অপ্রতিরোধ্য বখাটে ও হতাহত ব্যক্তিদের তালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুর মোহম্মদ ওরফে সুজন (২২) এখন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন। কারণ, তাঁর গলার রক্তনালিসহ বেশ কিছু অংশ কেটে গেছে।

কেন সুজনের এই অবস্থা, তা আজ শনিবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ছাপা হয়েছে। খবর অনুযায়ী, সুজনের স্কুলপড়ুয়া বোনকে মুসা নামের গ্রামের এক বখাটে যুবক কয়েক দিন ধরেই উত্ত্যক্ত করে আসছিল। এর প্রতিবাদ জানিয়েছিলেন সুজন। তিনি থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরিও করেন। আর এটাই কাল হয়ে দাঁড়ায় তাঁর জন্য। গত বৃহস্পতিবার রাতে মুসাসহ কয়েকজন যুবক কথা আছে বলে সুজনকে বাড়ি থেকে একটি কালভার্টের কাছে নিয়ে যায়। এরপর ওই যুবকেরা ধারালো অস্ত্র দিয়ে সুজনের গলা কাটা শুরু করে। এ সময় তাঁর চিৎকারে বাড়ি থেকে পরিবারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এই হলো সুজনের ঘটনা। না, বিরল কোনো ঘটনা নয় এটি। আগেও অনেক ঘটেছে, এখনো ঘটে চলেছে। উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে অনেকে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। এসব ঘটনা ধরে ধরে হিসাব করলে হতাহত ব্যক্তিদের তালিকাটা বেশ দীর্ঘই হবে। সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম, সুজন। দেশজুড়ে এমন আরও অনেক ঘটনাই ঘটে, যা আমরা জানতে পারি না বা গণমাধ্যমে আসে না। ফলে দীর্ঘ এই তালিকাও আসলে খণ্ডিত।

এই তালিকায় নাম রয়েছে মিজানুর রহমানের। তিনি ছিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর গ্রামের একটি বিদ্যালয়ের শিক্ষক। ২০১০ সালের অক্টোবর মাসের ঘটনা। ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেরা শিক্ষক মিজানুর রহমানের গায়ে মোটরসাইকেল তুলে দিয়েছিল। শুধু তা-ই নয়, লোহার রড দিয়ে তাঁকে বেদম প্রহার করে একপর্যায়ে তা ঢুকিয়ে দেওয়া হয় তাঁর চোখে। কয়েক দিন পর মারা যান মিজানুর রহমান।

হতাহত ব্যক্তিদের এই তালিকায় নাম আছে ফরিদপুরের মধুখালী উপজেলার চাঁপা রানীর। নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন তিনি। আর তাতে ক্ষিপ্ত হয়ে উত্ত্যক্তকারী যুবক তাঁর গায়ে মোটরসাইকেল তুলে দেয়। এতে মারা যান চাঁপা রানী।

তালিকায় নাম আছে লিমন মিত্র হরির। স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তাতে উত্ত্যক্তকারীরা বুকে ক্ষুর দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করে। ২০১১ সালের মে মাসে এ ঘটনা ঘটে।

তালিকায় নাম আছে খায়রুল হাসানের। নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় বখাটেরা দা, ছুরি ও রড দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনা ঘটেছে গত ফেব্রুয়ারি মাসে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়।

এ রকম নাম বলে শেষ করা যাবে না। আরও কত নাম এ তালিকায় যুক্ত হবে, তা কে বলতে পারে?

কারণ, বখাটেরা তো অপ্রতিরোধ্য। আর হবে নাই-বা কেন? অনেক ক্ষেত্রেই বখাটেরা থাকে ধরাছোঁয়ার বাইরে। অপরাধ করে যদি কেউ শাস্তির মুখোমুখি না হয়, তবে অপরাধ চলতেই থাকবে—এটাই স্বাভাবিক। প্রতিটি ক্ষেত্রে বখাটেদের শাস্তি নিশ্চিত করতে না পারলে এ ধরনের নৃশংসতা ও বর্বরতা থামানো যাবে না।

সামাজিকভাবে প্রতিরোধ বা সচেতনতার বিষয়টি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু এ ক্ষেত্রে মূল দায়টি সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখনে বড় ঘাটতি রয়েছে বলে ঘটনাগুলো ঘটেই চলেছে। প্রতিটি ঘটনায় বখাটেদের বিচার ও শাস্তি নিশ্চিত করা না গেলে এ রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। আর উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানো হতাহত ব্যক্তিদের নামের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই থাকবে।
রোকেয়া রহমান: সাংবাদিক