টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর বনাঞ্চলের নয় কিলোমিটার সড়ক কার্যত অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একের পর এক নানা ঘটনা ঘটে গেলেও এ নিয়ে কারও যেন কোনো দায় নেই। এই নিস্পৃহতা বড়ই বিস্ময়কর।
প্রথম আলোর খবর অনুযায়ী, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার পঁচিশ মাইল বাসস্ট্যান্ড থেকে রসুলপুর পর্যন্ত ওই নয় কিলোমিটার সড়কের দুপাশে বন। একটি বাসস্ট্যান্ড ছাড়া রাস্তার পাশে কোনো বাড়িঘর বা লোকালয় নেই। এই নির্জন এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ছিনতাই, ডাকাতির মতো ঘটনা ঘটছে প্রায়ই। এ ছাড়া প্রায়ই লাশ উদ্ধার করা হয় ওই সড়ক থেকে। গত মাসে বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুনকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করে এই এলাকাতেই ফেলে রাখা হয়।
২০০৯ সালে ওই সড়কে ডাকাতির ঘটনায় এক শিক্ষক নিহত হওয়ার পর সেখানে পুলিশি প্রহরায় যানবাহন পারাপারের ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু আড়াই বছর ধরে তা বন্ধ রয়েছে। কার সিদ্ধান্তে বা কেন তা বন্ধ হলো এই জবাবটি কি মিলবে? রাস্তায় পুলিশি টহল ছাড়া এখন নিরাপত্তার আর কোনো ব্যবস্থা নেই। আর এই সুযোগ নিচ্ছে অপরাধীরা। অপরাধ করে গা ঢাকা দিচ্ছে বনের ভেতরে।
কিন্তু এ রকম তো চলতে পারে না। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আর কার্যত দায়িত্ব পালন করার দায় হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্টতই ব্যর্থতার পরিচয় দিয়েছে।
মধুপুর বনাঞ্চলের এই সড়কটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে আমরা আর কোনো গাফিলতি দেখতে চাই না। এই সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি প্রহরায় যানবাহন পারাপারের ব্যবস্থাটি আবার চালু করা থেকে শুরু করে প্রয়োজনীয় যেকোনো উদ্যোগই নিতে হবে। বাড়াতে হবে পুলিশ টহল। এই সড়কের আশপাশের এলাকায় যারা অপরাধের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।