যেসব উপায়ে নারী ও শিশুদের ওপর জুলুম-নির্যাতন করা হয়, তন্মধ্যে জোরপূর্বক অপহরণ ও পাচার অন্যতম। নারী ও শিশুকে অন্যায় ও অবৈধভাবে তাদের বাসাবাড়ি থেকে দেশের অভ্যন্তরে বা দেশের বাইরে পতিতাবৃত্তি বা শ্রমকাজের জন্য অর্থের বিনিময়ে পাঠিয়ে দেওয়াই মানব পাচার। ইসলাম যেকোনো রকম জুলুম-নির্যাতন প্রতিরোধে সোচ্চার। তাই মানব পাচার ও অপহরণ রোধে ইসলামের ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ। অপহরণ ও পাচারকারী চক্র মানুষের বিশ্বাসের চরম অবমাননা ও অবমূল্যায়ন করে থাকে। নবী করিম (সা.) যথার্থই বলেছেন, ‘এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কিছুই নেই যে, তুমি এমন ব্যক্তির সঙ্গে মিথ্যার আশ্রয় নেবে, যে তোমাকে বিশ্বাস করে।’ (আবু দাউদ)বর্তমান যুগে একদল জঘন্য অপরাধী লোক মানব পাচার করার কাজকে পেশা হিসেবে গ্রহণ করেছে। নিত্যনতুন কৌশল আবিষ্কার করে তারা মুক্তিপণ আদায়ের জন্য অসহায় নারী ও শিশু অপহরণ এবং পাচারের মতো ইসলাম পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা এমন অনেক বিষয়ের প্রলোভন দেখায় যাতে নারী বা শিশুর অভিভাবক নিজেদের সন্তানকে স্বেচ্ছায় তাদের হাতে তুলে দেয়। আবার কখনো অপহরণ করে বা চুরি করে পাচার করে। নারী ও শিশুদের পাচারের জন্য বিভিন্ন সুযোগের অপেক্ষায় থেকে পরিবেশ পরিস্থিতি বুঝে তারা কৌশল গ্রহণ করে। নারী ও শিশু পাচারের পেছনে কোনো মহৎ উদ্দেশ্য জড়িত নেই। অবৈধ পন্থায় অর্থ উপার্জনই অপহরণ ও পাচারকারীদের মূল লক্ষ্য। তা ন্যায় কি অন্যায় পথে হচ্ছে—এটিকে তারা বড় করে দেখে না। যারা উপার্জনের ক্ষেত্রে হালাল-হারামের প্রশ্নে সাবধানতা অবলম্বন করে না, তাদের ব্যাপারে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি নিজের সম্পদ কোথা থেকে উপার্জন করবে তার পরোয়া করে না, আল্লাহ কোন্ দরজা দিয়ে তাকে জাহান্নামে ঢুকাবেন তার পরোয়া করবেন না।’ (বায়হাকি)অসচেতন নারী-পুরুষ, শিশু বা যেকোনো মানুষই পাচারকারীর কবলে পড়তে পারে। বাণিজ্যিকভাবে পতিতাবৃত্তি, বাধ্যতামূলক শ্রম ও বিভিন্ন ধরনের দাসত্বের উদ্দেশ্যে বিশেষ করে নারী ও শিশু বিপুলসংখ্যক পাচার হচ্ছে। যেসব জঘন্য উদ্দেশ্যে নারী ও শিশু অপহরণ বা পাচার করা হয়, ইসলাম তার একটি কাজকেও সমর্থন করে না। পাচারকারীরা নারী ও শিশুদের সাধারণত যেসব অবৈধ ও অমানবিক কাজে নিয়োজিত করে, তা শরিয়তসম্মত নয়। পাচারকৃত মানবসন্তানকে প্রচুর অর্থের বিনিময়ে বিক্রি, নারীদের পতিতাবৃত্তি বা অশ্লীল ছবি তৈরির অসৎ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ শ্রম, যেমন—উটের জকি, অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র চোরাচালানসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করা হয়। এসব কাজ ইসলামে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। অথচ আমাদের সমাজে বিধবা, তালাকপ্রাপ্ত নারীদের অবহেলা, অমর্যাদার কারণে একশ্রেণীর অসৎ মানুষ তাদের নানা প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে উন্নততর জীবনযাপনের মিথ্যা আশ্বাস দিয়ে দেশ-বিদেশে পাচার করে দেয়।নারী-শিশু অপহরণ ও পাচার একটি ভয়ানক অন্যায় ও পাপকাজ। ইসলাম যেহেতু নারী ও শিশু পাচারকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে এবং পাচারকারীদের কঠিন শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছে, সেহেতু পাচারের মাধ্যমে নির্যাতিত নারী ও শিশুদের জীবন রক্ষায় আত্মনিয়োগ করা প্রতিটি মুসলমানের ওপর অবশ্যকরণীয়। ইসলাম নারী ও শিশু অপহরণ ও পাচারকারীদের আদৌ ক্ষমা করবে না, তাদের অবশ্যই ইহকাল ও পরকালে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে। সুতরাং নারী ও শিশু অপহরণ ও পাচার ইসলামের দৃষ্টিতে কী জঘন্য অপরাধ, তা সহজেই অনুমেয়। নারী ও শিশু পাচার যাতে না হয় সে জন্য মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে এবং নারী ও শিশু পাচার হয়ে গেলে তাদের মুক্ত করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। অসহায় নারী, পুরুষ ও শিশুদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ‘তোমাদের কি হলো যে, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? অথচ দুর্বল নারী, পুরুষ ও শিশুরা চিৎকার করে বলছে যে, হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের জালিমের জনপদ থেকে উদ্ধার করুন। আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান।’ (সূরা আন-নিসা, আয়াত: ১৭৫) মানব পাচারসহ মানবাধিকার পরিপন্থী যাবতীয় অনাচার প্রতিরোধকল্পে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের আলোকে মানুষকে গড়ে তোলার প্রতি ইসলাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে। অপহরণ ও পাচার নৈতিকতাবিরোধী হারাম কাজ বিধায় এর মাধ্যমে উপার্জিত অর্থ-সম্পদও হারাম। পাচার রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের প্রচার ও প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানুষকে সদুপদেশের মাধ্যমে ইহকালীন লাঞ্ছনা ও পরকালীন ভয়াবহ পরিণতির কথা স্মরণ করে সচেতন থাকতে উদ্বুদ্ধ করা দরকার। মানব পাচারের মতো নিষিদ্ধঘোষিত জঘন্যতম ঘৃণ্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পার্থিব শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে সমাজের নিঃস্ব, অনাথ, অসহায় ও হতদরিদ্র লোকেরা আর ঘৃণ্য পাচারের শিকার হবে না। সমাজের শৃঙ্খলা বিধানের জন্য নারী ও শিশু অপহরণ ও পাচারের মতো জঘন্য অপরাধ দমনের জন্য প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের যে বিধান রাখা হয়েছে, তা ইসলামি দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগতিপূর্ণ। মানব পাচার অপরাধ দমনের জন্য এ মুহূর্তে গণসচেতনতা বৃদ্ধি করা এবং সামাজিক প্রতিরোধ অত্যন্ত প্রয়োজন। কেউ যেন কারও অধিকার হরণ করতে না পারে, সে জন্য সমাজের সবাইকে মানবাধিকার সচেতন করতে হবে। বিশেষ করে নারী ও শিশু অপহরণ ও পাচাররোধে জাতীয় পর্যায়ে সভা, সমাবেশ, সেমিনার, আলোচনা অনুষ্ঠানে মসজিদের ইমাম, খতিব, শিক্ষক ও ধর্মীয় নেতাদের জনসচেতনতা সৃষ্টিতে পাচারের মতো অন্যায়ের বিরুদ্ধে আলোচনায় সক্রিয় অংশগ্রহণ ও কার্যকর ভূমিকা পালন করা অতীব প্রয়োজন। এমতাবস্থায় ইসলাম প্রদত্ত মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারলে পাচারকারীরা দরিদ্র লোকদের আর অসৎ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না। ইসলামের শিক্ষা অনুযায়ী নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা ও দারিদ্র্য বিমোচন নিশ্চিত করতে পারলে অপহরণ ও পাচারকারীদের অপতৎপরতাও কমিয়ে আনা সম্ভব হবে। ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক। [email protected]