অপেক্ষার পালা কবে শেষ হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ওয়ালিদ আশরাফ নামে ওই বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী গত রোববার থেকে ফের অনশনে বসেছেন। তাঁর দাবি, হাইকোর্টের আদেশ অনুযায়ী ১০ এপ্রিলের মধ্যে নির্বাচনের ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সময়ে ডাকসু প্রতিনিধি ছাড়াই সিন্ডিকেটের বৈঠকে উপাচার্য প্যানেল নির্বাচন করা হলে উচ্চ আদালতে তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। মাননীয় হাইকোর্ট সেই বৈঠককে অবৈধ ঘোষণা করে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন করে সিন্ডিকেটের পূর্ণাঙ্গ বৈঠক করে উপাচার্য প্যানেল নির্বাচন করার নির্দেশ দেন। এরই প্রেক্ষাপটে সাবেক উপাচার্যকে বিদায় নিতে হয় এবং রাষ্ট্রপতি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অধ্যাপক আখতারুজ্জামানকে নতুন উপাচার্য পদে নিয়োগ দেন। ১০ এপ্রিল হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষ হবে।

২০১৭ সালের ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে টানা ১৫ দিন অনশন করেছিলেন ওয়ালিদ আশরাফ। এ সময় তাঁর ওপর সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটে। উপাচার্য আখতারুজ্জামানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সে সময় তিনি অনশন প্রত্যাহার করেছিলেন। এদিকে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ২০১৯ সালের মার্চের মধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচন দেওয়ার ঘোষণা দেয়। চলতি বছরের ৩০ মের মধ্যে সব হলে ডাকসু নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে বলেছে সিন্ডিকেট।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত উচ্চ আদালতের নির্দেশের বরখেলাপ। উচ্চ আদালত যেখানে ছয় মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত প্রায় এক বছর সময় নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যেখানে তিন মাসের সময়সীমা নিয়ে জাতীয় নির্বাচন হতে পারে, সেখানে ডাকসু নির্বাচন হতে দেড় বছর লাগবে কেন? এর আগে ডাকসু নির্বাচনের বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখতিয়ার বলে মন্তব্য করেছিলেন। এখন মনে হচ্ছে এখতিয়ার অনুযায়ী দায়িত্ব পালনের সাহস তাদের নেই। এ কারণেই গত ২৮ বছর ধরে ডাকসু তথা সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আটকে আছে।

তিয়াত্তর সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী সব বিশ্ববিদ্যালয় না হলেও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বশাসন ভোগ করে থাকে। তাহলে কেন তারা শিক্ষার্থীদের স্বার্থে ছাত্র সংসদগুলোর নির্বাচন করতে পারবে না? কয়েক বছর আগে স্বয়ং রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে ডাকসু নির্বাচনের তাগিদ দিয়ে বলেছিলেন, ‘ডাকসু নির্বাচন ইজ মাস্ট।’ তারপরও অনেক দিন চলে গেছে। উচ্চ আদালতের রায় সত্ত্বেও কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আগামী বছর মার্চের সিদ্ধান্ত বাতিল করে যত দ্রুত সম্ভব ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচনের ব্যবস্থা করুন। এর আগে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছে। আবারও সে রকম পরিস্থিতির সৃষ্টি হোক সেটি কারও কাম্য নয়। দেরিতে হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চৈতন্যোদয় হোক।

অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ডাকসু দিয়েই ছাত্র সংসদ নির্বাচনের বন্ধ দরজা খুলে যাক। শুধু ডাকসু নয়, সব বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র সংসদ নির্বাচন হোক। এসব নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা যেমন শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সচেষ্ট হবেন, তেমনি দেশের ভবিষ্যৎ নেতৃত্বও তৈরি হবে।