অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তা ও ফুটপাত গাড়ি এবং পথচারী চলাচলের জন্য; নানা কিসিমের পসরা সাজিয়ে বসার জন্য নয়। এখানে গাড়ির চালক ও পথচারী—উভয়ের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যই একমাত্র বিবেচ্য। সভ্য বিবেচনা বলবে, সেখানে আর কারও দাবি প্রাধান্য পেতে পারে না।

কিন্তু বাংলাদেশের বহু সড়কের ফুটপাতের বাস্তব অবস্থা ভিন্ন। সেই ভিন্ন অবস্থার সঙ্গে মিল রেখে গাইবান্ধায় সদ্য নির্মিত চার লেনের সড়কে ফুটপাত দখলের চিরকালীন ‘দাবি’ ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে।

শহরের বড় মসজিদ মোড় থেকে পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত বহুপ্রত্যাশিত আড়াই কিলোমিটার চার লেন সড়কের নির্মাণকাজ সম্প্রতি শেষ হয়েছে। এতে যান চলাচলও শুরু হয়েছে। তবে এখনো সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। কিন্তু এর মধ্যেই এই সড়কের ফুটপাত দখল হয়ে গেছে।

ব্যস্ততম ডিবি রোডের পূবালী হোটেলের সামনের ফুটপাতে পুরোনো কাপড়ের দোকান, পৌর পার্ক ঘেঁষে চটপটি ও ফুচকার দোকান উঠেছে। হকার্স মার্কেটের সামনে সদ্য নির্মিত নর্দমার ওপর ফলের দোকান গড়ে তোলা হয়েছে। এতে সব সময় যানজট লেগে থাকছে। যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

সবার সামনে এভাবে ফুটপাত দখল হলেও কেউ কিছুই বলছে না। অথচ এই বেআইনি দোকান উচ্ছেদের বিষয়ে কোনো ধরনের আপস করার কথা ছিল না।

অনেকে নৈতিকতা ও মানবিকতার প্রসঙ্গে টেনে বলে থাকেন, ফুটপাতে যাঁরা ব্যবসা করেন, তাঁরা বাধ্য হয়েই করেন। উচ্ছেদ করলে তাঁদের না খেয়ে মরতে হয়। এই ভাষ্য আবেগমথিত এবং ভুল। সরকার অথবা প্রশাসন অথবা জনপ্রতিনিধিরা হকারদের রুজিরুটি রক্ষায় চিন্তিত হতেই পারেন। কিন্তু সেই রুজি নিশ্চিত করার পন্থা ফুটপাত দখল করতে দেওয়া নয়। ফুটপাত যদি দোকানদারির কারণে বেদখল হয়ে যায়, তাহলে অবধারিতভাবে পথচারী রাস্তা দিয়ে চলাচল করবেন। তাতে রাস্তায় পথচারীর যে আধিক্য তৈরি হবে, তা গাড়িচালকদের বিভ্রান্ত করবে এবং দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যাবে।

ফুটপাতে হাঁটতে না পারার কারণে রাস্তায় নেমে যে পথচারী দুর্ঘটনার শিকার হবেন, এর দায় কে নেবে? আর যে-ই নিক, অন্তত আসল দায়ী ব্যক্তি, অর্থাৎ ফুটপাতের ওপর দোকান সাজিয়ে বসা ব্যক্তিরা নেবেন না। সে কারণে গাইবান্ধার নতুন সড়কের ফুটপাত থেকে দখলদারদের উচ্ছেদ করা হোক।

মনে রাখা দরকার, ফুটপাতে একমাত্র অধিকার পথচারীর। তাঁদের সেই অধিকার ফিরিয়ে দেওয়াই বিধেয়। সে ক্ষেত্রে উচ্ছেদই একমাত্র দাওয়াই।