অপ্রয়োজনীয় নতুন বিদ্যুৎ লাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতির পরিমাণ প্রায় ৪০ শতাংশের কাছাকাছি, ফলে লোডশেডিংয়ে দেশ এখন বিপর্যস্ত। গরমে বিদ্যুতের চাহিদা যেমন বাড়ে, তেমনি বাড়ে লোডশেডিং। শহরাঞ্চলে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং আর গ্রামের অবস্থা আরও শোচনীয়। বিদ্যুতের যখন এত সংকট, তখন বিদ্যুৎ সরবরাহে নতুন বিতরণ লাইন স্থাপনের বিষয়টি বিস্ময়করই বটে!প্রথম আলো য় বুধবার প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমান অর্থবছরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সাত হাজার কিলোমিটার নতুন লাইন স্থাপন করতে যাচ্ছে। একই সঙ্গে গত কয়েক দিনের পত্রপত্রিকা ও গণমাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ আফিস ঘেরাও থেকে শুরু করে নানা কর্মসূচির খবরও প্রকাশিত হচ্ছে। যেখানে সংযোগ আছে, সেখানেই যখন বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না, তখন নতুন বিদ্যুৎ বিতরণ লাইন কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে, সরকারি দলের নির্বাচনী রাজনীতি, যা আসলে জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত, এ ধরনের ‘উন্নয়ন’কাজ মানেই হচ্ছে বাণিজ্য আর সে সুবাদে ভাগ-বাটোয়ারা করে নিয়ে যাওয়া।বিগত বিএনপির সরকারের সময় বিদ্যুৎসংকট যখন চরমে ছিল, তখনো একই ধরনের কাজ হয়েছে। বিদ্যুৎ নেই কিন্তু মাইলের পর মাইল বিদ্যুতের লাইন টানা হয়েছে, বসানো হয়েছে ‘খাম্বা’। এ নিয়ে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। বর্তমান সরকারের শীর্ষস্থানীয় নেতারা প্রায়ই বিএনপির আমলের খাম্বা-কাহিনি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে গরম বক্তৃতা দেন। এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগও সেই একই পথে হাঁটছে।আর বছর দেড়েক পরে আগামী নির্বাচন। গত অর্থবছরে যেখানে আরইবি নতুন লাইন স্থাপন করেছিল মাত্র ৩০৭ কিলোমিটার, সেখানে এ অর্থবছরে স্থাপন করবে সাত হাজার কিলোমিটার। বিভিন্ন এলাকার সাংসদেরা তদবির করে সরকারকে দিয়ে এ কাজটি করিয়ে নিচ্ছেন। তাঁরা নিজ নিজ এলাকায় বিদ্যুতের লাইন নিয়ে নিজেদের সেবার প্রমাণ রাখতে চান। কিন্তু যেখানে বিদ্যুৎই নেই, সেখানে লাইন টানলে তাঁদের মপরি আয় হলেও জনগণের কোনো লাভ হবে না।এখন আরইবির যে দুই লাখ ৩০ হাজার কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন রয়েছে, এর এক-চতুর্থাংশই বিদ্যুৎবিহীন। নতুন করে সাত হাজার কিলোমিটার লাইন টানার মানে হচ্ছে খাম্বা কাহিনির পুনরাবৃত্তি। আমরা আরইবির নতুন লাইন স্থাপন বন্ধের দাবি জানাচ্ছি। বিদ্যুৎ উৎপাদন না বাড়িয়ে নতুন এক কিলোমিটার লাইনও স্থাপন করা যাবে না।