অপটিক্যাল ফাইবার প্রকল্প নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডে তুঘলকি কারবার চলছে। প্রথম আলোর প্রতিবেদনে প্রকাশ, দেশে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা দিতে সুরক্ষিত, উচ্চগতির অপটিক্যাল ফাইবার লাইন ও উচ্চক্ষমতার ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপন প্রকল্প নিয়ে গত চার বছরে দুবার প্রকল্প বাতিল করা হয়েছে। এরপর অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি ভারতীয় কোম্পানির সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা-ও হয়েছে ক্রয়বিধি ভঙ্গ করে।
সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ নির্মাণে উচ্চগতির ইন্টারনেট ও টেলিযোগাযোগের বিকল্প নেই। পৃথিবীতে সবকিছুই এখন ডিজিটাল হয়ে যাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে স্বল্পমূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেশে ইন্টারনেটের গতি যেমন কম, তেমনি তার মূল্যও অনেক বেশি। কিছুদিন আগেই খবর বেরিয়েছিল, ইন্টারনেট ব্যবহারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিকে। এই বাস্তবতা ডিজিটাল বাংলাদেশ গড়ার অনুকূল নয়।
অন্যদিকে এ ধরনের একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের এমন গড়িমসি মোটেও গ্রহণযোগ্য নয়। প্রকল্পটির রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম হয়েছে। এ প্রসঙ্গে সচিব যে দায়িত্বজ্ঞানহীন কথা বলেছেন, তা গ্রহণযোগ্য নয়। প্রথম দফায় জাইকার ঋণে যখন প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা ছিল, তখন যে প্রতিষ্ঠানটি যোগ্য বিবেচিত হয়েছিল, বিটিসিএল তাকে কাজ দেয়নি। ফলে এই প্রশ্ন প্রাসঙ্গিক, যোগ্য প্রতিষ্ঠানকে কাজ না দেওয়ার পেছনে বিটিসিএলের কর্মকর্তাদের কায়েমি স্বার্থ আছে কি না। আবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব পাঁচটি কোম্পানির চেয়ারম্যান। এতে মন্ত্রণালয়ে তাঁর একচ্ছত্র আধিপত্য কায়েম হয়েছে।
যেকোনো সরকারি প্রকল্পে স্বচ্ছতা থাকবে, সেটাই মানুষ প্রত্যাশা করে। আর জাইকার মতো প্রসিদ্ধ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঋণে প্রকল্প করতে চাইলে তারাও চাইবে, এতে স্বচ্ছতা থাকুক। তা না হলে তাদের কাছ থেকে ভবিষ্যতে ঋণ পাওয়া কঠিন হবে। বিটিসিএলের এসব অনিয়মের কারণে দেশ ক্ষতিগ্রস্ত হলো, আমরা আরও একবার পিছিয়ে গেলাম, এর আগে ২০০৩-০৪ সালেও ফাইবার অপটিক লাইন স্থাপনে এমন গড়িমসি হয়েছিল। এই ঘটনার তদন্ত হোক। যারা এর জন্য দায়ী, প্রয়োজনবোধে তাদের আইনের আওতায় আনা হোক।