অবহেলায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অবহেলায় ধুঁকে ধুঁকে প্রাণ গেছে এক নারীর। চিকিৎসক থেকে শুরু করে সেবিকা ও ব্যবস্থাপক পর্যন্ত কেউই মরণাপন্ন রোগীর সামান্য সহযোগিতায় এগিয়ে এলেন না। এটা কেবল পেশাগত দায়িত্বহীনতাই নয়, অমানবিকতাও বটে।
গত শনিবার রাজশাহীর বাঘা উপজেলার গ্রামীণ নারী রিজিয়া বেগমকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক বাইরে থেকে স্যালাইন ও ওষুধ কিনতে বলেই খালাস। স্যালাইন প্রস্তুত ছিল, কিন্তু শরীরে দেওয়ার সুচ লাগাননি কেউ। অথচ সেখানেই উপস্থিত ছিলেন কমপক্ষে দুজন সেবিকা। মাথার কাছে অক্সিজেন সিলিন্ডার থাকলেও শ্বাসকষ্টে ভুগে মারা গেলেন রোগী। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কেউ-ই এগিয়ে আসেননি। অথচ এটি কিনা রাজশাহী বিভাগের সেরা সরকারি হাসপাতাল!
জীবন বাঁচানোই চিকিৎসকদের কাজ। কর্তব্যরত অবস্থায় বিপন্ন রোগীর ডাকে সাড়া না দেওয়া পেশাগত অপরাধ। এহেন সজ্ঞান অবহেলায় কারও প্রাণ চলে গেলে সেই দায়িত্বও তাঁদের নিতে হবে।
বাংলাদেশে রোগী অনুপাতে চিকিৎসক কম। এ কারণে তাঁদের ওপর প্রত্যাশার চাপও বেশি। তা সত্ত্বেও কতিপয় চিকিৎসক স্রেফ উন্নাসিকতার বশে কর্তব্যে অবহেলা করেন। নিয়মিতভাবেই কিছুসংখ্যক চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে; অথচ প্রতিকার হয় না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে হাসপাতাল প্রশাসন এ ব্যাপারে কঠোর হচ্ছে না কেন?
যাঁদের অবহেলায় রিজিয়া বেগমকে বাঁচানো যায়নি, তদন্তপূর্বক তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।