কী বিচিত্র ও অদ্ভুত অনৈতিকতা! শিক্ষকনেতারা অবৈধ নোটবই বিক্রিতে ব্যবহূত হচ্ছেন বিক্রির মুনাফার ভাগ পাওয়ার বিনিময়ে! আরও আশ্চর্য, এই বিক্রিবাট্টা ও ভাগ-বাঁটোয়ারার জন্য তাঁরা একটি গাইড বই প্রকাশকের সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছেন।আইনে নোটবই নিষিদ্ধ হলেও ‘সহায়ক বই’, ‘প্র্যাকটিস বুক’ ইত্যাদি নামে এই কারবার চলছে। পপি লাইব্রেরি নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের গাইড ও নোটবই দেদার বিক্রিও হচ্ছে। তারা ব্যবসাধন্য হচ্ছে। কারণ, প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তিবলে পপি লাইব্রেরির বিক্রীত প্রথম চার লাখ বইয়ের পরের প্রতিটি বই থেকে গড়ে সাড়ে সাত টাকা শিক্ষক সমিতি পাবে। এই টাকা পরে দেশব্যাপী তাদের অনুসারী শিক্ষকদের মধ্যে বিতরণ করা হবে। বই বিক্রিও হচ্ছে, প্রকাশক আর শিক্ষকনেতাদের মুনাফার ভাগাভাগিও চলছে। পাশাপাশি গাইড ব্যবসার রাঘববোয়ালেরাও বসে নেই। নোটবই নিষিদ্ধকরণ আইনটি ১৯৮০ সালে জারি করা হলেও এর কার্যকারিতা ছিল না। দেশজুড়ে অবাধে নোটবই বিক্রি মড়কের মতো ছড়িয়ে গিয়েছিল। একশ্রেণীর শিক্ষক ও ব্যবসায়ীদের যোগসাজশে শিক্ষার্থীদেরও এতে আসক্ত করা হয়েছিল। যে জাতি একবিংশ শতাব্দীতে যোগ্যতার সঙ্গে টিকে থাকতে চায়, তার জন্য এটা আত্মঘাতী। এই বিবেচনা থেকেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০০৯ সালে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো বিষয়ের নোটবই মুদ্রণ, প্রকাশ, আমদানি, বিতরণ ও বিক্রি নিষিদ্ধের আইন বাতিলের আবেদন খারিজ করে দেন। গাইড নামের পরগাছাও নিষিদ্ধ হয়। আদালতের কাজ আদালত করলেও শিক্ষকদের একাংশের গাফিলতি ও সুবিধাবাদিতায় ‘সকলই গরল ভেল’। এ অবস্থা চলতে পারে না। আমরা শিক্ষা মন্ত্রণালয়, আইন প্রয়োগকারী সংস্থাসহ শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও পরিবারের প্রতি আহ্বান জানাই, তারা যেন আদালতের রায় বাস্তবায়নে সচেষ্ট হয়। পাশাপাশি শিক্ষক সমিতির এই অনৈতিক কাজও বন্ধ করতে হবে। শিক্ষকেরা বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানাতে পারে। কিন্তু নিষিদ্ধ নোট বা গাইড বই বিক্রির সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে পারেন না।