ব্লগার রাজীব হায়দারের নির্মম হত্যাকাণ্ড আমাদের প্রচণ্ড ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। পেশায় স্থপতি এই ব্লগার ‘আমার ব্লগ’, ‘সামহোয়ারইন’ আর ‘সচলায়তন’সহ বিভিন্ন ব্লগে যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লিখতেন। মৃত্যুর মাত্র আট ঘণ্টা আগেও তিনি জামায়াত-শিবির ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলো বর্জনের কথা লিখেছেন, লিখেছেন শাহবাগ আন্দোলন নিয়ে। প্রতিদিনের মতো শুক্রবারও তিনি শাহবাগের সমাবেশ থেকে বাসায় ফিরছিলেন। কিন্তু সে রাতেই হত্যাকারীদের পাশবিক হাত থামিয়ে দিয়েছে ৩৫ বছরের এই টগবগে তরুণের সব প্রাণচাঞ্চল্য! রাজীবের হত্যাকাণ্ডের জন্য যৌক্তিকভাবেই জামায়াত-শিবিরকে দায়ী করা হচ্ছে। জামায়াত-শিবিরের পক্ষ থেকে কয়েক সপ্তাহ ধরে পুলিশ ও সাধারণ জনগণের জানমালের ওপর হামলাসহ নানা উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায়ের আগে তাদের পক্ষ থেকে এমনকি দেশে গৃহযুদ্ধের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। জামায়াতের এসব কর্মকাণ্ডে বিক্ষুব্ধ এ দেশের তরুণ সমাজ একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ চত্বরে অভূতপূর্ব গণজাগরণ ঘটিয়েছে। শাহবাগ চত্বরে কিংবা সাইবার যুদ্ধে যুদ্ধাপরাধীদের বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল রাজীবের। ধারণা করা হচ্ছে, এ কারণেই একাত্তরের যুদ্ধাপরাধীদের পক্ষের লোকদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন রাজীব।আমরা রাজীবের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজীবের হত্যাকারীদের অবিলম্বে খুঁজে বের করে বিচার করা এখন সরকারের প্রাথমিক দায়িত্ব হয়ে পড়েছে। শাহবাগ চত্বরে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সারা দেশে এখন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ সতর্কতার পরিচয় দিতে হবে। পুলিশের পাশাপাশি প্রয়োজনে বিজিবির সদস্যদের এ কাজে নিয়োজিত করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারের আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী যেকোনো তৎপরতা কঠোর হাতে দমন করতে হবে। এই বিচারের চেতনাকে যেকোনো মূল্যে প্রোজ্জ্বল রাখতে হবে। সাধারণ নাগরিক হিসেবে আমাদের রাজীবের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে হবে। এ দেশে অতীতে শহীদ আসাদ বা নূর হোসেনের মৃত্যুর পর হাজারো আসাদ ও নূর হোসেনের জন্ম হয়েছে। আমি নিশ্চিত, রাজীবের মৃত্যু একইভাবে লাখো তরুণের মনে যুদ্ধাপরাধীবিরোধী চেতনাকে আরও শাণিত ও শক্তিশালী করবে। এর লক্ষণ আমরা ইতিমধ্যে শাহবাগে লক্ষ করেছি। রাজীব হত্যার মতো এত বড় উসকানিমূলক ঘটনার পরও শাহবাগের তরুণেরা শান্তিপূর্ণভাবে তাঁদের দৃঢ় ও অবিচল প্রতিক্রিয়া জানিয়েছেন। এই তরুণেরা ইতিমধ্যে আমাদের নানাভাবে বিস্মিত করেছেন। তাঁদের দেশপ্রেম, আত্মত্যাগ, ঐক্য, পরিণত চিন্তা শাহবাগ গণজাগরণকে সারা বিশ্বে এক অতুলনীয় মর্যাদায় অধিষ্ঠিত করেছে। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং এ দেশে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাঁদের থেমে থাকার কোনো কারণ নেই। এসব দাবি আদায় করা সম্পন্ন হলে তরুণেরা একসময়ে দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে জনসংগ্রাম গড়ে তোলার দুরূহ দায়িত্ব পালনেও আত্মবিশ্বাসী হবেন বলে আমি মনে করি।শাহবাগের তরুণদের এ দেশের এবং বিদেশের বাঙালিরা নানাভাবে সমর্থন করছেন, নানাভাবে এই আন্দোলনের সঙ্গে তাঁদের একাত্মতা ঘোষণা করছেন। আমাদের এই ঐক্যবদ্ধ চেতনার একটি বড় প্রকাশ হতে পারে সোমবারে ডাকা জামায়াতে ইসলামীর হরতাল প্রতিরোধ করার মধ্য দিয়ে। এদিন সবাইকে রাস্তায় নেমে আসার এবং অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্য সব প্রতিষ্ঠান খোলা রাখার ডাক দিয়েছেন শাহবাগের তরুণেরা। আমাদের সবার নৈতিক দায়িত্ব হবে এদিন নিজ নিজ কার্যালয় এবং প্রতিষ্ঠানে কার্যক্রমে অংশ নিয়ে এই হরতালকে ‘না’ বলা। মনে রাখতে হবে, জামায়াতের ডাকা হরতালের অন্যতম দাবি হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বিলুপ্ত করা। এই দাবি দেশের সংবিধান ও আইনবিরোধী এবং জনপ্রত্যাশার প্রতি চূড়ান্ত অবমাননাকর। একে আমাদের রুখতে হবে। শাহবাগের তারুণ্যের শক্তি আমাদের আশাবাদী করেছে, আত্মপ্রত্যয়ী করেছে, আশ্বস্ত করেছে। অতীতে এ ধরনের শক্তিকে দলবিশেষের স্বার্থে জলাঞ্জলি দেওয়ার বা ব্যবহার করার অপচেষ্টা হয়েছে। সে ধরনের তৎপরতা হলে শাহবাগ তা রুখে দিয়ে তাদের আন্দোলনকে সফল লক্ষ্যে নিয়ে যেতে পারবে বলে আমরা আশাবাদী। এ দেশে যুদ্ধাপরাধীদের বিচার হলে এবং সব সাম্প্রদায়িক শক্তি বিলুপ্ত হলে এই তরুণদের আত্মত্যাগ বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ব্লগার রাজীবের আত্মত্যাগও তাতে আরও বেশি মহিমান্বিত করবে। রাজীবের হত্যাকারীদের জানানো উচিত, রাজীবের দৈহিক মৃত্যু ঘটানো সম্ভব, কিন্তু তাঁর চেতনা আর বিশ্বাসকে হত্যা করা সম্ভব নয়। বরং তাঁর হত্যার মধ্য দিয়ে তাঁর চেতনা আর বিশ্বাস আজ আরও সুদৃঢ়ভাবে প্রোথিত হয়েছে মানুষের মনে। রাজীবের তাই মৃত্যু নেই!অশুভ এক অন্ধকার রাজীবকে নিয়ে গেছে শাহবাগের সব আলো থেকে অনেক দূরে। তবু কি তিনি নেই আর! আছেন। বহুদূর থেকে তিনি বরং হয়ে উঠেছেন শাহবাগের সবচেয়ে অবিনশ্বর আলো!আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।