ইউরোপ থেকে অবৈধ লোকজনকে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখবে বলে যে সংবাদ বের হয়েছে, সেটি আমাদের জন্য স্বস্তিদায়ক নয়। কিন্তু তার চেয়েও উদ্বেগের খবর হলো, গত বুধবার ব্রাসেলসে যৌথ কমিশনের বৈঠকের পর সংস্থাটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, এ ব্যাপারে বাংলাদেশকে এসওপির (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে চলতি জুলাইয়ের মধ্যেই। অথচ বৈঠকে ওই প্রক্রিয়া সেপ্টেম্বরে চূড়ান্ত করার কথা বলা হয়েছিল।
গত বছর ইইউ থেকে অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নিতে যে এসওপির (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ, তাতে সংশোধনী আনলেও তারা তা আমলে নেয়নি। এ অবস্থায় সংস্থাটি নতুন শর্ত জুড়ে দেয়। ইইউর কর্মকর্তারা বলেছেন, তালিকা অনুযায়ী দুই দিনের মধ্যে আটক লোকজনের পরিচয় নিশ্চিত করতে হবে, অন্যথায় ওই সময়সীমা শেষে তঁাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই প্রস্তাব অযৌক্তিক। ৪৮ ঘণ্টার মধ্যে কারও পরিচয় বাংলাদেশের নথি থেকে যাচাই করে নিশ্চিত করা বাস্তবসম্মত নয়।
ইউরোপীয় কমিশনের (ইসি) দাবি, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশিকে অবৈধভাবে প্রবেশের সময় আটক করা হয়েছে। আর চলতি বছর আটক হয়েছেন ৮ হাজার। এই সংখ্যার যথার্থতা নিয়েও প্রশ্ন আছে।
এখানে যে প্রশ্নটি জরুরি তা হলো ব্রাসেলস বৈঠকের আগে আমাদের কূটনীতিকেরা কী করেছেন? তাঁরা কি সমস্যার গভীরতা উপলব্ধি করতে পারেননি? পারলে তঁারা কী পদক্ষেপ নিয়েছেন? এ ব্যাপারে সরকারের অবস্থানও স্পষ্ট হওয়া প্রয়োজন। সমস্যা এড়িয়ে বা অস্বীকার করে এর সমাধান পাওয়া যাবে না। অন্যদিকে ইইউকেও বুঝতে হবে, ১৫ দিনের মধ্যে এই বিপুলসংখ্যক অভিবাসীর এসওপি সম্ভব নয়। দেশি-বিদেশি দালালদের খপ্পরে পড়ে যাঁরা বিদেশে দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাঁদের কিছুটা সময় দিতে হবে। আর সরকারের কর্তব্য হবে প্রত্যাগত ব্যক্তিদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। এ ক্ষেত্রে ইইউর কাছে সহায়তা চাওয়া যেতে পারে। আফ্রিকার দেশগুলোতে তারা এ ধরনের সহযোগিতা দিয়ে আসছে।
তবে ইইউ শ্রম অধিকার ও রাজনৈতিক অধিকারের বিষয়ে যেসব প্রস্তাব দিয়েছে, তার সঙ্গে দ্বিমতের সুযোগ আছে বলে মনে করি না। শুধু জিএসপি সুবিধা পাওয়া নয়, দেশের গণতান্ত্রিক চরিত্র পুনরুদ্ধারেও এটি অপরিহার্য।