অবিস্মরণীয় অর্থ পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) বছরে বছরে বিশ্বের উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে অর্থ পাচারের প্রতিবেদন প্রকাশ করে আসছে। তাদের প্রতিবেদন জানাচ্ছে, ২০১৩ সালে পাচার হয়েছিল প্রায় ৭৬ হাজার ৩৬২ কোটি টাকা। এই অর্থ চলতি অর্থবছরে পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি ও পানিসম্পদ খাতের উন্নয়ন বাজেটের সমান। আমরা সেবা পাওয়ার বিনিময়ে কী পরিমাণ ভ্যাট, কর, সারচার্জ দিচ্ছি এবং কী মাত্রায় সম্পদ বিদেশে চলে যাচ্ছে, তার তুলনা করলে গভীর হতাশায় নিমজ্জিত হতে হয়।

এদিকে অর্থমন্ত্রী বলেছেন, অর্থ পাচারের কারণে বেসরকারি খাতে বিনিয়োগ কমছে। পাশাপাশি কমছে প্রবাসী আয়ও। এ দুই কারণে ঝুঁকির মধ্যে পড়বে আগামী অর্থবছর। দেশে বিনিয়োগ হচ্ছে না, ফলে নতুন কর্মসংস্থানও হচ্ছে না; অন্যদিকে ব্যাংকের টাকা পাচার হচ্ছে, নজিরবিহীন ঋণখেলাপি হচ্ছে, নজিরবিহীন মুদ্রা পাচার চলছে। সুইস ব্যাংকগুলোতে ভারতের অর্থ কমলেও বাংলাদেশের অর্থ গত এক বছরে বেড়েছে ১০ শতাংশের বেশি!

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে অর্থ পাচার বেড়ে যায়। তাহলে কি বাংলাদেশের ধনিক শ্রেণি এ দেশে তাদের অর্থ বিনিয়োগ নিরাপদ ভাবছে না? তারাই যদি এটা ভাবে, তাহলে বিদেশিরা কী ভাবতে পারে? দেশে বিনিয়োগের ক্ষেত্রে আস্থাহীনতা সৃষ্টি হলো কেন? কোনো দেশে গণতন্ত্র, স্থিতিশীলতা ও সুশাসন থাকলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে না। প্রতিবছর অর্থ পাচারে রেকর্ড হচ্ছে, প্রতিবছরই সরকার আশ্বাস দিয়ে যাচ্ছে। এ বছরও আইনমন্ত্রী প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাঁরা যদি বিনিয়োগকারীদের আস্থা দিতে পারতেন, আর্থিক খাতে আইনের শাসন কায়েম করতেন, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না।

দেশের যা কিছু উন্নয়ন, তা ধরে রাখতে হলে মুদ্রা পাচার কমিয়ে আনতেই হবে। তার জন্য সরাসরি অর্থ প্রেরণ সহজীকরণ, বিনিয়োগের আস্থার পরিবেশ সৃষ্টি এবং আর্থিক অনিয়মের বিষয়ে কঠোরতা জরুরি। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?