পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা না করেই মাদারীপুরে জনবসতির কাছে ফসলি জমিতে স্থাপন করা হয়েছে ছোট-বড় ১৭টি স্বয়ংক্রিয় চালকল। এসব চালকলের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি, দূষিত হচ্ছে খাল–বিল ও নদী। ধোঁয়া ও ছাইয়ে গাছপালার পাতা কালো হয়ে যাচ্ছে। বয়স্ক ও শিশুরা ভুগছে শ্বাসকষ্টে। এ চালকলের মালিকেরা প্রভাবশালী এবং তাঁরা আগে চালকল স্থাপন করেছেন, তারপর খাদ্য অধিদপ্তরে আবেদন করেই উৎপাদন শুরু করেছেন।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, জেলায় ছোট-বড় মিলিয়ে স্বয়ংক্রিয় ২০টি চালকল রয়েছে। এর মধ্যে সদর ও কালকিনির তিনটি কারখানা ছাড়া বাকি ১৭টির একটিও পরিবেশের নিয়মনীতি মেনে স্থাপন করা হয়নি। বর্জ্য পরিশোধনের ব্যবস্থা না থাকায় চালকলের বর্জ্য ফেলা হচ্ছে কুমার নদের পাড়ে। এ কারণে নদের একটি অংশ ইতিমধ্যে ভরাট হয়ে গেছে।
রাজৈর উপজেলায় তাঁতিকান্দি নামের একটি গ্রামেই স্থাপন করা হয়েছে চারটি চালকল। এ গ্রামের বাসিন্দারা জানান, মিলের কাছাকাছি ১০ মিনিট দাঁড়ানো যায় না। ছাই উড়তে থাকে পুরো এলাকায়। গাছপালার পাতা কালো হয়ে গেছে। গাছে নতুন করে কোনো ফল ধরে না। এলাকায় বৃদ্ধ ও শিশুরা শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছে।
কারখানাগুলোর ভেতরকার পরিবেশও অত্যন্ত অস্বাস্থ্যকর। কালো ধোঁয়া ও ছাইয়ের আস্তরের ভেতরে কোনো রকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের কাজ করতে হয়। ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন তাঁরা। চালকলের মালিকদের দাবি, শ্রম মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তরসহ সব ধরনের লাইসেন্স নিয়ে তাঁরা কারখানা চালাচ্ছেন। কিন্তু খাদ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথমে মালিক জমি নির্ধারণ করে চালকল স্থাপন করেন, পরে দলিলের কপি, বিদ্যুৎ বিলের কপি, পরিবেশের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে খাদ্য অধিদপ্তরের নির্ধারিত প্রকৌশলীর কাছে আবেদন করেন। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, তিন-চারটি স্বয়ংক্রিয় চালকলের ছাড়পত্র আছে। কয়েকটির আবেদন করা আছে। তবে ছাড়পত্র নিয়েছেন তাঁদের বেশির ভাগই নবায়ন করছেন না। সময়ের অভাবে তাঁরা সেগুলো পরিদর্শন করতে পারছেন না।
লোকালয়ের পাশে ও কৃষিজমিতে চালকলগুলো স্থাপন নিয়ে খাদ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের বক্তব্যে অসামঞ্জস্যের পাশাপাশি দায়িত্বে অবহেলার বিষয়টিও স্পষ্ট। এখানে প্রশ্ন হলো, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র মিলমালিকেরা কী করে সংগ্রহ করলেন? আবার খাদ্য অধিদপ্তর যখন জেনেছেই মিলমালিকেরা আগে চালকল স্থাপন করেন, তারপর অনুমতির আবেদন করেন, তারপরও কেন তারা সেগুলোর অনুমতি দিয়েছে। সরকারের দুই বিভাগের মধ্যে কেন এ সমন্বয়হীনতা? পরিবেশবিনাশী ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর চালকলগুলোর বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। খাদ্য ও পরিবেশ অধিদপ্তর যে ব্যাখ্যা দিয়েছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়।