বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবিরাম অবরোধে শুধু যে মানুষের প্রাণহানি ও যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ চলছে তাই নয়, বিরাট ক্ষতির শিকার হচ্ছে জাতীয় অর্থনীতি। এই অবস্থা চলতে থাকলে চলতি বছরের জাতীয় প্রবৃদ্ধি বর্তমান ধারায় অব্যাহত রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের পরিবহন খাত। সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় আন্তজেলা পরিবহন ব্যবসায় ধস নেমেছে। পরিবহন মালিক-শ্রমিকদের বক্তব্য হলো, দেশজুড়ে চলাচলকারী বাস ও মিনিবাসগুলো চালানো সম্ভব না হলে তাঁরা দৈনিক গড়ে ৪৮ কোটি টাকার আয় থেকে বঞ্চিত হন। দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ও ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রাক ও কাভার্ড ভ্যানে পণ্য পরিবহন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। একদিকে কৃষক তাঁর কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না, অন্যদিকে সরবরাহ কম বলে নগরবাসী ক্রেতাদের কৃষিপণ্য কিনতে হচ্ছে বাড়তি মূল্যে।
দিনে ক্ষতি ৪৮ কোটি টাকাকৃষিতে চলছে সেচ মৌসুম; কিন্তু টানা অবরোধের কারণে জ্বালানি তেল সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় সেচকার্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমদানি-রপ্তানি খাতেও ক্ষতিকর প্রভাব প্রকট হয়ে উঠতে শুরু করেছে। সর্বাধিক বৈদেশিক মুদ্রা উপার্জনকারী রপ্তানিশিল্প তৈরি পোশাক রপ্তানি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিদেশি ক্রেতারা বাংলাদেশ সফর বাতিল করছেন, তাঁরা ক্রয়াদেশ কমিয়ে দিচ্ছেন বলেও ইতিমধ্যে খবর বেরিয়েছে। বিজিএমইএর পক্ষ থেকে তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। পর্যটনশিল্পেও মারাত্মক প্রভাব পড়ছে, দেশি ও বিদেশি উভয় শ্রেণির পর্যটকদের ভ্রমণ ইতিমধ্যে ভীষণভাবে হ্রাস পেয়েছে। কক্সবাজার ও অন্যান্য পর্যটনস্থলের হোটেলগুলো একপ্রকার পর্যটকশূন্য।
অবরোধের নয়-দশ দিনেই জাতীয় অর্থনীতির বিরাট ক্ষতি হয়েছে। ক্ষমতাসীন ও বিরোধী উভয় পক্ষের রাজনৈতিক নেতাদের এই উপলব্ধিতে আসতে হবে যে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। সমস্যাটি রাজনৈতিক; দমন-পীড়ন ও তার বিপরীতে বল প্রয়োগ তথা সহিংসতা-নাশকতার মাধ্যমে সমাধান সম্ভব হবে না। শুধু গঠনমূলক রাজনৈতিক পন্থায়ই এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।