সরকার ভাবছে শক্তি প্রয়োগ করেই রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটানো যাবে। কিন্তু এটা যে সম্ভব নয়, তা সবাই বোঝেন। শুধু একটি হিসাবই যথেষ্ট। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালের ৬২ দিনে পেট্রলবোমা ও অন্যান্য সহিংসতা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত ১১৮ জনকে প্রাণ দিতে হয়েছে। মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। কী করছে সরকার? সহিংসতা ও মৃত্যু যে বলপ্রয়োগের মাধ্যমে বন্ধ করা যায় না, তা স্বীকার করে এখন সমঝোতার সুযোগ সৃষ্টিই প্রধান কর্তব্য।
এ দায়িত্ব শুধু সরকারের নয়। বিএনপিকেও বুঝতে হবে যে আন্দোলনের নামে নিরীহ মানুষ হত্যা করার চেয়ে নির্মম পদক্ষেপ আর কিছু হতে পারে না। নাশকতার পথ পরিত্যাগের সুস্পষ্ট ঘোষণা তাদের দিতে হবে। বিএনপির হরতাল-অবরোধ কেউ মানছে না। শুধু আকস্মিক পেট্রলবোমার আশঙ্কায় আন্তজেলা যাতায়াত কিছুটা কম। একে আন্দোলন বলে দাবি করার কোনো ভিত্তি থাকতে পারে না। মানুষ মেরে মানুষের আস্থা ধরে রাখা যায় না। রাজনীতির এই সহজ পাঠ তাদের অবশ্যই গ্রহণ করতে হবে।
জাতিসংঘের মহাসচিব ও ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত সংকট উত্তরণে প্রয়োজনে সহযোগিতার কথা বলেছেন। কিন্তু সরকারের দিক থেকে তেমন সাড়া নেই। বিদেশি কূটনীতিকেরাও একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকার ও বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের রাজনৈতিক সংকটের সমাধান আমাদেরই করতে হবে এবং বিদেশি কূটনীতিকেরাও তা স্বীকার করেছেন। তাঁরা শুধু প্রভাবকের কাজ করতে পারেন। সেখানে আমাদের এত অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের ব্যর্থতা ক্ষমার অযোগ্য।
সরকার ও বিএনপির পক্ষ থেকে একটি যুগপৎ ঘোষণা পরিস্থিতির মোড় ঘুড়িয়ে দিতে পারে। বিএনপি তাদের অবরোধ-হরতাল বন্ধের ঘোষণা দেবে। আর সরকার বিএনপির মূল নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তঁাদের কারাগার থেকে মুক্তি দেবে। এরপর সমঝোতা ও সংলাপ শুরু হতে পারে।