বিশ্বব্যাংক গত বুধবার ‘ডায়াগনস্টিক ট্রেড ইন্টিগ্রেশন স্টাডি’ নামে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, তাতে ব্যবসা-বাণিজ্যের সংকট ও সম্ভাবনা দুই চিত্রই উঠে এসেছে। এতে বলা হয়, কর্মসংস্থান বাড়ানোই এ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমান অবস্থায় থাকলেও আগামী এক দশকে প্রতিবছর ২০ লাখ লোক চাকরির বাজারে প্রবেশ করবে। দেশে বর্তমানে ১০ কোটি ৩৩ লাখ কর্মক্ষম ব্যক্তির মধ্যে কাজ করছে মাত্র ৫ কোটি ৮১ লাখ।
ক্রমবর্ধমান জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে প্রথমত, তাদের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে, যা করতে আমরা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি। দ্বিতীয়ত, সেই জনশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হলে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের দ্রুত প্রসার ঘটাতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক যে, সাম্প্রতিক কালে বিনিয়োগের ক্ষেত্রে একধরনের স্থবিরতা চলছে, বৈদেশিক মুদ্রার ভান্ডার স্ফীত হওয়া কিংবা ব্যাংকে অলস টাকা পড়ে থাকা সত্ত্বেও।
এ অবস্থার উত্তরণে বিশ্বব্যাংক নতুন বাজার সন্ধানে বাণিজ্য অবকাঠামো তৈরি, রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ, শ্রমিকদের মানোন্নয়ন, বিনিয়োগ ও বাণিজ্য-সহায়ক পরিবেশ গড়ে তোলার যে সুপারিশ করেছে, তার সঙ্গে দ্বিমত করার সুযোগ নেই। বিনিয়োগ ও বাণিজ্য-সহায়ক পরিবেশের ক্ষেত্রে প্রধান অন্তরায় রাজনৈতিক অস্থিতিশীলতা। নিকট অতীতে এমন বছর নেই যে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেনি। এ রকম পরিবেশে উদ্যোক্তারা বিনিয়োগ করতে নিরুৎসাহিত হন। দ্বিতীয়ত, বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নানা পরিকল্পনা থাকলেও তার বাস্তবায়ন হচ্ছে খুবই ধীরগতিতে।
চীন উন্নত প্রযুক্তিতে যাওয়ায় সেখানকার তৈরি পোশাকের রপ্তানি বাজার বাংলাদেশে আসার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এর ২০ শতাংশ ধরতে পারলেও বার্ষিক রপ্তানির পরিমাণ দ্বিগুণ হয়ে ২ হাজার ৯০০ কোটি ডলারে উন্নীত হবে। আর সে জন্য প্রয়োজন যোগাযোগ ও জ্বালানিসহ অবকাঠামোর দ্রুত ও ব্যাপক উন্নয়ন। এর পাশাপাশি আস্থার পরিবেশ গড়ে তুলতে হবে, যা দীর্ঘস্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।