১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করার পর বলা হয়েছিল, ওই সব বিদ্যালয়ের জমি সরকারের কাছে হস্তান্তরিত হবে। কিন্তু এ বিষয়ে বিস্ময়কর গাফিলতির তথ্য উদ্ঘাটিত হয়েছে। ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি গত ৪১ বছরেও সরকারের আওতায় আনার কোনো প্রশাসনিক বা আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সেসব জমি কাগজ-কলমেই বেহাত হয়ে গেছে, অর্থাৎ অন্যদের নামে জমিগুলো রেকর্ড করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় উপকমিটি এ রকম সাতটি বিদ্যালয় পরিদর্শন করেছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। ঢাকার একটি বিদ্যালয়ের জায়গা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দিচ্ছেন, পরিদর্শকেরা এটা সরেজমিনে জেনেছেন। বেহাত হওয়া সব জমি যে লেখাপড়ার কাজে ব্যবহৃত হচ্ছে না, এটা বলাই বাহুল্য। এই বেআইনি দখলবাজির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কর্তব্য।
সবচেয়ে জরুরি কাজ বেহাত হওয়া জমিগুলো পুনরুদ্ধার করে সরকারি মালিকানায় নেওয়া এবং সেগুলোকে শিক্ষার কাজেই ব্যবহার করা। এ ব্যাপারে জটিলতা রয়েছে আইনি প্রক্রিয়ায়; কেননা, আইন প্রয়োগের মাধ্যমে যেকোনো বেহাত জমি পুনরুদ্ধার করতে গেলে আদালতের শরণাপন্ন হতে হয় এবং মামলা চলে দীর্ঘ সময় ধরে।
সংসদীয় উপকমিটি তাই সংগতভাবেই সুপারিশ করেছে, আইনি প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির ওপর জোর দিতে হবে। যেহেতু এসব জমির প্রকৃত মালিক সরকার, তাই সরকার তৎপর হলে আইনি প্রক্রিয়া নিষ্পত্তির ক্ষেত্রে কালক্ষেপণ এড়ানো অবশ্যই সম্ভব। এ জন্য বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, কোনো রকমের গাফিলতির সুযোগ আর নেই। বিভিন্ন স্থানে প্রভাবশালী ব্যক্তিরা এসব জমি দখল করে আছেন; তাঁদের প্রভাবের কাছে সরকারের উদ্যোগ যেন ব্যর্থ হয়ে না যায়, সেটা নিশ্চিত করা জরুরি।
বিদ্যালয়গুলোর জমি বেহাত হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গাফিলতির কারণে। সুতরাং তা পুনরুদ্ধারের দায়িত্ব তাদেরই।