প্রবাদ রয়েছে, কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই। জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) দেশব্যাপী পুষ্টি কর্মশালার অবস্থা আরও শোচনীয়। এখানে কেতাবে বা গোয়ালে কোনোখানেই কিছু নেই। যা আছে, তা-ও দায়সারা এবং বরাদ্দ সারার কারসাজি মাত্র। জনগণের করের টাকায় অথবা বিদেশি সাহায্যে পরিচালিত এ ধরনের কিছু কর্মসূচি যে কতটা ফাঁপা, এ ঘটনায় তা প্রকাশিত হয়ে পড়ল। এর কী ব্যাখ্যা দেবেন জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা? গতকাল মঙ্গলবারের প্রথম আলোর ‘নামেই কর্মশালা, কাজে না’ শীর্ষক প্রতিবেদনটি এককথায় স্বাস্থ্য খাতে একটি অনিয়মের গুমর ফাঁস করেছে। গত এপ্রিল থেকে জুনের মধ্যে সারা দেশে এসব কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা। আইপিএইচএনের পুষ্টিসেবা কার্যক্রমের আওতায় এসব কর্মশালার আয়োজন করা হয় বলে দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানের হিসাবে এতে অংশ নেন ৩৩ হাজার ১৮৬ জন। তিন দিনের এসব কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্মানী বরাদ্দ ছিল ৭০০ টাকা এবং প্রশিক্ষণসামগ্রী বাবদ ব্যয় ধরা হয় আরও ৭০০ টাকা। আনুষঙ্গিক আরও কিছু খরচও হওয়ার কথা। টাকার অঙ্কে ব্যয়ের পরিমাণ মোটেই কম নয়।তিন দিন বলা হলেও বেশির ভাগ উপজেলায় হয়েছে মাত্র এক দিন বা অর্ধদিনের কর্মশালা। ৮০টি উপজেলায় তিন দিন এবং ৪৬৭টি উপজেলায় হয়েছে মাত্র এক দিন বা অর্ধদিন করে। কিছু কিছু ক্ষেত্রে সেটাও হয়নি। কর্মশালা যা হয়েছে সেটাও নামকাওয়াস্তে। এ রকম একটি কর্মশালায় অংশ নিয়েছেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম। কর্মশালার প্রকৃত অবস্থা উঠে এসেছে তাঁর এই বক্তব্যে: ‘আইলাম আর গেলাম। কিছু টাকা পাইলাম। কলা, শিঙাড়া খাইলাম। এখানে পুষ্টিডা কোনখানে খুঁইজা পাইলাম না।’ দেশের পুষ্টি-পরিস্থিতি অতীব শোচনীয়। জনস্বাস্থ্যের বিপর্যয়, শিশু ও মাতৃমৃত্যুর জন্যও অপুষ্টিকেই বেশি দায়ী করা হয়। এত বড় মানবিক প্রয়োজন নিয়ে এ রকম অমানবিক কাণ্ড কোনোভাবেই সহ্য করা যায় না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক থেকে যথোচিত পদক্ষেপ তাই প্রত্যাশিত।