অবহেলার নাম রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর এক ভাগ্যহত শহরের নাম। স্বাধীনতার চার দশক অতিক্রম করেছে বাংলাদেশ। এই চার দশকে বাংলাদেশের উন্নয়ন সর্বত্র সমানভাবে হয়নি। রংপুরের মানুষ বৈষম্যপূর্ণ অধিক সুবিধাও প্রত্যাশা করে না। কিন্তু যেটুকু ন্যায্য অধিকার, সেটুকু পেতেও দীর্ঘকাল আন্দোলন করতে হয়। রংপুরের আকাশে একখণ্ড কালো মেঘ যেন সব সময় সরকারের উন্নয়নমুখী দৃষ্টিকে আড়াল করে রাখে। অনেকেই বলে থাকেন, রংপুরে কোনো মন্ত্রী নেই কিংবা সচিব নেই, যাঁরা রংপুরের উন্নয়ন নিয়ে ভাববেন কিংবা কাজ করবেন। তাঁদের কথাদৃষ্টে মনে হয়, দেশের উন্নয়ন হবে জোর যার মুল্লুক তার—এই নীতিতে। জাতীয় উন্নয়নে রংপুরের মানুষের অসামান্য অবদান স্মরণীয়। রংপুরে যে কৃষিজ উৎপাদন, তা রংপুরের মানুষের চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ। অথচ প্রতিবছর মঙ্গার করুণ কাহিনি গণমাধ্যমে প্রকাশিত হয়।দীর্ঘদিন ধরে রংপুরের মানুষ আন্দোলন করেছেন রংপুরে একটি শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার জন্য। শিক্ষা বোর্ড প্রয়োজন মূলত রাজশাহীর সঙ্গে দূরত্ব কমানোর জন্য। জোট সরকারের আমলে অজ্ঞাত কারণে সেই শিক্ষা বোর্ড হলো দিনাজপুরে। বর্তমান সরকার চাইলেই শিক্ষা বোর্ডটিকে রংপুরে স্থানান্তরিত করতে পারে। শিক্ষা বোর্ডের জন্য যে অবকাঠামো গড়ে উঠেছে, তা সরকারি কোনো দপ্তরের কাজে ব্যবহার করে শিক্ষা বোর্ড বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে রংপুরে স্থাপন করা জরুরি।রংপুরে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ অপ্রতুল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সেই বিশ্ববিদ্যালয়টিও রংপুরবাসীর আন্দোলনের ফসল। অল্প সময়েই সেখানে অনেক বিষয়ে পাঠদানের ব্যবস্থা হয়েছে। সেটা ইতিবাচক। তবে গবেষণার জন্য বরাদ্দ প্রায় নেই বললেই চলে। রংপুরে একটি মেডিকেল কলেজ থাকলেও সেখানে চিকিৎসা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ অত্যন্ত সীমিত। শুধু মেডিসিন, সার্জারি ও গাইনি বিভাগে এমএস কোর্স এবং কিছু সীমিত বিষয়ে এমফিল কোর্স চালু রয়েছে। মেডিকেল কলেজটিতে ডিপ্লোমা কোর্সসহ আরও অনেক বিষয়ে এমএস ও এমফিল কোর্স চালু করা প্রয়োজন। আওয়ামী লীগের সরকার বিগত সময় ক্ষমতায় থাকাকালীন তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেছিলেন। তারপর চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পরই তার কার্যক্রম বন্ধ হয়ে যায়। রংপুরের জন্য দুর্ভাগ্য যে আওয়ামী লীগের সরকার পুনরায় ক্ষমতায় এলেও সেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় স্থাপনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রযুক্তিগত উচ্চশিক্ষা সমপ্রসারণ খুব প্রয়োজন। ফলে রংপুরে সেই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি পুনরায় স্থাপন করা জরুরি। দেশের একমাত্র রংপুর বিভাগেই পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কোনো আঞ্চলিক কেন্দ্র নেই, নেই পরীক্ষাকেন্দ্রও। কিছুদিন আগে রংপুরের শিক্ষার্থীরা আন্দোলন করেন রংপুরে পিএসসির একটি আঞ্চলিক কেন্দ্রের জন্য। ৩৩তম বিসিএস পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেখানে পরীক্ষাকেন্দ্র হিসেবে রংপুর কেন্দ্রের কথা উল্লেখ থাকলেও ৩৩তম বিসিএস পরীক্ষা রংপুরে অনুষ্ঠিত হচ্ছে না। রংপুরে পরীক্ষাকেন্দ্রের কথা নাকি ভুলবশত ছাপানো হয়েছে। এ দেশে সবকিছুই প্রহসন মনে হয়। মনে হয় দেশটা যেন এক রম্যকথা। বাংলাদেশের ৬৪টি জেলার অন্য কোনো জেলার কথা ভুলবশত না এসে এমন একটি জেলার নাম ভুলবশত এসেছে, যে জায়গায় পরীক্ষাকেন্দ্রের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন। শেষ পর্যন্ত পরীক্ষাকেন্দ্রটি বাতিল করা হয়। রংপুরবাসীকে এসব সহ্য করতে হয়। অনেক আন্দোলনের ফসল রংপুর বিভাগ। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রংপুরকে বিভাগ ঘোষণা করলেও অনেক ক্ষেত্রেই রংপুর নামমাত্র বিভাগে পরিণত হয়েছে। বিভাগীয় শহরের সড়কগুলো চার লেনে উন্নীত করার লক্ষ্যে অনেক পুরোনো-নতুন মিলে সব বৃক্ষ নিধন করে অনেক সড়কের দুই দিকে কেটে রাখা হয়েছে কিন্তু সড়কের কোনো কাজ হচ্ছে না। সড়কের কাজ যদি না-ই হবে, তবে সড়কের দুই দিকের বৃক্ষগুলো নিধন করে এমন মাটি কেটে সড়কগুলোকে দুর্ঘটনা উপযোগী করে তোলার কারণ কী? রংপুরবাসীকে বিভাগীয় শহরের সুবিধা পাওয়ার পরিবর্তে অনেক ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা রংপুরে এসে বলেছিলেন, রংপুরের সব উন্নয়নের কাজের দায়িত্ব তাঁর নিজের। প্রধানমন্ত্রীর এ ঘোষণা যে রাজনৈতিক বক্তব্য মাত্র, তা এত দিনে রংপুরের মানুষ স্পষ্টতই বুঝতে পেরেছে। তা না হলে প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও রংপুর সিটি করপোরেশন বাস্তবায়িত হচ্ছে না কেন? এখন রংপুরের মানুষ নতুন করে আন্দোলনে নেমেছে সিটি করপোরেশন বাস্তবায়ন এবং বিভাগ উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে। রংপুরে এখন প্রয়োজন একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, একটি উপশহর, শ্যামাসুন্দরী খালের বিশেষ যত্ন, রংপুরের ঐতিহ্যের অংশ রংপুর পাবলিক লাইব্রেরির ভগ্ন দশা থেকে উত্তরণ, শহরের ভেতর অনেক প্রয়োজনীয় স্থানে ফুটওভার পাসের ব্যবস্থা করা, রংপুরকে সিটি করপোরেশনে উন্নীত করা। পর্যাপ্ত কোচসহ রেলপথে ঢাকা যাওয়া-আসার জন্য দুটি ট্রেন প্রয়োজন। রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগের ব্যবস্থা করা না গেলে এখানে কোনো শিল্প-কলকারখানা গড়ে উঠবে না। রংপুরকে বিভাগ ঘোষণা করার পর রংপুর বিভাগের সর্বত্রই যে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল, সেই আনন্দ বিষাদের রূপ পরিগ্রহ করেছে। সরকারের তবু চৈতন্য ফেরে না। রংপুর কি তবে ভাগ্যহত শহর হয়েই থাকবে?সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি রংপুরের মানুষের অন্ধ সমর্থন উন্নয়নের পথে অন্তরায় হয়ে ছিল অনেক দিন। বর্তমান মহাজোট সরকারের আমলেও তার ব্যত্যয় ঘটেনি। যে রংপুরের মানুষ তাঁর জন্য অন্ধ ভালোবাসাকে লালন করেছে, সেই মানুষের জন্য রাষ্ট্রপতি থাকাকালেও এরশাদ উল্লেখযোগ্য কিছু করেননি। তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।[email protected]