গত মঙ্গলবার ঈদুল আজহার দিনে ময়মনসিংহ শহরে ‘বহুরূপী নাট্য সংস্থা’র কার্যালয়ে যারা অগ্নিসংযোগ করেছে, তাদের পরিচয় আমরা জানি না, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি অনুমান করা যায়। নাট্যকলার প্রতি ঘৃণাই তাদের এই অপকর্মের পেছনে কাজ করেছে। ময়মনসিংেহর মানুষ ব্যথিত ও বিস্মিত হয়েছেন, কারণ কোনো সাংস্কৃতিক সংগঠনের বিরুদ্ধে এমন আক্রোশমূলক ঘটনা এর আগে তাঁরা তাঁদের শহরে ঘটতে দেখেননি।
‘বহুরূপী নাট্য সংস্থা’র কার্যালয়ে অগ্নিসংযোগকারীরা সেখানকার কোনো জিনিস চুরি করেনি, বরং পুড়িয়ে ফেলেছে। তাদের জ্বালানো আগুনে পুড়ে গেছে একটা কম্পিউটার, নাটকের কিছু সিডি, পাণ্ডুলিপি ও কিছু কাগজপত্র। ময়মনসিংহের নাগরিক সমাজ পরদিন এই ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে। তারা সেখানে বলেছে, নাট্যসংগঠনটির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। যারা বাংলাদেশের সংস্কৃতিকে হত্যা করতে চায়, এটা তাদের কাজ। যদিও অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা যায়নি, তবু ময়মনসিংহবাসী সংস্কৃতিমনা নাগরিকদের এই অনুমিত অভিযোগ সত্য হতে পারে। তবে আমরা অনুমান নয়, নিশ্চিতভাবে জানতে চাই এই ঘৃণিত অপকর্ম কারা করেছে। সে জন্য তাদের শনাক্ত ও গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করানো জরুরি।
দেশের বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর আঘাত এসেছে। বিভিন্ন উৎসব উপলক্ষে গ্রামাঞ্চলে যেসব ঐতিহ্যবাহী মেলা বসত, সন্ত্রাসী হামলার আশঙ্কায় সেগুলো সংকুচিত হয়েছে। ঐতিহ্যবাহী যাত্রাপালা বিলুপ্ত হতে চলেছে। মফস্বল শহরগুলোয় গানবাজনা, নাটক ইত্যাদি সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। ঈদের দিন ময়মনসিংহ শহরে নাট্যসংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগও সেই একই ধারার অপকর্ম কি না, তা অবশ্যই জানা দরকার।
উগ্র প্রতিক্রিয়াশীল বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশে নাট্যকলা, সংগীত, নৃত্যকলা প্রভৃতি সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। একাধিক বাউলশিল্পী গুপ্তহত্যার শিকার হয়েছেন। এই ধারা এভাবে চলতে দেওয়া যায় না। সংস্কৃতিবিরোধী অপশক্তিগুলোকে অবশ্যই কঠোরভাবে দমন করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সমাজের সব মানুষকে এগিয়ে আসতে হবে।