অবরুদ্ধ দেশ, অবরুদ্ধ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবার ছিল বাংলাদেশের ৪২তম স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবসটি ‘গৌরবের সমাচারে’ অধিকতর মহিমান্বিত হতে পারত। যেসব বিদেশি নাগরিক মহান মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন, আমরা তাঁদের সম্মাননা দিয়েছি। এটি চতুর্থ পর্বের সম্মাননা। এ রকম সম্মাননা যেকোনো জাতিরই গর্বের বিষয় এবং তা হওয়া উচিত দলমত-নির্বিশেষে সবার অংশগ্রহণে। দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি। সম্মাননা অনুষ্ঠানে বিরোধী দলের কেউই আসেননি। তাঁরা নিশ্চয়ই বলবেন, যথাযোগ্য মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি। জানালেও কি তাঁরা যেতেন? ৪২ বছরের আগের ও পরের বাংলাদেশের এটাই বড় পার্থক্য। একাত্তরে যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন, এখন তাঁরা ভিন্ন ভিন্ন শিবিরে। অনেকের মুখ দেখাদেখিও বন্ধ। তার চেয়ে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আলিঙ্গন করাকেই শ্রেয় মনে করেন। এই প্রবণতা সাম্প্রতিক নয়। ’৭২ সালেই শুরু হয়েছিল। একাত্তরে দেশের মানুষ আরও গরিব ছিল। এখনকার মতো লাখ লাখ কোটিপতি ছিলেন না। সেদিন আমাদের সম্পদ ছিল না, প্রয়োজনীয় খাদ্য ছিল না। তবে শত দুঃখ-কষ্ট ও দারিদ্র্যের মধ্যে যে জিনিসটি ছিল, তা হলো জাতীয় ঐক্য। কতিপয় গাদ্দার ছাড়া গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল স্বাধীনতাসংগ্রামে। সেদিন কে কোন দল করেন, সেই প্রশ্ন বড় ছিল না। বড় ছিল দেশকে শত্রুমুক্ত করা। দুর্ভাগ্য, স্বাধীনতার পর আমরা সেই ঐক্য ধরে রাখতে পারিনি। স্বাধীনতাসংগ্রামে নেতৃত্বদানকারী দলটি স্বাধীনতার পরই ভাগ হয়ে গেল। তারপর আমরা ক্রমশ বিভক্তির দিকে চলেছি। এখন আমরা ধনবান হলেও মনের ঐশ্বর্য হারিয়ে ফেলেছি। ক্ষমতা, গৌরব, স্বাচ্ছন্দ্য— কোনোটাই ভাগ করতে চাই না। আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু একসঙ্গে দেশ পরিচালনা করতে পারিনি। পারলে হয়তো অনেক সমস্যারই সমাধান হয়ে যেত। দেশে এখন যে প্রবল রাজনৈতিক বিভক্তি চলছে, তা যদি কেবল সরকার ও বিরোধী দলের মধ্যে সীমিত থাকত আমরা জোর দিয়ে বলতে পারতাম, খামোশ। এসব বন্ধ করুন। কিন্তু এই বিভক্তি ছড়িয়ে পড়েছে প্রতিটি পেশার মানুষের মধ্যে। অন্তত মধ্যবিত্তকে এই বিভক্তি প্রবলভাবে দুর্বল করছে। দেশকে করছে রক্তাক্ত। আজ সাংবাদিকেরা বিভক্ত, আইনজীবীরা বিভক্ত, শিক্ষকেরা বিভক্ত, প্রকৌশলীরা বিভক্ত, চিকিৎসকেরা বিভক্ত, বুদ্ধিজীবীরা বিভক্ত। দেশের দুর্যোগে-সংকটে যাঁরা ত্রাতার ভূমিকা নেবেন, সেই নাগরিক সমাজের প্রতিনিধিরাও বিভক্ত। বিভক্ত ব্যবসায়ীরাও।সমাজ-শক্তির এই বিভক্তি প্রকট না হলে সবাই মিলে সরকার ও বিরোধী দলকে সুপথে নিয়ে আসতে বাধ্য করতে পারতাম। বলতে পারতাম, আপনারা সংঘাত ছেড়ে শান্তির পথে আসুন। বলতে পারতাম, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখুন। আমরা বিএনপিকে বলতে পারতাম, আপনারা যত খুশি সরকারের বিরোধিতা করুন। কিন্তু যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করবেন না। আর সরকারকে বলতে পারতাম, আপনারা এমন কিছু করতে পারেন না, বিরোধী দলে থাকতে যার বিরোধিতা করেছেন। আমরা বিরোধী দলকে বলতে পারতাম, সরকারের অগণতান্ত্রিক কাজের প্রতিবাদ আর হরতালের নামে গাড়ি ভাঙচুর এক কথা নয়। বলতে পারতাম, বোমা ফাটিয়ে, বাস পুড়িয়ে মানুষ মারবেন না। আমাদের মতো নগণ্য কলমজীবীর কথা সরকার বা বিরোধী দল না শুনলেও ব্যবসায়ীদের কথা শুনত। তাঁরা দল চালানোর জন্য চাঁদা দেন, নেতা-নেত্রীদের নির্বাচনী খরচ জোগান। দুর্ভাগ্য, ব্যবসায়ীরাও এখন দুই ভাগে বিভক্ত। যাঁরা সরকারের পক্ষে আছেন তাঁরা ভাবেন এই পাঁচ বছর যতটা পারি কামিয়ে নিই। আর বিরোধী দলের সমর্থকেরা মনে করেন, ক্ষমতার পালাবদল হলে এখনকার ক্ষতিটা সুদে-আসলে পুষিয়ে নেব। দুই সপ্তাহ ধরে ব্যবসায়ীরা দুই নেত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েও সম্মতি আদায় করতে পারেননি। ১৯৭১ সালে এই মার্চ মাসেই আমরা স্বাধীনতার মরণপণ সংগ্রাম শুরু করেছিলাম। কিন্তু ৪২ বছর পর রাজনীতিকেরা আরেক যুদ্ধে লিপ্ত হয়েছেন। ভাঙচুর, জ্বালাও-পোড়াও, হরতাল, গুলি ও বোমার যুদ্ধ। দেশ ধ্বংসের যুদ্ধ। আর এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব ও শ্রমজীবী মানুষ। প্রান্তিক ও সংখ্যালঘু মানুষ। সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে পাকিস্তান আমল থেকে এ দেশে রাজনীতি চলে আসছে। কিন্তু তাদের চোখের জল ও মনের কষ্ট লাঘবে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি। অর্পিত সম্পত্তি আইন বাতিল নিয়ে এখনো রাজনীতি চলছে। ২০০২ সালে ভারতের গুজরাটে দাঙ্গার দায়ে সেখানকার অনেক রথী-মহারথীর বিচার হয়েছে, দণ্ড পেয়েছেন। কিন্তু ২০০১ সালে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা ও নির্যাতনের দায়ে এ পর্যন্ত বাংলাদেশে কারও বিচার হয়নি। বিএনপি-জামায়াত আমলে এ সহিংসতা হয়েছে, তাই তাদের কাছে কেউ বিচার আশা করে না। কিন্তু গত চার বছরে আওয়ামী লীগ সরকার কী করেছে? কেবল মেঠো বক্তৃতায় সংখ্যালঘুদের জীবন নিরাপদ হয় না। এবার স্বাধীনতার মাস মার্চের অধিকাংশ দিন কেটেছে সরকারি ছুটি ও হরতালে। আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী হরতালের মেয়াদ নয় দিন। সরকারি ছুটি ছিল ১২ দিন। এ ছাড়া খণ্ডিত হরতাল হয়েছে সিলেট, চট্টগ্রামসহ বেশ কয়েকটি স্থানে। এসব হরতালে অনেক মানুষ মারা গেছে, রাষ্ট্রীয় ও জাতীয় সম্পদ ধ্বংস হয়েছে। মানুষ মারা গেছে পুলিশের গুলিতেও। কিন্তু তার পরও হরতাল চলছে এবং চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার স্বাধীনতার পদক প্রদান অনুষ্ঠানে বলেছেন, ‘সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র এবং স্বাধীনতাবিরোধী শক্তির যেকোনো নৈরাজ্য শক্ত হাতে দমন করতে অঙ্গীকারবদ্ধ।’ প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর বাসে-ট্রেনে, পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী হামলা বন্ধ হয়নি। হরতালে জনজীবন বিপর্যস্ত। সোমবার জামায়াতের ডাকা হরতাল চলাকালে চট্টগ্রামের বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকায় যাত্রীবাহী ইজিবাইক নিয়ে রাহাত্তারপুলে যাচ্ছিলেন মুসা। নূরনগর হাউজিং সোসাইটির সামনে হরতালকারীরা তাঁর গাড়িটি থামান। এরপর তাঁরা প্রথমে যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রল ঢেলে গাড়িতে আগুন দেন। মুসার গায়েও পেট্রল দিয়ে আগুন দেন। মুসার বাড়ি পাশের পূর্ব বাকলিয়া ওয়াজেরপাড়া এলাকায়। ফলে অনেকেই তাঁকে চিনে ফেলেন। তাঁরা আগুন নিভিয়ে মুসাকে উদ্ধার করেন। ততক্ষণে গায়ের পোশাক পুড়ে যায়। বাসায় নেওয়া হয় অজ্ঞান মুসাকে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসকেরা যখন চিকিৎসা দিচ্ছিলেন, তখন তাঁর শরীর ছিল নিস্তেজ, কথা বলতে পারছিলেন না। তিনি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। মানুষ কতটা অমানুষ হলে, কতটা নিষ্ঠুর হলে ইজিবাইকের একজন নিরীহ চালকের গায়ে পেট্রল ঢেলে দিয়ে সারা শরীর পুড়িয়ে দিতে পারে? জামায়াতে ইসলামী ইনসাফের কথা বলে। এটাই কি ইনসাফের নমুনা? চট্টগ্রামে তারা হরতাল ডেকেছিল দলীয় নেতা শাহজাহান চৌধুরীর ভাগনের মৃত্যুর প্রতিবাদে। পুলিশ শাহজাহান চৌধুরীকে ধরতে তাঁর ভাগনের বাসায় হানা দিলে ভাগনে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জামায়াত বলেছে, তিনি পুলিশের নির্যাতনে মারা গেছেন। তাদের দাবি সত্য হলেও একজন ইজিবাইকের চালককে অগ্নিদগ্ধ করতে পারে না। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত শিক্ষকদের সংহতি সমাবেশে এসেছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিমল কান্তি আচার্য। সাম্প্রদায়িক সহিংসতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘২৮ ফেব্রুয়ারি আমাদের পূজামণ্ডপে হামলা করে সাম্প্রদায়িক গোষ্ঠী। এরপর তারা আমার বাড়িঘরে হামলা করে। প্রশাসন আমাদের মন্দির পুনর্নির্মাণ করে দিচ্ছে। তবে হামলাকারীরা এখনো থেমে নেই। গত পরশু দিনও তারা মন্দিরের দেয়াল ভেঙে দিয়েছে।’জামায়াত-শিবিরের হাতে সাতক্ষীরা ছাত্রলীগের নিহত সাবেক নেতার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের ছোট বোন ছয় বছরের শিশু নাঈমা জান্নাত বলে, ‘দুপুরে ভাত খেয়ে কেবল শুয়েছি, এমন সময় ওরা বাড়ির দরজা ভেঙে আসে। আমার দুলা ভাইকে পুকুরে ফেলে দেয়। পুকুরের পানি লাল হয়ে যায়।’ চট্টগ্রামের সাতকানিয়ার কাজী নূর মোহাম্মদ বলেন, ‘জামায়াতের লোকজন কেবল হামলাই করেনি, পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছে। ওদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে।’সরকারি দলের ও জোটের নেতারা, সরকারের মন্ত্রীরা বিরোধী দলের বিরুদ্ধে প্রতিনিয়ত গরম বক্তৃতা দিয়ে বেড়ালেও দেশব্যাপী যে সন্ত্রাসী হামলা চলছে, তার প্রতিকারে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। পুলিশ কজন অপরাধীকে আটক করেছে? কজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে? আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতই করিতকর্মা যে চোরাগোপ্তা হামলাকারীদের টিকিটিও ধরতে পারে না, বাসে আগুন দেওয়া বা ভাঙচুরের আগে কিছুই টের পায় না। কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর তারা পাইকারি গ্রেপ্তার করে, এলাকায় ত্রাস সৃষ্টি করে কৃতিত্ব জাহির করে।মঙ্গলবার এ লেখাটি যখন লিখছি, তখন খবর পেলাম ভোরে জামালপুরের সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে মারা গেছেন বিএনপির একজন সমর্থক। স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্মৃতিসৌধের দিকে গেলে পুলিশ বাধা দেয়। তাঁরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে যোগ দিলে ত্রিপক্ষীয় সংঘর্ষ শুরু হয় এবং বেলাল নামের যুবদলের এক কর্মী নিহত ও পুলিশসহ ৫০ জন আহত হন। পুলিশ বলেছে, দুই পক্ষের সংঘাত এড়াতেই বিএনপির মিছিলে তারা বাধা দিয়েছিল। তারা সংঘর্ষ থামাতে পারেনি, বরং গুলিতে একজনের জীবন গেল। এর জবাব কী? স্বাধীনতা দিবসেই ঢাকায় সায়েন্স ল্যাবরেটরি ও খামারবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় অন্তত আটটি যানবাহনে আগুন দিয়েছে হরতাল-সমর্থকেরা। সন্ধ্যায় কারওয়ান বাজারে তারা একটি ট্যাক্সিক্যাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। অথচ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বলেছিলেন, ‘বুধ ও বৃহস্পতিবার ৩৬ ঘণ্টা হরতাল পালিত হবে।’ তাহলে মঙ্গলবার বাস পোড়ানো হলো কেন? বরাবরের মতো এবারও স্বাধীনতা দিবসে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দৃপ্ত শপথ নিয়েছেন। স্মৃতিসৌধগামী মিছিলে গুলি করে মানুষ হত্যা কিংবা হরতালের নামে বাসে অগ্নি-উৎসব কি সেই শপথের প্রতিফলন কি না, সেটাই দেশবাসী আপনাদের কাছে জানতে চায়। দেশ অবরুদ্ধ, মানুষ অবরুদ্ধ করার রাজনীতি আর কত দিন?সোহরাব হাসান: কবি, সাংবাদিক।[email protected]