অবকাঠামো উন্নয়ন বনাম গণতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর যাবৎ জানুয়ারি মাস এলেই আওয়ামী লীগের কারও কাছে আমার খুব জানতে ইচ্ছে করে: বলুন তো, বঙ্গবন্ধুর প্রথম স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি কে বা কারা পালনের কথা উচ্চারণ করেছিল? তখনো আওয়ামী লীগ ছিল, তার অঙ্গসংগঠন ছিল। নেতা, কর্মী ও সমর্থক ছিল অগণিত। তখনো দেশে সংবাদপত্র ছিল এবং স্বনামধন্য সাংবাদিক ছিলেন অনেকেই। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কবি, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন বহু। জানতে বড়ই ইচ্ছে করে, তাঁদের কে লিখেছিলেন কোথায় সে উপলক্ষে একটি রচনা। বঙ্গবন্ধুর মতো মহানায়কের শত্রুপক্ষের জল্লাদখানা থেকে মুক্তি পেয়ে তাঁর জনগণের কাছে ফিরে আসা ঐতিহাসিক ঘটনা। দিনটি যে স্মরণীয়, তা তাঁর ঘোর প্রতিপক্ষও স্বীকার করতে বাধ্য। সে সম্পর্কে প্রথম বছর প্রথম এবং একমাত্র প্রতিবেদনটি যে ব্যক্তি রচনা করেছিলেন, শুধু সেই প্রতিবেদনটিই ছাপা হয়েছিল কয়েকটি পত্রিকায়, তাঁর নামটি যদি কেউ বলতে পারেন, আমি কসম করে বলছি, উত্তরদাতাকে আমি পুরস্কৃত করব। আমি জানি, এ প্রশ্নের জবাব কেউ দিতে পারবেন না। দুই হতভাগা বঙ্গবন্ধুকে মনে করিয়ে দিয়েছিলেন ৯ জানুয়ারি: স্যার, আগামীকাল আপনার দেশে ফেরার এক বছর পূর্ণ হবে। তিনি হেসে বলেছিলেন, কী, এর মধ্যেই এক বছর হয়ে গেছে!তখন তিনি সাধারণ নির্বাচন নিয়ে ব্যস্ত। ’৭২-এর ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ’৭০-এর নির্বাচিত সদস্যদের সমন্বয়ে গঠিত গণপরিষদ ভেঙে দেওয়া হয়েছিল। ’৭৩-এর ৭ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আওয়ামী লীগের নেতারা মনোনয়ন প্রভৃতি পাওয়ার আশায় নাওয়া-খাওয়া সবকিছু ভুলে বঙ্গবন্ধুর চারদিকে মৌমাছির মতো ঘোরাফেরা করছিলেন। নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি যে একটি ‘দিবস’, তা নিয়ে ভাবার অবকাশ ছিল না কারও। বঙ্গবন্ধুর ‘হোম কামিং ডে’ সম্পর্কে দুর্বল ইংরেজিতে লেখা প্রতিবেদনটি দেখে তার লেখককে তিনি কী বলেছিলেন, আজ ৪০ বছর পরে তা অপ্রাসঙ্গিক। ৪০ বছরে দেশ বদলে গেছে, মানুষও বদলে গেছে। বিশেষ করে চার বছরে তার মানুষ বদলে গেছে আমূল। তাই আজ ‘হোম কামিং ডে’টি উদ্যাপনের উদ্যোগ শুরু হয় ১৫ দিন আগে থেকে, উদ্যাপিত হয় প্রায় মাসব্যাপী। চাঁদা ওঠে কোটি কোটি টাকা। অনুষ্ঠান হয় অগণিত। বক্তা সেখানে অসংখ্য। বক্তৃতার ভাষা জ্বালাময়ী। অনুষ্ঠানে খাবারের প্যাকেট অতি দামি। তাঁর প্রত্যাবর্তন দিবসের আলোচনার বিষয়বস্তু বঙ্গবন্ধু নন—বিরোধীদলীয় নেত্রী অথবা তাঁর স্বেচ্ছানির্বাসিত ছেলেরা কিংবা তাঁর দলের কারারুদ্ধ ভারপ্রাপ্ত মহাসচিব, যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কেরোসিন বা পেট্রল ছিটিয়ে, দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে যানবাহনে আগুন লাগিয়েছেন। দিবসটিতে নেতার জীবন ও কর্ম নিয়েই শুধু আলোচনা করার কথা। কিন্তু বক্তারা টেবিল চাপড়ে বর্ণনা করছেন বিরোধী দলের নেতা এবং তাঁর ছেলেদের কর্মময় জীবনের কাহিনি।বাঙালির জীবন—তার অন্তর ও বাহির—বদলে যায় ঘন ঘন। বিভিন্ন ঋতুতে বদলায়। বছরে বছরে বদলায়। দশকে দশকে আরও বেশি পরিবর্তন ঘটে। তার স্বভাব-চরিত্র ও আচরণ একেবারে অন্য রকম হয়ে যায়। প্রয়োজন হলে রসগোল্লার শিরাকে সে নিমপাতার রস বলতে দ্বিধা করে না। নিমপাতার রসকে বলে বেহেশতি পানীয়—শরাবন তহুরা। বদলানোর জন্য তার প্রয়োজন একটি উপলক্ষ। ভণ্ডামি করতে, ভাঁড়ামি করতে, সুবিধা আদায় করতে তার চাই একটি উপলক্ষ। যে জাতির মানুষ প্রতিটি নির্বাচনের পরে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যায়, তারা টিকে থাকে কিন্তু মহৎ জাতি হয়ে উঠতে পারে না। তারা বীরবিক্রমে টেন্ডারের বাক্স নিয়ে গুলি ছুড়তে ছুড়তে রাস্তায় দৌড়াতে পারে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বীরত্বের পরিচয় দিতে পারে, তারা বীরের জাতি হিসেবে নিজেদের ঘোষণা দিতে পারে কিন্তু মহৎ জাতি হতে পারবে না। এবার জানুয়ারির শুরুটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একাধিক উপলক্ষে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সঙ্গে যোগ হয় মহাজোট সরকারের চার বছর পূর্তি। পত্রপত্রিকা মতামত জরিপ করেছে। তার কোনোটি সরকারের জন্য আশাব্যঞ্জক ও সুখকর, কোনোটি বিব্রতকর। এ জাতীয় জনমত নির্ভুল বার্তা দেয় না, একটা আভাস দেয় মাত্র। মানুষ সরকারের থেকেও একটি বক্তব্য আশা করে। সরকারও সমালোচকদের অভিযোগ খণ্ডন করে আত্মপক্ষ সমর্থন করে তার অর্জনগুলো তুলে ধরে বক্তব্য দিতে পারে। সব পক্ষের বক্তব্য বিশ্লেষণ করে জনগণ একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাই রেওয়াজ। এমনকি ছদ্ম গণতন্ত্রেও তা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মুহম্মদ আইয়ুব খান প্রতি মাসের প্রথম দিন বেতার ও টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিতেন। তাঁর নাম ছিল প্রেসিডেন্টের মাসপয়লা বেতার ভাষণ। তাঁর নিযুক্ত পূর্ব পাকিস্তানের গভর্নর আবদুল মোনায়েম খানও বসে থাকতেন না। তিনি পূর্ব পাকিস্তানের হতভাগ্য প্রদেশবাসীর উদ্দেশে মাসে একবার নয়, দুবার জ্ঞানগর্ভ ভাষণ দিতেন: একবার মাসের শুরুতে, আর একবার মধ্য-মাসে ১৫ তারিখে। প্রতি মাসে দুবার মানুষের কান ঝালাপালা ও মনের ওপর অমন অত্যাচার করার যৌক্তিকতা ছিল না। মধ্য ৬০-এ যদিও ঢাকা টেলিভিশন কেন্দ্র চালু হয়, উপমহাদেশের প্রথম টিভি কেন্দ্র, মানুষের বিনোদনের জন্য রেডিওই ছিল একমাত্র ভরসা। প্রেসিডেন্ট ও গভর্নরের দেশবাসীর উদ্দেশে ভাষণে কয়েক হাজার চা-দোকানের মালিক ছাড়া আর কেউ লাভবান হতো না। ভাষণগুলো হতো সন্ধ্যাবেলায়। সেকালে জীবন ছিল খুব মন্থর। সন্ধ্যার পরে মানষের বিশেষ কাজকর্ম ছিল না। নিরুপায় অনেকে চা-দোকানের রেডিওর কাছে বসত। প্রতিটি ভাষণের দিন কয়েক কাপ চা বেশি বিক্রি হতো। কড়া লিকার। আইয়ুব-মোনায়েমের কল্যাণে যাঁরা সন্ধ্যাবেলা চা খান না রাতে ঘুমে ব্যাঘাত হবে বলে, তাঁরাও মাসে দুই দিন সন্ধ্যায় চা খেতেন। তাতে সমস্যা হতো দুটো। কড়া লিকারের চা খাওয়ায় রাতের প্রথম দিকটায় ঘুম আসত না, ভাষণের বিষয়বস্তুর কারণে বাকি রাতটাও বিনিদ্র যাপন করতে হতো। জনগণের এবার প্রত্যাশা ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ জানুয়ারি দেশবাসীর উদ্দেশে একটি ভাষণ দেবেন। সেদিন দিতে পারেননি। বিলম্বিত ভাষণটি দেন তিনি ১১ জানুয়ারি। কাকতালীয়ভাবে ওটি ছিল উদ্দীনীয় সরকারের ক্ষমতা গ্রহণের দিন। দলীয় নেতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খেয়াল করা উচিত ছিল। বিরোধী দলকে বিষয়টি নিয়ে বিদ্রূপ করার সুযোগ করে দেওয়া হলো। রাষ্ট্র পরিচালনা করতে গেলে ছোটখাটো সব বিষয়েই বিবেচনা করে কাজ করতে হয়। সব দেশেই রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের স্পিচ রাইটার বা বক্তৃতার লেখক থাকেন। তাঁরা বিদ্বান নন শুধু, জনগণের মনস্তত্ত্ব সম্পর্কে অবহিত থাকেন। জনগণের আবেগ-অনুভূতি সম্পর্কে তাঁদের ধারণা থাকতে হয়। শুধু সাফল্যের ফিরিস্তিতে জনগণের মন ভরে না। তাঁরা নেতার কাছ থেকে ভবিষ্যতের দিকনির্দেশনা আশা করেন। মহাজোট সরকারের মেয়াদের শেষ বছরে মানুষের প্রত্যাশা ছিল আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারের উদ্যোগটা কী, সে সম্পর্কে একটা ধারণা দেওয়া। তার অর্থ তত্ত্বাবধায়ক সরকারের দাবি ষোলো আনা মেনে নেওয়া নয়। প্রধানমন্ত্রীর ভাষণ-লেখকেরা, যদিও তাঁরা খুবই প্রাজ্ঞ, মানুষকে হতাশ করেছেন। এবারের ভাষণটি সম্পর্কে বিশ্বকবি বহু আগেই যা বলে গেছেন সেটাই সত্য: অন্তরে অতৃপ্তি রবে,/ সাঙ্গ করে মনে হবে/ শেষ হয়েও হইল না শেষ। সাধারণ মানুষের অতৃপ্তি, আতঙ্ক ও হতাশায় কারও কিছু যায়-আসে না। মোনায়েম খানের ভাষণে কড়া লিকারের চা-খাওয়া লোকদেরই শুধু রাতের ঘুমটা নষ্ট হতো, প্রধানমন্ত্রীর ১/১১-এর ভাষণে দেশের মানুষ অতৃপ্তি নিয়ে ঘুমিয়ে নাক ডাকতে শুরু করলে মাত্র একজনের রাতের ঘুম হারাম হয়ে যায়। তিনি খালেদা জিয়া। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। দলের কেন্দ্রীয় নেতারা সভা-সমাবেশে সে কথা সাফ জানিয়ে দিয়েছেন। আগামী নির্বাচন ও দুর্নীতি কমাতে সরকারের গৃহীত ব্যবস্থা সম্পর্কে মানুষের জানার আগ্রহ ছিল। ভাষণে সে রকম কিছু পাওয়া যায়নি। বিশেষ করে রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়নের ফিরিস্তি থাকলেও গণতন্ত্র টেকসই করার প্রত্যয় লক্ষ করা যায়নি। বিএনপি-জামায়াত সরকারের অপকর্মের ফিরিস্তি অতি দীর্ঘ। মোনায়েম খানের ’৬৭-৬৮ সালের মাসপয়লা ও মধ্যমাসের বেতার ভাষণেও গণতন্ত্রের কথা বিশেষ থাকত না, বাঙালি জাতির ভবিষ্যতের কথাও থাকত না। তিনি আরম্ভ করতেন উনিশ শতক থেকে, তারপর আসতেন ১৯০৫ সালে, সবশেষে ১৯৪৭-৫৮ সালের সরকারদের গালাগালি করতেন। ব্রিটিশ সরকার ও হিন্দুরা মুসলমানদের শোষণ করে শেষ করে দিয়েছেন—সে কথা থাকত তাঁর বক্তৃতার দুই-তৃতীয়াংশ জুড়ে। বাকি এক-তৃতীয়াংশের অর্ধেক তাঁর প্রভু আইয়ুব খানের তীব্র প্রশংসা। অবশিষ্টাংশ রাস্তাঘাট প্রভৃতি অবকাঠামো উন্নয়নের কথা। মোনায়েম খানের ভাষণের কারণেই আইয়ুব সরকারের পতন ত্বরান্বিত হয়। বিদেশ থেকে চক্রবৃদ্ধি হারে সুদে ঋণ নিয়ে রাস্তাঘাট, সেতু-কালভার্ট, ফ্লাইওভার নির্মাণ, তার থেকে টাকা চুরি আর গণতন্ত্র মজবুত করা, গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণ করা—দুই জিনিস। স্বৈরশাসকদের দেখেছি নিজেদের জনপ্রিয় করতে নানা রকম উন্নয়নমূলক কাজ করেন। তাতে তাঁদের অগণতান্ত্রিক চরিত্র ধুয়েমুছে পরিষ্কার হয় না। মোনায়েম খান জনগণের নির্বাচিত নেতা ছিলেন না। তিনি ছিলেন একনায়ক আইয়ুব খানের নিয়োগ দেওয়া একজন কর্মকর্তা বা ভৃত্যের মতো। কিন্তু তাঁর সরকার অবকাঠামো উন্নয়ন এবং কৃষিতে অগ্রগতি অসামান্য করেছিল। শতাব্দীর সবচেয়ে বড় বাঙালি মিথ্যাবাদীও আজকাল কবিগুরুকে অবলীলায় আওড়ান। বলেন, সত্যরে লও সহজে। বলেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। জোড়াসাঁকোর দেবেন ঠাকুরের ছেলে কঠিনেরে ভালোবাসিতে পারেন, আমরা পারি না। আমাদের বক্তব্য—সত্য অতি সহজ, সেই সহজেরে দূরে রাখিলাম। পুরোনো পত্রপত্রিকার প্রথম পাতাগুলো খুবই নির্মম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কমলাপুর রেলস্টেশন প্রভৃতি মোনায়েম সরকারের করা। যমুনা বহুমুখী সেতুর পরিকল্পনা গৃহীত হয় ওই সরকারের অর্থমন্ত্রী এম এন হুদার দ্বারা। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ১৯৬৭ সালে অর্থও বরাদ্দ করা হয়। কিন্তু এসবের জন্য মোনায়েম খানের গণতন্ত্রবিরোধী অপরাধগুলোকে আমরা ক্ষমা করতে পারি না। শেখ মুজিবকে ফাঁসিতে ঝোলানোর ষড়যন্ত্রের বুদ্ধিটি তাঁর মাথা থেকেই বেরোয়। ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত তাঁকে জেলের ভাত-খাওয়ানোর ঘৃণ্য কাজটি করেছেন তিনিই। ফলে অনেক প্রতিষ্ঠান নির্মাণ করেও বাংলার মাটিতে তাঁর কবরের জায়গাটিও হয়নি। কারণ, তিনি গণতন্ত্র হত্যাকারী। নদনদীর ওপরে সুদীর্ঘ সেতু হলো কি হলো না—সেটা বড় কথা নয়। রাষ্ট্র দুর্নীতিমুক্ত কি না, সেটা বড়। দেশটা মধ্যম আয়ের না উচ্চ আয়ের, তার চেয়ে বড় কথা শান্তিপূর্ণ কি না। সেখানে ন্যায়বিচার ও আইনের শাসন আছে কি না। কোন সরকার কয়টা পদ্মা সেতু ও ফ্লাইওভার করল, তার চেয়ে বড় কথা দেশটিতে দুর্নীতি কমেছে কি না। আমরা অবাধ ও কার্যকর গণতন্ত্রের পরিবর্তে মধ্যম আয়ের দেশ হতে চাই না। গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা গেলে একদিন সবই হবে। নেতাদের কাছে আমাদের দাবি সেটুকুই। সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।