চাঁপাইনবাবগঞ্জের হিজড়া জনগোষ্ঠীর লোকজন নির্বাচন সামনে রেখে যেসব দাবিদাওয়া তুলে ধরেছে, আমরা তার সঙ্গে সহমত পোষণ করছি। গত সোমবার প্রথম আলোর মাধ্যমে তারা সবার আগে সমাজে তাদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে। এ ছাড়া বিভিন্ন কাজে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাসহ সহজ শর্তে ঋণ দিয়ে পুনর্বাসনেরও দাবি জানিয়েছে তারা।
আমরা মনে করি, হিজড়া জনগোষ্ঠীর এসব দাবি খুবই যৌক্তিক। সংবিধান অনুযায়ী দেশের সব মানুষ সমান। ধর্ম, বর্ণ, লিঙ্গ, বাসস্থান বা পেশাগত কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের দেশে হিজড়া জনগোষ্ঠীর লোকজন চরম অবহেলার শিকার। সরকার ২০১৩ সালে হিজড়াদের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের ভোটাধিকারও দেওয়া হয়েছে। কিন্তু তারপরও সমাজে তাদের অবস্থানের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। সমাজে তারা প্রতিনিয়ত তুচ্ছতাচ্ছিল্যের শিকার হয়। নিজ পরিবারেও তারা অচ্ছুত ও অনাদৃত। বাংলাদেশের উত্তরাধিকার আইন এখনো নারী-পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে তারা সম্পত্তির উত্তরাধিকার হতে পারে না। বেশির ভাগ হিজড়াই কোনো সম্মানজনক জীবিকায় নেই, ভিক্ষা ও চাঁদাবাজিই তাদের মূল পেশা। কেউ কেউ আবার যৌনকর্মকে পেশা হিসেবে বেছে নিয়েছে।
দেশে হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে সঠিক কোনো তথ্যও নেই। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এদের সংখ্যা প্রায় ১১ হাজার। তবে এ সংখ্যা অনেক বেশি বলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় হিজড়াদের জীবনমান উন্নয়নের জন্য বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে স্কুলগামী হিজড়া শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে চার স্তরে উপবৃত্তি প্রদান। ৫০ বছর বা তদূর্ধ্ব বয়সের অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বিশেষ ভাতা হিসেবে মাসিক ৬০০ টাকা প্রদান। বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধকমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং প্রশিক্ষণের পর ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, নানা কারণে অনেক হিজড়া সরকারের এই কর্মসূচির সুফল পাচ্ছে না। সব হিজড়া যাতে সরকারের কর্মসূচির আওতায় আসে, তা দেখতে হবে।
মূল সমস্যা হচ্ছে, হিজড়াদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এই নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। ব্যাপক প্রচারণা চালিয়ে হিজড়াদের সম্পর্কে মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে, তা দূর করতে হবে। সামনেই নির্বাচন। জনগণের ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার গঠিত হবে। যারাই সরকার গঠন করুক, তাদের কাছে আমাদের প্রত্যাশা, হিজড়া জনগোষ্ঠীর দাবিগুলো তারা মেনে নেবে। তাদের জীবনমানের উন্নয়নে তারা কার্যকর পদক্ষেপ নেবে।