অবাস্তবায়িত শিক্ষানীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতে সরকার বদলের কারণে শিক্ষানীতি কিংবা কমিশনের সুপারিশ বাস্তবায়িত না হওয়ার ভূরি ভূরি নজির রয়েছে। ওই সব শিক্ষানীতি প্রকাশের পর নতুন সরকার এসে তা গণবিরোধী আখ্যা দিয়ে কিংবা বাস্তবায়নযোগ্য নয় বলে বাতিল করে দিয়েছে। কিন্তু ২০১০ সালে প্রয়াত শিক্ষাবিদ কবীর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির প্রণীত জাতীয় শিক্ষানীতির বেলায় সে কথা খাটে না। এই শিক্ষানীতি ঘোষণাকালে যে সরকার এবং শিক্ষামন্ত্রী ছিলেন, এখনো তাঁরাই আছেন। তাহলে এই শিক্ষানীতি বাস্তবায়ন না হওয়ার কারণ কী?

জাতীয় শিক্ষানীতিতে শিক্ষাব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন ছিল প্রাথমিক শিক্ষার স্তর পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিতে উন্নীত করার সুপারিশ। এটি করা হয়েছিল ১৯৭৪ সালের ড. কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের সুপারিশের আলোকে। কিন্তু আট বছর পরও সেই নীতি বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ ব্যাপারে সরকার অবকাঠামোগত দুর্বলতার দোহাই দিলেও মূল সমস্যা রাজনৈতিক সিদ্ধান্তের। নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করলে পঞ্চম শ্রেণি ও দশম শ্রেণিতে এখন যে পাবলিক পরীক্ষা আছে, সেটি থাকবে না। তখন মাধ্যমিক শিক্ষার স্তর হবে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। কিন্তু সরকারের নীতিনির্ধারকেরা কোনোভাবেই পঞ্চম শ্রেণিতে পাবলিক পরীক্ষা তুলে নিতে চাইছেন না। 

 এ ছাড়া শিক্ষানীতি বাস্তবায়নের জন্য যে আইন প্রয়োজন, সেটিও অজ্ঞাত কারণে ঝুলে আছে। প্রস্তাবিত শিক্ষা আইনে নোট বই, গাইড বই, কোচিং বন্ধের বিধান আছে। অভিযোগ আছে, যে স্বার্থান্বেষী মহল নোট বই, গাইড বই ও কোচিংয়ের পক্ষে; তারাই আইনটি পাস করতে দিতে চাইছে না। শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে ২০১০ সালে। এখন ২০১৮ সাল। এই আট বছরে শিক্ষানীতিতে যে কাঠামোগত পরিবর্তনের কথা ছিল, সে কাজ শুরু না হওয়া দুর্ভাগ্যজনক। এতে প্রমাণিত হয় যে সরকার যুগের চাহিদা অনুযায়ী একটি শিক্ষানীতি প্রণয়ন করলেও সেটি বাস্তবায়নের কোনো আগ্রহ তাদের নেই।

এ ছাড়া শিক্ষানীতিতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের আলোকে শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কথা বলা হলেও এর কোনো প্রতিফলন পাঠ্যবইয়ে দেখা যাচ্ছে না। বরং আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করলাম, ২০১৭ সালে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই থেকে মুক্তচিন্তার বেশ কিছু প্রবন্ধ, গল্প, কবিতা বাদ দেওয়া হয়েছে। এই কাজটি করা হয়েছে হেফাজতে ইসলাম নামে একটি মৌলবাদী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে। এ ব্যাপারে শিক্ষানীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং সরকারের সমর্থক শিক্ষাবিদ ও লেখক-বুদ্ধিজীবী হিসেবে যারা পরিচিত, তাঁদের প্রবল আপত্তিও উপেক্ষা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণিতে উন্নীত করার পক্ষে যুক্তি ছিল যে একটি শিশুকে জ্ঞানের জগতের সঙ্গে মোটামুটি পরিচিত করাতে এবং জ্ঞানের প্রতি আগ্রহ জাগাতে ন্যূনতম আট বছর পড়াশোনা করতে হয়। সরকার যদি নিজের সিদ্ধান্তই বাস্তবায়ন না করবে তাহলে বহু ঢাকঢোল পিটিয়ে শিক্ষানীতি প্রণয়ন করা হলো কেন? কোমলমতি শিক্ষার্থীদের ওপর পরীক্ষা ও বইয়ের বোঝা চাপানোর ফল কখনো ভালো হয় না। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষানীতি বাস্তবায়ন ও শিক্ষা আইন প্রণয়নের কাজটি প্রক্রিয়াধীন। এই কাজ কত দিন প্রক্রিয়াধীন থাকবে, আর কত দিনে আলোর মুখ দেখবে, সেই প্রশ্নটি রাখা নিশ্চয়ই অন্যায় হবে না।   

তবে প্রাক্-প্রাথমিক শিক্ষা চালু, সবার জন্য নির্ধারিত কিছু বই রাখাসহ শিক্ষানীতির কয়েকটি বিষয় বাস্তবায়িত হয়েছে। সরকার বছরের প্রথম দিন লাখ লাখ শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে বই পৌঁছে দিচ্ছে। এসব ভালো পদক্ষেপ সত্ত্বেও শিক্ষার মৌলিক কাঠামো পরিবর্তন করতে না পারলে ঘোষিত শিক্ষানীতির উদ্দেশ্য সফল হবে না।