অপচয়ের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতির প্রথম পাঠে আমাদের শাস্ত্রীয়ভাবে জানানো হয় যে জগতে মানুষের চাহিদা অসীম এবং সম্পদ সীমিত। চাহিদা ও সম্পদের মধ্যকার এই বৈপরীত্যের স্থিতি আনার জন্য মানুষকে যেমন তার চাহিদাকে গুরুত্বের অগ্রাধিকার বিবেচনায় বিন্যস্ত করতে হয়, তেমনি সম্পদের সসীমতার কথা বিবেচনায় রেখে তার সদ্ব্যবহার নিশ্চিত করেও অপচয় রোধ করতে হয়। এই দ্বিতীয় ধারণাটি অবশ্য ঔচিত্য বিচারে করণীয়। অর্থনীতির সংজ্ঞায় চাহিদা বলতে কেবল কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে বোঝায় না। চাহিদা বলতে বোঝায়, কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছে, সেই দ্রব্য বা সেবা কেনার সামর্থ্য এবং নির্ধারিত দামে তা কেনার ইচ্ছে। অর্থাৎ কোনো কিছু পাওয়ার আগ্রহের সঙ্গে তা কেনার মতো অর্থের সংস্থান এবং সেই অর্থ খরচ করার ইচ্ছে—এই তিনটির সমন্বয় ঘটলেই কেবল অর্থনীতির ভাষায় তাকে চাহিদা বলা যাবে। একজন ভিক্ষুক যদি একটা মোটরগাড়ি কিনতে চায়, সেটিকে অর্থনীতির ভাষায় চাহিদা বলা যাবে না, কারণ তার মোটরগাড়ি কেনার সামর্থ্য নেই। আর খরচ করার ইচ্ছে বলতে বোঝায় যে একজন অতি কৃপণ যদি বিরিয়ানি খেতে চায়, কিন্তু তার জন্য টাকাটা খরচ করতে অনিচ্ছুক, সেটিও অর্থনীতির ভাষায় চাহিদা বলে গণ্য হবে না, কারণ তার সামর্থ্য থাকলেও সেই টাকা খরচ করার ইচ্ছে তার নেই।অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সচ্ছলতার জন্য প্রাকৃতিক সম্পদ পালন করে প্রধানতম নিয়ামকের ভূমিকা। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের সঠিক ব্যবহার এবং সুরক্ষার কথা ভাবতে হয় বর্তমান প্রজন্মকেই। সম্পদের এই সসীমতার কারণেই আমাদের স্মরণে রাখতে হয় যাতে বর্তমানের প্রয়োজন মেটাতে গিয়ে আমরা তার অপচয় কিংবা অপব্যয় না করি। কারণ আমরা প্রায়ই বিস্মৃত হই যে অতিব্যবহারে নিঃশেষিত এই সম্পদের পুনর্ভরণ সম্ভব নয়। অপচয়িত এবং ক্ষয়িত সম্পদ দিয়ে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করাও সম্ভব হয় না। শুধু অর্থনৈতিক ভাবনা থেকে নয়, ইসলাম ধর্মেও অপচয় ও অপব্যয় উভয়ই নিষিদ্ধ। অপচয় বলতে বোঝায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে খরচ করা, অর্থাৎ বিনা কারণে সম্পদ ব্যয় বা বিনষ্ট করাই অপচয়। আর নীতিহীন ও অন্যায্যভাবে সম্পদের অপব্যবহারকে বলা হয় অপব্যয়। অপচয়িত সম্পদ বলতে দুই ধরনের সম্পদ বোঝায়, একটি হচ্ছে প্রয়োজনাতিরিক্তভাবে ব্যবহূত সম্পদ, আর একটি হচ্ছে প্রয়োজনাতিরিক্ত কিংবা স্বাভাবিক ব্যবহারের পর বর্জিত বা বর্জ্য সম্পদ। অপচয়ের আর একটি মাত্রা আছে, একটি কেবল প্রাতিষ্ঠানিক অপচয় এবং আর একটি জাতীয় অপচয়। কিছু কিছু প্রাতিষ্ঠানিক অপচয়ে জাতীয় সম্পদের অপচয় হয় না, অপব্যয়িত হয় কেবল সেই প্রতিষ্ঠানের সম্পদ বা অর্থ। যেমন মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের বিজয়ের পর বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর স্তুতি গেয়ে পত্রপত্রিকায় যে ব্যয়বহুল দৃষ্টিগ্রাহ্য বিজ্ঞাপন দিয়েছে, সেটি প্রাতিষ্ঠানিক অপব্যয়, জাতীয় অপচয় নয়। আবার, পুনর্ব্যবহার্য নয় এমন সম্পদের অপচয় যখন হয়, সেটি জাতীয় সম্পদের অপচয়। অপচয়িত এই জাতীয় কিংবা প্রয়োজনাতিরিক্তভাবে ব্যবহূত সম্পদের পুনর্ব্যবহার অথবা বিকল্প ব্যবহার সম্ভব হয় না, যেমন অতি দুর্লভ ভূগর্ভের পানি কিংবা প্রাকৃতিক গ্যাস। শুধু গ্যাস কিংবা ভূগর্ভের পানি নয়, এ রকম জাতীয় অপচয়ের বহু দৃষ্টান্ত তুলে ধরা যায়। যেমন কোনো মন্ত্রী বা সাংসদের নিজ এলাকায় সফর উপলক্ষে যে শত শত ডিজিটাল ব্যানার ছাপা হয়, সে সবও জাতীয় অপচয়, কারণ এসব ব্যানারের কাঁচামাল নগদ বিদেশি মুদ্রা ব্যয় করে আমদানি করতে হয় এবং এগুলোর বিকল্প ব্যবহারও সীমিত। তবে এ কথা সত্যি যে ব্যবহূত সম্পদের বিপরীতে উৎপাদিত বর্জ্যও কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ। কারণ বর্জ্য হলেও সেসবের ব্যবহারকারী আছে এবং রয়েছে কিছু মাত্রার অর্থনৈতিক ব্যবহার। এই বর্জ্য ব্যবস্থাপনা এবং তার পুনর্ব্যবহারের সঙ্গে জড়িত মানুষের হাতে তার কিছু মূল্য সংযোজনও ঘটে, ফলে পুনর্ব্যবহার কিংবা বিকল্প ব্যবহারের মাধ্যমে অর্থনীতিতে যুক্ত হয় তার মূল্য। যেমন বাতিল টায়ার, প্লাস্টিক, ব্যাটারি, কাগজ, লোহালক্কড়—সবকিছুই পুনর্ব্যবহারযোগ্য এবং তার মাধ্যমে চক্রায়িত হয় অর্থনৈতিক কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডেরও রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। জাতীয় অপচয়ের এ রকম বহু প্রমাণ তুলে ধরা যায় দেশীয় শিল্পের উদাহরণ দিয়ে। ধরা যাক চিনিশিল্পের কথা। দেশে বর্তমান চিনির চাহিদা দেড় লাখ মেট্রিক টন, তার বিপরীতে ছয়টি চালু চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানের উৎপাদনক্ষমতা সাড়ে তিন থেকে চার লাখ টন। আবার দেশীয় আখ ব্যবহার করে চিনি উৎপাদন করা যায় এক লাখ টন। দেশের মোট চাহিদার দ্বিগুণেরও বেশি পরিশোধন কারখানাকে অনুমোদন দিয়ে জাতীয় সম্পদের মারাত্মক অপচয় নিশ্চিত করার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এখন বলছেন যে তাঁরা নাকি শর্তসাপেক্ষে চিনি রপ্তানির অনুমোদন দেবেন। প্রতিবছর চিনি আমদানি নিয়ে যে কেচ্ছা-কাহিনির জন্ম হয়, সে কথা মনে রেখে মানতে ইচ্ছে হয় না যে দেশে স্থাপিত চিনি উৎপাদনক্ষমতার মাত্র ৪০ শতাংশ ব্যবহূত হয়, বাকি ৬০ শতাংশ জাতীয় অপচয়, কারণ এই শিল্প স্থাপনের অনুমতি দেওয়ার সময় সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয় সম্পদের অপচয় রোধের কথাটি আদৌ মাথায় রাখেনি। এখানে জাতীয় অপচয়ের বিষয়টি বিশদ করা উচিত। চিনি পরিশোধন কারখানার যাবতীয় কলকবজা ও যন্ত্রাংশ আমদানি করতে হয় আমাদের মূল্যবান বিদেশি মুদ্রা খরচ করে। এমন দুর্লভ সম্পদের মাত্র ৪০ শতাংশ যখন ব্যবহূত হয়, তখন বাকি ৬০ শতাংশ যে নিশ্চিত অপচয় এবং আমাদের মতো দরিদ্র দেশের জন্য সে অপচয়ের ভার বহন করা যে বিলাসিতা ছাড়া আর কিছু নয়—সে কথা একজন স্কুলছাত্রও বুঝতে পারে। কেবল চিনিশিল্প নয়, সিমেন্টের মতো ভারী শিল্প এবং তৈরি পোশাকশিল্পেও বিদ্যমান এমন জাতীয় অপচয়ের দৃষ্টান্ত। একসময় ব্যাঙের ছাতার মতো দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছিল ছোট-বড় নানা নামের সিমেন্ট কারখানা। একইভাবে ঢাকা ও চট্টগ্রামের অলিগলি ছেয়ে গিয়েছিল তৈরি পোশাক কারখানায়। ২০০১ সালের পর থেকে একইভাবে অগ্র-পশ্চাৎ বিবেচনা না করে অনুমোদন দেওয়া হয়েছিল সিএনজি ফিলিং স্টেশনের। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা শুরু করার পর পথে পথে চোখে পড়ে সেই জাতীয় অপচয়ের মহোৎসব। প্রাসাদতুুল্য সেসব বেশির ভাগই গ্রাহকহীন, তার সঙ্গে আটকে আছে বিভিন্ন ব্যাংকের ঋণ। অপচয়ের সেই স্বর্ণযুগে সিএনজি স্টেশনের অনুমোদন দেওয়ার সরকারি কর্তৃপক্ষ ছিল যথারীতি বিবেচনাহীন, কিন্তু বিভিন্ন ব্যাংকের ঋণ অনুমোদনকারী কর্মকর্তারা কোন বিবেচনায় ভবিষ্যৎহীন এসব প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছিলেন তার একটা যথাযথ তদন্ত হওয়া উচিত। এতে যে কেবল ব্যাংকের ঋণ খেলাপি হয়েছে তা নয়, উপরিউক্ত সব কটি ক্ষেত্রে বিদেশি মুদ্রা নষ্ট করে যন্ত্রপাতি আমদানির মাধ্যমে অপচয় করা হয়েছে জাতীয় সম্পদ। জাতীয় সম্পদের এ রকম অপচয়ের হাজারো দৃষ্টান্ত তুলে আনা যাবে, যার বেশির ভাগই ঘটে আমাদের উদাসীনতা এবং বিবেচনাবোধরহিত আচরণের জন্য। যেমন ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় তৈরি করা হয়েছে বহু ফুটওভারব্রিজ, তার মধ্যে প্রাচীনতম ফার্মগেটের প্রধান ব্রিজটি ছাড়া আর কোনোটাই তেমন ব্যবহার হয় না, পুলিশের চোখের সামনে দিয়ে ওভারব্রিজ এড়িয়ে লোকজন নিচ দিয়েই রাস্তা পেরোচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি অব্যবহূত ফুটওভারব্রিজের এই বিলাসিতা দেখে আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। এগুলোকে অপচয় বলা অন্যায্য হতো যদি পথচারীরা এর যথাযথ ব্যবহার করত।ঠিক এ রকমই কাগজ ও ছাপার কালির অপচয় ঘটে পাবলিক লিমিটেড কোম্পানির মুদ্রিত ব্যয়বহুল বার্ষিক প্রতিবেদনে, যার বাস্তব ব্যবহার প্রায় নেই বললেই চলে। বিষয়টি কোম্পানি আইনের ধারা মোতাবেক বাধ্যতামূলক। অপচয় এবং পরিবেশের কথা বিবেচনা করে কোম্পানি আইনের এই ধারাটি পরিবর্তন করে বিকল্প বিধান প্রবর্তনের সময় এসেছে। আইনপ্রণেতাদের কাছে বিষয়টি তুলে ধরা যেতে পারে। অবশ্য আইনপ্রণেতাদের অপচয়ের মাত্রাও খুব কম নয়, বরং উল্লিখিত দৃষ্টান্তগুলোর তুলনায় অনেক বেশি। জাতীয় সংসদের কার্যক্রম চালাতে গিয়ে যে সময়, তথা সম্পদের অপচয় হয় সেটি পত্রপত্রিকার সুবাদে আজ আর মানুষের অজানা নেই। পত্রিকান্তরে প্রকাশিত খবরে জানা যায়, বর্তমানে অধিবেশন চলাকালে জাতীয় সংসদের আনুষঙ্গিক ব্যয়ের মোট পরিমাণ প্রতি মিনিটে ৩০ হাজার টাকা। গত তিন বছরের এ রকম অপচয়িত সময়ের পরিমাণ নাকি আট হাজার মিনিট এবং এতে মোট অপচয় ২৪ কোটি টাকা। যদিও সময়ের অপচয়ের হিসাবকে এভাবে টাকার অঙ্কে পরিমাপ করার কোনো সুযোগ নেই বলে মনে করেন সংসদের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। কারণ তাঁরা সাংসদদের বেতন-ভাতা, মন্ত্রীদের স্টাফ, গাড়িসহ অন্যান্য খরচ হিসাবে আনেন না। তার সঙ্গে যদি বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, ফায়ার সার্ভিস ইত্যাদির খরচ যুক্ত হয়, টাকার অঙ্কে তা হবে বিশাল। অবশ্য এটাই স্বাভাবিক, অপচয়কারীরা কখনোই অপচয়ের কথা স্বীকার করবেন না।ভোগবাদী পশ্চিমা বিশ্বের বাজার দাঁড়িয়ে আছে অপচয়ের ওপর, যার প্রধান চাবিকাঠি হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড সম্পর্কে একটা মজার সংজ্ঞা থেকে এটির ভোগবাদী চরিত্র অনুধাবন করা যায়। সংজ্ঞাটি হচ্ছে: ক্রেডিট কার্ড হলো একটা জাদুর প্লাস্টিক পাত, যা দিয়ে অনেক কিছু কেনা যায়, যার কোনো প্রয়োজন নেই, যা কেনার জন্য নগদ কোনো টাকা লাগে না এবং এমন সব লোকজনকে তাক লাগানোর জন্য যাদের সঙ্গে আপনার কোনো পরিচয় নেই। ক্রেডিট কার্ডের এই ব্যঙ্গাত্মক সংজ্ঞাটি থেকেই পাশ্চাত্যের ভোগবাদী চরিত্রটি আঁচ করতে পারা যায়। উন্নত বিশ্বে ক্রেডিট কার্ডের ব্যবহার বন্ধ হয়ে গেলে বিপর্যয়ের মুখে পড়বে সেসব দেশের অর্থনীতি। কারণ মানুষের এই অপচয়ী স্বভাবের জন্যই টিকে আছে বহু ধরনের ব্যবসা-বাণিজ্য এবং দ্রুততর ঘুরছে অর্থনীতির চাকা। তবে ভবিষ্যৎ প্রজন্মর কথা স্মরণে রেখে সম্পদের অপচয় রোধ করলে হয়তো কিছুটা থমকে যাবে অর্থনীতির গতি, কিন্তু আরও সুন্দর হবে আমাদের বিশ্ব। ফারুক মঈনউদ্দীন: লেখক ও ব্যাংকার। [email protected]