অপরিণামদর্শী সিদ্ধান্তের খেসারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শতাধিক শিক্ষার্থী চতুর্থ বর্ষের ফল প্রকাশের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন। ৮ অক্টোবর, নীলক্ষেত, ঢাকা। ছবি: জাহিদুল করিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শতাধিক শিক্ষার্থী চতুর্থ বর্ষের ফল প্রকাশের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেন। ৮ অক্টোবর, নীলক্ষেত, ঢাকা। ছবি: জাহিদুল করিম

জাতীয় বিশ্ববিদ্যালয় বিপুলসংখ্যক শিক্ষার্থীর ‘পাঠ ও পরীক্ষা’ সামাল দিতে পারছে না বলে গত ফেব্রুয়ারি মাসে ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা ছিল অনেকটা মাথাব্যথার কারণে মাথা কেটে ফেলার শামিল। সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হলে কী পরিস্থিতি দাঁড়াবে, এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো প্রয়োজনীয় লোকবল ও অবকাঠামো তাদের আছে কি না, সেটি নীতিনির্ধারকেরা আগে ভেবে দেখেছেন বলে মনে হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসার পর থেকেই উল্লিখিত সাতটি কলেজের পরীক্ষা ও ফল প্রকাশ নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সতীর্থরা আগেই ফল পেয়ে গেছেন। গত ২০ জুলাই পরীক্ষার রুটিনসহ পাঁচ দফা দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলে চোখ হারান সিদ্দিকুর রহমান নামে তিতুমীর কলেজের এক শিক্ষার্থী। এরপরও সংশ্লিষ্টদের চৈতন্যোদয় হয়নি। বাধ্য হয়ে শিক্ষার্থীরা রোববার রাজধানীর নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে বিক্ষোভ করেন।
এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে, যা খুবই দুঃখজনক। দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে যত বিরোধই থাকুক না কেন, তার খেসারত কেন সাধারণ শিক্ষার্থীরা দেবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লোকবল ও প্রযুক্তিগত সহায়তা করারও আশ্বাস দিয়েছে। আশা করি, প্রতিশ্রুত সময়ে পরীক্ষার ফল প্রকাশিত হবে এবং শিক্ষার্থীদের আর আন্দোলন করতে হবে না।
ফল প্রকাশে বিলম্বের যুক্তি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে আসছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ করার জন্য যে লোকবল ও অবকাঠামোগত সুবিধা থাকা দরকার, তা তাদের নেই। নিজস্ব শিক্ষার্থীর পাঠ ও পরীক্ষা
নিয়েই তাদের হিমশিম খেতে হচ্ছে। সেটাই যদি হবে, তাহলে গত ফেব্রুয়ারি মাসে কেন তারা আপত্তি জানাল না?
পুরো বিষয়টি পুনর্বিবেচনার দাবি রাখে। এভাবে শিক্ষাকে সরকারি ও বেসরকারি কিংবা ঢাকা ও ঢাকার বাইরের কলেজকে আলাদা করা কতটা যৌক্তিক তা পুনর্মূল্যায়ন করা উচিত। অভিন্ন পাঠক্রমে পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে একই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত রাখার পক্ষে যুক্তি থাকলেও তার সুষ্ঠু ব্যবস্থাপনার সামর্থ্য বিবেচনা করা দরকার।