে গত বছর আমরা ই-এশিয়া নামক একটি ইভেন্ট আয়োজন করেছি। এই সীমিত সম্পদের দেশে ব্যয় করতে পারাকে সফলতা (?) মনে করি। এই ই-এশিয়া প্রোগ্রামে যদি ১০ কোটি টাকা ব্যয় করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই নিজেদের সফল মনে করব আর ২০ কোটি টাকা ব্যয় করতে পারলে দ্বিগুণ সফল! এই টাকা দিয়ে সম্ভবত নানা দেশের বিশেষজ্ঞদের মানসম্পন্ন শ্রেণীতে আকাশপথে যাতায়াত এবং নামকরা হোটেলে থাকার ব্যবস্থা, পর্যাপ্ত ব্যয়ে বিজ্ঞাপন এবং আন্তর্জাতিক জনসংযোগ করা হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য কোনো সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে কি না সন্দেহ। বরং ব্যয় করার ওই সাফল্যে উজ্জীবিত হয়ে এবার আমরা এশিয়ার মতো ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ না থেকে ডিজিটাল ওয়ার্ল্ড নামের আরেকটি অধিকতর বড় পরিসরের প্রোগ্রাম হাতে নিয়েছি। এখানে সফলতা এলে আমরা অদূর ভবিষ্যতে ই-সোলার সিস্টেম কিংবা ডিজিটাল গ্যালাক্সির কাজও হাতে নিতে পারি। পক্ষান্তরে ভারত এ মাসেরই ১৫-১৬ তারিখে অষ্টমবারের মতো ই-ইন্ডিয়া আয়োজন করছে, যেখানে প্রায় সব বক্তাই ভারতের আর জনাদুয়েক ভারতে কর্মরত বিদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনার রয়েছেন এবং যেখানে ভারতের ই-গভর্নমেন্ট, ই-এডুকেশন ও ই-হেলথ হলো মূল আলোচ্য বিষয়বস্তু। অথচ ই-এশিয়া আয়োজনে আমরা সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের শ্রাদ্ধ ঘটিয়েছি।তথ্যপ্রযুক্তি খাতে আমাদের অনুল্লেখ্য উন্নয়নের পরিপ্রেক্ষিতে ডিজিটাল সার্ক করাটাও যুক্তিসংগত মনে হয় না, যেখানে ভারত ও পাকিস্তানের মতো দেশ রয়েছে। আমাদের উদ্যোগসমূহ ডিজিটাল ঢাকা, ডিজিটাল চট্টগ্রাম, ডিজিটাল পাটুরিয়া এবং সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এশিয়া কিংবা গোটা বিশ্ব কীভাবে ডিজিটাল হবে, তা নিয়ে আমাদের ভাবনাটা অনেকটা আদার বেপারীর জাহাজের খবর নেওয়ার মতো এবং এতদ্পলক্ষে দৈনিক ২৫ হাজার ডলার সম্মানী দিয়ে ‘বিদেশি মার্কেটিং গুরু’ আনার দায়িত্বও কেন বহন করতে হবে? এত সব করেও আইসিটির কোনো সূচকেও তো আমরা এতটুকুও এগোতে পারিনি। এশিয়া কিংবা বিশ্বের কোনো দেশের কোনো সমস্যা তথ্যপ্রযুক্তি দিয়ে সমাধান করা যায়, সেই দায়িত্ব কেউ বাংলাদেশকে দেয়নি, দেবেও না। অবশ্য এর আগেও নানা দেশের বর্ষ ২০০০ সমস্যা সমাধানের জন্য আমরা নিজের খেয়ে বনের মোষ বেশ তাড়িয়েছি। গোটা বিশ্ব তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে কীভাবে অগ্রসর হবে এ জন্য আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি, কোরিয়া, তাইওয়ান রয়েছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, কীভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রাজধানীর যানজট একটু হ্রাস করা যায় অথবা ঈদের আগে যে ১০০ কিলোমিটার যানজট হলো, তা থেকে পরিত্রাণের জন্য কীভাবে তথ্যপ্রযুক্তি কিংবা মোবাইল ব্যবহার করে যাত্রীদের বিকল্প পথের অনুসন্ধানে সহায়তা করা যায়। আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে অনুধাবন করার আগেই হাজার কোটি টাকা দুর্বৃত্তরা লোপাট করছে, তার বিরুদ্ধে কীভাবে জোরালো প্রতিরোধ গড়া যায়, কীভাবে শক্তিধর মানুষের কর ফাঁকি রোধ করা যায়, প্রয়োজনীয়সংখ্যক শিক্ষকের অভাবে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রদের পড়ালেখা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে কীভাবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ক্ষতি পূরণ করা যায়, হাসপাতালগুলোতে চিকিৎসকদের কীভাবে তথ্যপ্রযুক্তির সহায়তা দিয়ে আরও কার্যকর ও উৎপাদনশীল করা যায়, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ২০১১ সালে থাইল্যান্ডে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিলাম। সেখানে স্কুলের ছাত্রদের তৈরি সফটওয়্যার ৮০টি দেশের প্রতিনিধিদের দেখানো হয়েছিল। কোনো পয়সা ব্যয় না করে থাই তরুণদের প্রোগ্রামিং দক্ষতা সারা পৃথিবীর তথ্যপ্রযুক্তির বোদ্ধাদের জানিয়ে দেওয়া হয়েছিল। থাইরা যেখানে নিজেদের তৈরি সফটওয়্যার বিদেশিদের দেখিয়ে নিজেদের বাজার সম্প্রসারিত করছে, সেখানে আমরা কোটি কোটি টাকা খরচ করে ই-এশিয়া করলেও অনুরূপ সুযোগের কথা চিন্তাও করতে পারিনি। ডিজিটাল বাংলাদেশ হতে হলে নিজেদের তথ্যপ্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি করতে হবে, বিদেশি সফটওয়্যারের ব্যবহারকে উৎসাহিত করার পরিবর্তে দেশে মানসম্পন্ন সফটওয়্যার তৈরিকে উদ্বুদ্ধ করতে হবে। অনেক সময় আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য দিতে পারাটাকেই সাফল্য মনে করি। যেমন পরীক্ষার ফলাফল কম্পিউটারের মাধ্যমে সরবরাহ করার মধ্যেই আমাদের সাফল্য সীমিত থাকে। এই ঘনবসতিপূর্ণ মাত্রাতিরিক্ত বেকারের দেশে তথ্যপ্রযুক্তিকে শ্রমের বিকল্প হিসেবে ব্যবহার করাটা যথেষ্ট নয় বরং সেই তথ্যকে প্রক্রিয়াকরণ করে গোটা সিস্টেমের সমৃদ্ধি নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি, যাতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। পরীক্ষার ফলাফল প্রক্রিয়াকরণের পর তা বিশ্লেষণ করে বিভিন্ন অঞ্চলের ছাত্রদের নানা বিষয়ে দুর্বলতা, পাঠ্যবইয়ের মান, এলাকাভিত্তিক স্কুল-কলেজের র্যা ঙ্ক, শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ইত্যাদি নিরূপণ করতে পারতে হবে। অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে হবে, যা শুধু জনবল ব্যবহার করে করা যাবে না।এই ধারণাকে সামনে রেখে আমাদের প্রয়োজন, দেশের বিশাল তরুণ সমপ্রদায়কে উজ্জীবিত করে, তাদের কল্পনা ও মেধাকে ব্যবহার করে, দেশের নানা সমস্যা সমাধানের জন্য তথ্যপ্রযুক্তির আইডিয়া বের করা। তা হতে পারে ই-গভর্নমেন্ট, ই-হেলথ, ই-এডুকেশন কিংবা ই-পুলিশ ডেভেলপ করার নানা কৌশল। এগুলোকে যাচাই-বাছাই করে প্রতিশ্রুতিশীল কিছু আইডিয়া বাস্তবায়ন করার জন্যও উদ্যোগ গ্রহণ করা। এই কাজে পুরস্কার ঘোষণা করে তরুণদের মেধা ও আইডিয়াকে দেশের উন্নয়নে কাজে লাগাতে উদ্বুদ্ধ করা যেতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠান কী মাত্রায় ডিজিটাল হলো, তার জন্য আমরা শিডিউল করে প্রদর্শনীর আয়োজন করতে পারি। একদিন হয়তো ডিজিটাল সিটির ওপর প্রদর্শনী হবে, যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ অন্য বড় বড় শহর তাদের সফটওয়্যার সিস্টেম প্রতিযোগিতায় নিয়ে আসবে। সেই প্রদর্শনীতে প্রধানমন্ত্রী সবাইকে উৎসাহিত করার জন্য, ডিজিটাল সিটি তৈরির গুরুত্ব প্রতিষ্ঠার জন্য স্বয়ং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করতে পারেন। আবার কোনো দিন হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সিস্টেমের মধ্যে প্রতিযোগিতা হতে পারে, কোনো দিন হাসপাতালগুলোর মধ্যে। এ ধরনের প্রতিযোগিতা থেকে অনেক ভালো আইডিয়া এবং কার্যকর সফটওয়্যার বেরিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই।মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ফেলো, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস।