অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধিক খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলসহ নানা অপকর্মে জড়িত হিসেবে অভিযুক্ত এক সাংসদ ও টাঙ্গাইলের মেয়রসহ চার ভাইকে এখন আর খুঁজে পাচ্ছে না পুলিশ। প্রথম আলোর প্রতিবেদন বলছে, সাংসদ আমানুর রহমান খান ও পৌর মেয়র সহিদুর রহমান খানকে পুলিশ খুঁজছে আর বাকি দুই ভাই দেশের বাইরে পালিয়ে গেছেন। এই খান পরিবারের সদস্যরা টাঙ্গাইলে ত্রাসের রাজত্ব কায়েম করলেও পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
এই চার ভাইয়ের সবাই সরকারি দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সেটা তাঁদের সব অপকর্মে শক্তি জুগিয়েছে। তাঁরা এতটাই স্বেচ্ছাচারী হয়ে পড়েছিলেন যে, অভিযোগ উঠেছে নিজ দলের স্থানীয় নেতাকে খুন করতেও তাঁদের বাধেনি। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমদকে খুনের দায়ে শেষ পর্যন্ত তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফারুক হত্যাকাণ্ডে এই চার ভাইয়ের সংশ্লিষ্টতার ব্যাপারে প্রায় তিন মাস আগেই তথ্য–প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল পুলিশ। পুলিশের সদর দপ্তর ও বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে প্রতিবেদন পাঠানো হয়েছে, সেখানেও এই চার ভাইয়ের বিরুদ্ধে এসব অপকর্মের বিস্তারিত বর্ণনা রয়েছে।
আমরা আশা করি, আইন তার নিজের গতিতে চলবে এবং অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করা হবে। পুলিশ কতটা দ্রুত কাজটি করে, সেটাই এখন দেখার বিষয়। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, টাঙ্গাইলের এই খান পরিবারের চার ভাইয়ের বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগ ওঠার পরও সরকারি দলের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত তিন ভাইয়ের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাংসদ আমানুর রহমান খান জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক, পৌর মেয়র সহিদুর রহমান খান টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানিয়াত খান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার কথা বলা হচ্ছে অথচ তাঁদের ব্যাপারে ক্ষমতাসীন দল নীরব। এই দ্বিমুখী নীতি অপরাধ দমন কিংবা আইনের শাসন প্রতিষ্ঠার সহায়ক নয়।