অবরোধে 'বন্দুকযুদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের কারণে সারা দেশে সৃষ্ট ভীতিকর পরিবেশের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ হত্যাকাণ্ড জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। চার দিনের ব্যবধানে শিবগঞ্জের কানসাটে ছাত্রদলের এক নেতা, এরপর মতিঝিলে নড়াইলের জামায়াতের এক কর্মী ও সবশেষ খিলগাঁওয়ে ছাত্রদলের এক নেতা ‘বন্দুকযুদ্ধে’র শিকার হওয়া নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ওসব কথিত বন্দুকযুদ্ধ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি।
নিরাপত্তারক্ষীদের হেফাজতে থাকা ওই তিনজন যেভাবেই হত্যার শিকার হন না কেন, তাঁদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো এড়াতে পারে না। কোনো প্রশিক্ষিত বাহিনীর সদস্যদের জন্য এ ধরনের বন্দুকযুদ্ধ কৃতিত্ব নয়, বরং আইনের প্রতি অশ্রদ্ধাই প্রদর্শন করে। অস্বীকার করার উপায় নেই যে সন্ত্রাসী ও নাশকতামূলক তৎপরতায় প্রায় প্রতিদিনই মানুষের প্রাণহানি কিংবা অঙ্গহানি ঘটছে। আইন প্রয়োগকারী সংস্থা দৃশ্যত সর্বাত্মক প্রয়াস চালিয়েও মানুষের জানমালের সুরক্ষা দিতে পারছে না। ফলে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
‘বন্দুকযুদ্ধে’ আরও একজন নিহতএ রকম পরিস্থিতিতে ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ডিবি-সংশ্লিষ্ট দুটি ‘বন্দুকযুদ্ধে’ দুজনের নিহত হওয়ার ঘটনা আর যা-ই হোক জনমনে স্বস্তি দেবে না। আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে বুঝতে হবে, কেউ নাশকতামূলক কর্মকাণ্ডের মতো গুরুতর অপরাধ করলে বিচারের মাধ্যমেই তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। বন্দুকযুদ্ধ কিংবা বিচারবহির্ভূত হত্যা এর প্রতিকার নয়।
সমাজকল্যাণমন্ত্রী নাশকতাকারীদের দেখামাত্র গুলি করা এবং বিচারের প্রয়োজন নেই বলে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত বিপজ্জনক। তাহলে দেশে আইন ও বিচারব্যবস্থার কী প্রয়োজন? বিএনপির অনির্দিষ্ট কর্মসূচির প্রেক্ষাপটে যে নাশকতামূলক কাণ্ড চলছে, তা প্রতিহত করতে সবকিছুই সরকার করবে; কিন্তু তা করতে হবে আইনের অধীনে।
প্রচলিত ও মানবাধিকারের আন্তর্জাতিক সনদগুলোর প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং বিশেষ কোনো দলের প্রতি রাগ-অনুরাগের বশবর্তী না হয়ে সংশ্লিষ্টদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। এর ব্যত্যয় পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে।