অপরিকল্পিত নগরায়ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই বুঝতে পারছে, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই উন্নয়নের ধারাটি কতটা পরিকল্পিত, তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়ে গেছে। নদী নালা খাল বিল ভরাট করে সেখানে ভবন তোলা হচ্ছে, ফসলি জমির মধ্য দিয়ে রাস্তাঘাট বানানো হচ্ছে। প্রাকৃতিক জলাধার নষ্ট হচ্ছে। এর ভয়াল বিরূপ প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে হয়তো টের পাওয়া যায় না, কিন্তু যখন টের পাওয়া যায় তখন ভুল সংশোধনের সময় আর থাকে না। ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় নগরের উত্থানের অভিজ্ঞতা অন্তত তা-ই বলে।

এ কারণে যেসব এলাকা এখনো প্রাকৃতিক শৃঙ্খলার বাইরে যায়নি, দ্রুত নগরায়ণের পথে হাঁটা সত্ত্বেও যেসব এলাকাকে এখনো দখল-দূষণ পুরোপুরি গ্রাস করে ফেলতে পারেনি, সেসব এলাকার দিকে বিশেষ নজর দেওয়া দরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সেসব জায়গাকে বিশেষ পরিকল্পনার আওতায় আনা দরকার। তেমনই একটি শহর বরগুনা।

প্রথম আলোয় প্রকাশিত বরগুনা শহরের উন্নয়নসংক্রান্ত একটি প্রতিবেদনের ভাষ্য থেকে জানা যাচ্ছে, নাগরিক উন্নয়নের করাল ছোবলে এখনো প্রাকৃতিক সৌন্দর্য হারায়নি বরগুনা। অনেকটাই প্রকৃতির সতেজতা নিয়ে এখনো বেঁচে আছে শহরটি। এখনো অতটা বিষিয়ে ওঠেনি শহরের বাতাস। এখানকার বাতাস শিল্পকারখানা বা মোটরযানের বিষাক্ত ধোঁয়ায় ঝাঁজালো হয়নি। কালো ধোঁয়া কিংবা অত্যধিক ধুলোবালি থেকে বাঁচতে এখানে নাক ঢাকতে হয় না। অনেক বাড়ির সামনে গাছগাছালির সবুজে ভরা আঙিনা আছে। শহরের প্রাণকেন্দ্রে একটি পরিত্যক্ত লেককে (নাথপট্টি লেক) পৌরসভার অধীনে নিয়ে আধুনিকায়ন করার পর এটাই হয়ে উঠেছে শহরবাসীর প্রধান বিনোদনকেন্দ্র। আর প্রাতর্ভ্রমণ ও বৈকালিক ভ্রমণের জন্য মানুষ ভিড় করে সার্কিট হাউসের সামনের ঈদগাহ মাঠ, শিমুলতলা, শহীদ স্মৃতিসৌধের মাঠে। আয়তনে ছোট হলেও শহরটির অনন্য বৈশিষ্ট্য হলো এর শৃঙ্খলা। নির্জন-নিরিবিলি এই এলাকাও যেন প্রকৃতির সবুজ-শীতল ছায়ায় শুয়ে আছে। শহরে চলার বাহন বলতে ব্যাটারি ও পায়ে চালানো রিকশা। কোথাও যানজট নেই।

কিন্তু দ্রুতই শহরটি বড় হচ্ছে। যানবাহন, মানুষ, স্থাপনা বাড়ছে। কিন্তু কোনো কিছুই পরিকল্পিতভাবে হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী না হওয়ায় ক্রমশ দম বন্ধ হওয়ার পরিবেশ গ্রাস করছে সতেজ-সবুজ শহরকে। এই অবস্থায় সরকারকে দ্রুত এদিকে নজর দিতে হবে। সময় পার হয়ে গেলে অন্য শহরগুলোর মতো এ শহরও জনজীবনের জন্য কষ্টকর হয়ে উঠবে। তবে আশার কথা, বরগুনা শহরকে পরিকল্পিত নগরায়ণের আওতায় আনতে ২০১৪ সালে ‘মাস্টারপ্ল্যান’ করা হয়েছে। প্ল্যানটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। সেটি অনুমোদন পেলে একটি আইনি কাঠামো এবং পরিকল্পনামাফিক শহরের উন্নয়ন সম্ভব হবে।

বরগুনার মতো অন্য যেসব শহর এখনো চূড়ান্ত রকমের দূষণ-দখল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, সরকার চাইলে সেগুলোকে চিহ্নিত করতে পারে। সেসব শহরকেও মাস্টারপ্ল্যানের আওতায় আনলে সুশৃঙ্খল নগরায়ণের পথ উন্মোচিত হতে পারে।