ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) হিসাব দিয়েছে, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা টানা অবরোধের ১৬ দিনে দেশের ক্ষতি হয়েছে ৩৬ হাজার ৪৪৫ কোটি ৭৬ লাখ টাকা। এই অঙ্ক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৭০ শতাংশ।
অবরোধের প্রথম ১৬ দিনে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা একটি পদ্মা সেতু নির্মাণের জন্য যথেষ্টর চেয়েও বেশি। কিন্তু অবরোধ আহ্বানকারী দলগুলো জাতীয় অর্থনীতির এই বিপুল ক্ষয়ক্ষতির ব্যাপারে নির্বিকার! তারা অবরোধ চালিয়ে যাচ্ছে, অবরোধের মধ্যেই থেকে থেকে দেশব্যাপী কিংবা অঞ্চলবিশেষে হরতাল ডেকে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিচ্ছে।
বিজিবির পাহারার মধ্যেই ট্রাকবহরে বোমা হামলাডিসিসিআইয়ের হিসাবে, অবরোধের কারণে প্রতিদিন গড়ে ক্ষতি হচ্ছে ২,২৭৮ কোটি টাকা। জাতীয় অর্থনীতির এমন কোনো খাত নেই, যা অবরোধের কারণে কমবেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বিপর্যস্ত হয়ে পড়েছে পণ্য পরিবহনব্যবস্থা, ট্রাকভাড়া বেড়ে গেছে ৩ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। বৈদেশিক মুদ্রা উপার্জনে শীর্ষ খাত তৈরি পোশাকশিল্পে দেখা দিয়েছে বিরাট সংকট। পোশাক রপ্তানি ভীষণভাবে বাধাগ্রস্ত হচ্ছে, বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ কমিয়ে দিচ্ছেন। পর্যটনশিল্পে নেমেছে ধস, কক্সবাজারসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রের হোটেল-মোটেলগুলো হয়ে পড়েছে পর্যটকশূন্য।
কিন্তু এভাবে আর কত দিন? দেশের আরও কত ক্ষয়ক্ষতির পর, আরও কত মানুষের প্রাণহানি-অঙ্গহানির পর বিএনপিসহ ২০-দলীয় জোটের নেতাদের বোধোদয় হবে? বিএনপি নিজেও তো একাধিকবার সরকারে থেকে দেশ পরিচালনা
করেছে, দলটির নেতারা কী সেই বিবেচনা থেকেও ন্যূনতম দায়িত্বশীলতার পরিচয় দেবেন না?
অন্যদিকে, সরকারকে বুঝতে হবে যে এই বিপুল ক্ষয়ক্ষতির পরিস্থিতি সৃষ্টির পেছনে সরকারেরও পরোক্ষ ভূমিকা আছে। সরকারকে দমন-পীড়ন বন্ধ করতে হবে। ব্যবসায়ীরা বলেছেন, এই সংকট নিরসনের একমাত্র পথ রাজনৈতিক সংলাপ। আমরাও তা-ই মনে করি। উভয় পক্ষকে সংলাপের পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিতে হবে। বিরোধীপক্ষ অবরোধের সমাপ্তি ঘোষণার মধ্য দিয়ে, আর সরকার বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও দমন-পীড়ন বন্ধ করার মধ্য দিয়ে পরস্পরের কাছাকাছি হতে শুরু করুক।