অবকাঠামোর উন্নয়ন ব্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অবকাঠামো নির্মাণের ব্যয় বেশি—এ তথ্যটি জানতে এখন কোনো গবেষণার প্রয়োজন পড়ে না। প্রতিবেশী দেশগুলো তো বটেই, অনেক উন্নত দেশের সঙ্গে তুলনা করলেও বিষয়টি পরিষ্কার হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে জমির দাম বেশি ও নিচু জমি ভরাট করে স্থাপনা করার যে যুক্তি দেখানো হচ্ছে, তা অনেকটা শিশুভোলানো রূপকথার মতো। বাংলাদেশের মতো এত কম দামে শ্রমিক কোথাও পাওয়া যায় না। অনেক নির্মাণসামগ্রীর দামও কম।
বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশের অবকাঠামো’ শীর্ষক গোলটেবিল বৈঠকে ব্যবসায়ী ও গবেষকেরা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উপস্থিতিতে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করলেও তিনি জবাব দেননি। যদিও একজন ব্যবসায়ী মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, ‘এত ব্যয়ের পেছনে নিশ্চয়ই কারণ আছে। তা পরিকল্পনামন্ত্রী আমাদের বলবেন।’
পরিকল্পনামন্ত্রী বলেননি। তাহলে কে বলবেন? বিশ্বব্যাংকের তথ্য-উপাত্ত নিয়েও সরকার প্রতিবাদমুখর। কিন্তু প্রকল্পের ব্যয় নিয়ে একেবারেই নীরব। অর্থমন্ত্রী একবার বলেছিলেন, দেশে দুর্নীতি বন্ধ হলে জিডিপি ২ শতাংশ বাড়ানো যেত। এই দুর্নীতি থেকে নিশ্চয়ই সরকারের বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো মুক্ত নয়।
ওই গোলটেবিল বৈঠকে একজন ব্যবসায়ী নেতা বলেছেন, যেকোনো প্রকল্পের ব্যয় প্রথমে যা ধার্য করা হয়, পরে সেটি ঠিক থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে প্রকল্পের ব্যয়ও বেড়ে যায়। এ প্রসঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয়ের কথাও বলেছেন কেউ কেউ। প্রথমে এর ব্যয় ৫০০ থেকে ৬০০ কোটি ডলার নির্ধারণ করার কথা বলা হলেও পরে তা ১ হাজার ২০০ কোটি ডলারে উন্নীত হয়।
দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এশিয়ায় তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামের মতো দেশগুলো বর্তমান অবস্থানে পৌঁছেছে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমেই। সে ক্ষেত্রে আমাদের অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত করার বিকল্প নেই। কিন্তু সেই উন্নয়ন হতে হবে পরিকল্পিত, সমন্বিত ও দুর্নীতিমুক্ত। উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই বৃহত্তর জনগণের উপযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে। একইভাবে পরিবেশের কথাটিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। রেলপথ ও নৌপথ অপেক্ষাকৃত সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়া সত্ত্বেও আমরা সড়কপথের ওপর অধিক নির্ভরশীল হওয়া হঠকারী সিদ্ধান্ত বলেই মনে করি।
তাই অবকাঠামোর ব্যয় কমাতে হলে প্রকল্পের কাজে কঠোর নজরদারি ও সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই।