অপুষ্টিতে ২ কোটি ৬০ লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, যোগাযোগব্যবস্থার উন্নতি—এগুলো দেশের পুষ্টি পরিস্থিতির উন্নতিতে সরাসরি ভূমিকা রাখছে। শিশুদের ভিটামিন ‘ই’ ক্যাপসুল খাওয়ানো, লবণের সঙ্গে আয়োডিন যুক্ত করাসহ সরকারি ও আন্তর্জাতিক নানা উদ্যোগের ফলে গত শতকের নব্বইয়ের দশকের তুলনায় বর্তমানে বাংলাদেশে পুষ্টি পরিস্থিতির অনেক অগ্রগতি হয়েছে। তারপরও বাংলাদেশে এই বিপুলসংখ্যক মানুষ কেন অপুষ্টিতে ভুগবে?

অস্বীকার করার উপায় নেই যে শিশু-নারীসহ সব বয়সী মানুষের অপুষ্টির সমস্যাটি খাদ্য পরিস্থিতির সঙ্গে জড়িত। বাংলাদেশ খাদ্যে স্বনির্ভরতা অর্জন করেছে, এ রকম দাবি করা হয়। সত্য যে দেশে আজ আর অনাহারে মানুষ মারা যায় না। কিন্তু এ জন্য আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। মানুষের শুধু প্রাণ রক্ষা করার মতো খাদ্য পেলেই চলে না, একটি জাতির সামগ্রিক অগ্রগতির জন্য তার মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। এটা নিশ্চিত হতে পারে সবার জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার মধ্য দিয়ে।

তবে এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, অপুষ্টির সমস্যা দূর করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, তথ্য, অর্থ, পরিকল্পনা, খাদ্য, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে—এ কথা অনেক দিন ধরেই বলা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, এসব মন্ত্রণালয়কে কার্যকরভাবে এক জায়গায় বসানো যাচ্ছে না।

এ ছাড়া পুষ্টিনীতির আওতায় দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। এর ফলে অনেক কাজ আটকে আছে। তাই যত দ্রুত সম্ভব এই পরিকল্পনা চূড়ান্ত করতে হবে। পাশাপাশি চলমান পুষ্টি কার্যক্রমের ঘাটতিগুলো শনাক্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে।