অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য আসেন—এটা আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু কোনো ছাত্রীকে যদি লাঞ্ছনার শিকার হয়ে দেশে ফিরে যেতে হয়, তবে তা দেশের মান–মর্যাদা কোথায় নিয়ে দাঁড় করায়? উত্তরায় বেসরকারি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ভারতীয় এক ছাত্রীর সতীর্থদের হাতে লাঞ্ছিত হওয়া ও দেশে ফিরে যাওয়ার ঘটনাটি লজ্জাজনক।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভারতের কাশ্মীরের ওই ছাত্রী এ বছর এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেছিলেন। ৪ মার্চ একই মেডিকেল কলেজের জ্যেষ্ঠ কয়েকজন ছাত্র তাঁকে তুলে নিয়ে যান। পরে ফিরে এসে ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। লাঞ্ছনার শিকার ছাত্রীকে কলেজ হাসপাতালের মেডিকেল বিভাগে ভর্তি করা হয়েছিল। এ ঘটনার পর ওই ছাত্রী দেশ ছেড়ে চলে গেছেন এবং খুব স্বাভাবিকভাবেই এই মেডিকেল কলেজে ভর্তি হওয়া বিদেশি অন্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ কলেজ ছেড়ে যাওয়ার পরিকল্পনার কথাও কর্তৃপক্ষকে জানিয়েছেন।
একজন বিদেশি শিক্ষার্থীর প্রতি এই আচরণ দেশের মান–মর্যাদাকে চরম ক্ষতিগ্রস্ত করেছে। এই ক্ষতি পূরণ না করা গেলেও এ ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঠেকানো যেতে পারে। কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে, উত্তরা পশ্চিম থানায় এ নিয়ে অপহরণচেষ্টার একটি মামলা হয়েছে। আমরা আশা করব, জড়িত ছাত্রদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের যথাযথ প্রাতিষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইনে তঁাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সব শিক্ষার্থী, বিশেষ করে বিদেশিদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের। এ ঘটনার পর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যে ভীতি ছড়িয়ে পড়েছে, তা দূর করতে হবে কর্তৃপক্ষকে। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই তা নিশ্চিত করা সম্ভব।