অবরোধে নৃশংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বে ২০-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালীন অবরোধের অষ্টম দিন মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টা। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও রংপুর শহর থেকে মোট ৩০টি যাত্রীবাহী বাস পুলিশ ও বিজিবির সদস্যদের পাহারায় চলেছে রাজধানী ঢাকার দিকে। বাসবহরটির সামনে পুলিশের গাড়ি, পেছনে বিজিবির গাড়ি। রংপুরের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকা পেরোনোর সময় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে দুর্বৃত্তরা পেট্রলবোমা ছুড়ে মারলে বাসের সারির ২৩ নম্বর বাসটিতে আগুন ধরে যায়। বাসের ভেতরেই পুড়ে অঙ্গার হয়ে যায় এক শিশু, দুই নারীসহ চারজন মানুষ, দগ্ধ ও গুরুতর আহত হন ১০ জন, তাঁদের দুজনের অবস্থা গুরুতর।
প্রাণ হারালেন আরও দুজনএ নৃশংসতার মানে কী? এ ধরনের পৈশাচিক নিষ্ঠুরতা কি কোনো রাজনৈতিক আন্দোলনের কৌশল বা উপাদান হতে পারে? যাত্রীসুদ্ধ যানবাহনে পেট্রলবোমা ছুড়ে মারা, আগুন ধরিয়ে দেওয়া, কিংবা ভাঙচুর করার ঘটনা এটাই প্রথম নয়। ৬ জানুয়ারি অবরোধ শুরুর পর থেকে এক সপ্তাহে ১৬২টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায়ই আগুন ও ভাঙচুরের শিকার হয়েছে ৩৭টি যানবাহন। নিহত ব্যক্তির সংখ্যা ১৫ পেরিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। মানুষকে চলাফেরা করতে হচ্ছে প্রাণ হাতে নিয়ে।
এসব মৃত্যুর দায় কে নেবে? বিএনপিসহ ২০-দলীয় জোটের ডাকা অবরোধের ফলে দেশজুড়ে যে চরম নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি হয়েছে, তার দায় কি তঁাদের ওপরেই বর্তায় না? অবরোধের নামে তঁারা যদি দেশজুড়ে নৃশংসতা ও নাশকতা চালিয়ে সর্বগ্রাসী আতঙ্ক সৃষ্টিকেই রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ করে থাকেন, তাহলে আমাদের অনুরোধ, এই পথ থেকে সরে আসুন। নাশকতা-নৃশংসতা কোনো রাজনৈতিক আচরণ নয়, নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পন্থায়। যেসব কর্মসূচিতে জনগণের প্রাণ ও সম্পদের নিরাপত্তা বলে কিছু থাকে না, সে ধরনের কর্মসূচি পরিহার করুন।