বৃক্ষের সঙ্গে অন্যায়ের বড় মিল। ক্ষুদ্র আণুবীক্ষণিক বীজ থেকে উদ্গত অঙ্কুর যেমন বাধা না পেলে কালক্রমে মহিরুহ হয়ে ওঠে, তেমনি অন্যায়ও অঙ্কুর পর্যায়ে বাধাপ্রাপ্তির বদলে ক্ষমতার ‘সার–সেচ’ পেলে দ্রুত শিকড় গাড়ে ও বিশাল শাখা–প্রশাখা বিস্তার করে। দীর্ঘদিনের বাধাহীনতায় সেই অন্যায় সামাজিকভাবেও সহনীয়তার স্বীকৃতি পেতে থাকে এবং একসময় তা এতটাই প্রতিষ্ঠিত হয়ে পড়ে যে তাকে অপসারণ করা সুবিশাল বটবৃক্ষ উৎপাটনের চেয়ে দুঃসাধ্য হয়ে পড়ে।
বাগেরহাটে প্রবহমান হোজির নদে বাঁধ দিয়ে দশকের পর দশক পরম্পরা ভিত্তিতে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা–কর্মীদের মাছ চাষ তেমনই একটি সর্বজনসহনীয় ঐতিহ্যবাহী অন্যায়ের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে, সদর উপজেলার সাড়ে আট কিলোমিটার দীর্ঘ হোজির নদের ডেমা ইউনিয়ন অংশের ৬ কিলোমিটার আটকে মাছ চাষ করা হচ্ছে। বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষকে বছরের পর বছর দুর্ভোগে রেখে আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী সমন্বিতভাবে এই অন্যায় কাজটি চালিয়ে যাচ্ছেন। এতে আশপাশের কৃষিকাজ ও মাছ চাষের ক্ষতি হচ্ছে। বাঁধের কারণে বর্ষা মৌসুমে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। অবৈধ বাঁধের কারণে নদে জোয়ার-ভাটায় স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। সেতুর নিচে আটকে দেওয়া বাঁধের ওপর খুপরি ঘরও বানিয়েছেন মাছচাষিরা। সেখানে মাছের খাবারসহ বিভিন্ন মালামাল রাখা রয়েছে।
২০১৭ সালের ১০ মে তৎকালীন সদর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ওই সেতুর নিচের বড় বাঁধটি অপসারণ করেছিল। তবে মাস না যেতেই সেখানে আবার বাঁধ দেন তাঁরা। এর মধ৵ দিয়ে দখলদারদের ক্ষমতার ব্যাপ্তি সম্পর্কে আন্দাজ করা যায়। বহু বছর ধরে এভাবে চলছে। যখন যে সরকার ক্ষমতায় আসে, তাদের লোকজন মাছ চাষ করেন। এখানে সাধারণ মানুষের বলার কিছু নেই।
এই অন্যায় দখলদারি এতটাই প্রতিষ্ঠা পেয়েছে যে এ বিষয়ে দখলদারেরা ন্যূনতম রাখঢাকের তোয়াক্কা করেন না। এ বিষয়টি রবিউল ইসলাম নামের একজন দখলদারের বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, ‘প্রায় ৫০ বছর ধরে এখানে মাছ চাষ করা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা ঘের করা শুরু করি।...কেউ কখনো আমাদের খাল দখল করে ঘের করতে নিষেধ করেনি।’ এ অবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় অবিলম্বে এই বাঁধ উচ্ছেদ করে নদের স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।