বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে—এই সাফল্যের বিপরীতে এক দুঃখজনক বাস্তবতা হলো, এ দেশে এখনো বিপুলসংখ্যক মানুষ অপুষ্টির শিকার। বিশ্বব্যাংকের অন্যতম জ্যেষ্ঠ পরিচালক টিমোথি ইভান্স গত রোববার ঢাকায় এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন, এ দেশে মানুষের অপুষ্টি দূর করা এখনো একটা বড় চ্যালেঞ্জ।
তাঁর এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার অবকাশ নেই। কারণ, বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০১৪ অনুযায়ী, দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৩৬ শতাংশের উচ্চতা ও ৩৩ শতাংশের ওজন বয়সের তুলনায় কম, আর ১৪ শতাংশ কৃশকায়। প্রয়োজনীয় পুষ্টির অভাবে শিশুরা খর্বকায় ও কৃশকায় হয়, তাদের ওজন হয় বয়সের তুলনায় কম। অপুষ্টির শিকার হলে শিশু বয়সের তুলনায় খাটো, ওজনে কম, শুকনো ও অপুষ্ট হয়। তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ভীষণভাবে বাধাগ্রস্ত হয়।
অপুষ্টির শিকার শুধু পাঁচ বছরের কম বয়সী শিশুরাই নয়; পাঁচ থেকে ১৮ বছর বয়সী, প্রসূতি, এমনকি পূর্ণবয়স্ক নারী-পুরুষদের মধ্যেও অপুষ্টি রয়েছে। পরিণত বয়সের আগেই মা হয়েছেন, এমন নারীদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বেশি। মায়েদের অপুষ্টির কারণে নবজাতক ও দুগ্ধপোষ্য শিশুদেরও পুষ্টির অভাব ঘটে।
দারিদ্র্য হ্রাস, সম্পদ বৃদ্ধি ও শিক্ষিত মা-বাবার সংখ্যা ক্রমেই বাড়ার ফলে গত এক দশকে পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু এর গতি অত্যন্ত ধীর। তা ছাড়া, অপুষ্টির কিছু মৌলিক কারণ রয়েছে, যেগুলো দূর করতে হলে জাতীয় সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বণ্টনব্যবস্থার বৈষম্য কমাতে হবে। জনগোষ্ঠীর সব অংশের মানুষের জন্য প্রয়োজনীয় পরিমাণ পুষ্টিকর খাবার নিশ্চিত না হওয়া পর্যন্ত অপুষ্টি সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হবে না।
অপুষ্টির শিকার যেহেতু মূলত দরিদ্র জনগোষ্ঠী, তাই প্রধান কর্তব্য—দারিদ্র্য দূর করা। এ ছাড়া অতি মাত্রায় ভাতনির্ভরতা কমানো প্রয়োজন। খাদ্যতালিকায় আমিষ ছাড়াও শাকসবজি, ডাল ইত্যাদি আরও বেশি পরিমাণে যুক্ত করার অভ্যাস গড়ে তুলতে হবে।