করোনার প্রাদুর্ভাবের মধ্যেও কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। এটি যেমন আশা জাগায়, তেমনি সৈকতটি অপরিচ্ছন্ন থাকা উদ্বেগ তৈরি করে।
বাংলাদেশের প্রধান সমুদ্রসৈকত কক্সবাজার। ১৭ কোটি মানুষের জন্য একটি সমুদ্রসৈকত থাকা যথেষ্ট নয়। কুয়াকাটা সমুদ্রসৈকত ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে, বেড়েছে অবকাঠামোগত সুযোগ-সুবিধাও। সরকারি উদ্যোগে সেখানে নির্মিত হয়েছে রাখাইন কালচারাল একাডেমি, রাখাইন মহিলা মার্কেটসহ ঐতিহ্যবাহী কুয়া ও বৌদ্ধমন্দির। কুয়াকাটা যাওয়ার আরেকটি কারণ সেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকতের পাশেই দেড় শতাধিক একর জমিতে আছে নারকেল বাগান, যা ‘নারিকেল কুঞ্জ’ নামেই পরিচিত।
কিন্তু এই সমুদ্রসৈকতের সমস্যার অন্ত নেই। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রতি সপ্তাহে এখানে ৫০ থেকে ৬০ হাজার পর্যটক এলেও তাঁরা পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ পান না। সৈকত ঘিরে আছে নানা অবৈধ দোকানপাট ও রেস্তোরাঁ। কর্তৃপক্ষ বিভিন্ন সময় উদ্যোগ নিয়েও সেগুলো উচ্ছেদ করতে পারেনি। প্রভাবশালীরা আদালতের নিষেধাজ্ঞা নিয়ে উচ্ছেদ ঠেকিয়েছেন। যেখানে পর্যটক বা পর্যটনকেন্দ্র আছে, সেখানে ব্যবসা-বাণিজ্য থাকবেই। তা হতে হবে পরিবেশসম্মত উপায়ে। কুয়াকাটায় পর্যটকদের বিড়ম্বনার আরেকটি কারণ কোনো বাসস্ট্যান্ড না থাকা।
অভিযোগ আছে, সমুদ্রসৈকত রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে যে পর্যটন ব্যবস্থাপনা কমিটি আছে, তা সক্রিয় নয়। কমিটির বৈঠক নিয়মিত হয় না। আবার বৈঠক হলেও সিদ্ধান্ত কার্যকর হয় না। সমন্বয় কমিটি ও কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষের কাজেও সমন্বয় নেই। সৈকত ঘিরে যেসব মাছ ফ্রাই দোকান তৈরি হয়েছে, তারাই বেশি সৈকতের পরিবেশ দূষণ করে বলে পরিবেশবাদীদের অভিযোগ। সৈকত থেকে এগুলো তুলে দেওয়া দরকার।
করোনা চলে গেলে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকের ভিড় আরও বাড়বে। দেশের বাইরে থেকেও বিপুলসংখ্যক পর্যটক আসবেন। তাঁদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে কর্তৃপক্ষের উচিত সৈকত পরিচ্ছন্ন রাখার কাজটি নিয়মিত তদারক করা।
গত মঙ্গলবার কুয়াকাটা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন রাখতে মেরিন জার্নালিস্ট নেটওয়ার্ক সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে; যাতে সেভ আওয়ার সি, কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা পর্যটন পুলিশের সদস্যরাও যোগ দিয়েছেন। তাঁদের এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে এ কথাও মনে রাখতে হবে যে সৈকত পরিচ্ছন্ন রাখার কাজটি এক দিনের নয়, নিয়মিত তদারকি প্রয়োজন। নিশ্চিত হোক কুয়াকাটায় পর্যটক ও পরিবেশবান্ধব পরিবেশ।